একধাপ এগিয়ে নারাইন
হতাশামাখানো, ভুলে যাওয়ার মতো বৃষ্টিভেজা এক রাতে মনে রাখার মতো মুহূর্ত ওই একটিই। সুনীল নারাইন ও এড জয়েসের একতরফা এক ছোট্ট লড়াই, যে লড়াইয়ের সমাপ্তি জয়েসের বোল্ড আউটে। রহস্যের জাল বিছিয়ে নয়, নয় বিশাল টার্নে। ফাঁদে ফেলে, পরিকল্পনামতো বাগে এনে জয়েসকে শিকার করেছেন নারাইন, যেন বুঝিয়ে দিলেন পরিণত হতে শুরু করেছেন পরিপূর্ণ একজন স্পিনার হওয়ার পথে।খোলা চোখে দেখলে মনে হবে একটি টি-টোয়েন্টি ম্যাচে একটি বোল্ড—এই তো! কিন্তু পূর্বাপর থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটা যাঁরা গভীরভাবে দেখেছেন, নারাইনের ক্রিকেটীয় বুদ্ধিমত্তা তাঁদের মনে গেঁথে থাকবে অনেক দিন। সুপার এইটে ওঠার লড়াইয়ে পরশু প্রেমাদাসায় মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড। আগের ম্যাচের মতো এদিনও ম্যাচের প্রথম বলেই আউট আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। তিনে নেমে জয়েস ইনিংসটাকে ভালোভাবেই এগিয়ে নিচ্ছিলেন পল স্টারলিংকে সঙ্গে নিয়ে। ৫ ওভারে ১ উইকেটে ৩৩ রান তোলার পর বৃষ্টি, খেলা বন্ধ।বৃষ্টির পর ম্যাচ নেমে এল ১৯ ওভারে। শুরুতেই ড্যারেন স্যামি আক্রমণে আনলেন নারাইনকে। রহস্য স্পিনারের ৩ বলের ‘ম্যাজিক’ তখনই। প্রথম বলটি কিছুটা ফ্লাইটেড অফ স্পিন। বাঁহাতি জয়েসের লেগ স্টাম্পে পিচ করে তীক্ষ্ম টার্ন, পরাস্ত জয়েস। অল্পের জন্য ব্যাটের বাইরের কানা নিল না বল। ব্যাটসম্যানের অস্বস্তিটা ধরতে পেরে আবারও লেগ স্টাম্পে বল পিচ করালেন নারাইন। তবে এবার আরেকটু খাটো লেংথে, যাতে টার্ন আরও বেশি ভোগায় ব্যাটসম্যানকে। যথারীতি আবারও খোঁচামতো দিতে গেলেন জয়েস, আবারও অল্পের জন্য ব্যাটের কানা ছুঁল না বল।নারাইনের পরিণতিবোধের প্রমাণটা মিলল এর পরই। ব্যাটসম্যানের মনে যথেষ্ট সংশয়ের সৃষ্টি হয়েছে প্রথম দুই বলেই। লাইন-লেংথ ওই একই রকম থাকলে রান করা মুশকিল। আবার ডাউন দ্য উইকেটে এসে খেলাও আত্মহত্যার শামিল। টার্ন এত মিলছিল যে, উইকেট ছেড়ে বেরোলে স্টাম্পড হওয়ার সম্ভাবনা প্রবল। জয়েস তাই সিদ্ধান্ত নিলেন টার্নটাকে কাভার করার। নারাইন ডেলিভারি স্ট্রাইডে যাওয়া মাত্রই শাফল করে অফ স্টাম্পে চলে গেলেন জয়েস। কিন্তু ইংল্যান্ডের হয়ে ১৭টি ওয়ানডে খেলা ব্যাটসম্যানের জন্য অপেক্ষা করছিল বিস্ময়। টার্নের জন্য শাফল করলেন, কিন্তু বল টার্নই করল না!জয়েসের মনোভাব পড়তে পেরেই হোক বা পায়ের নড়াচড়া দেখে, নারাইন বুঝে ফেলেছিলেন কী হতে যাচ্ছে। ওয়াইড অব দ্য ক্রিজ গিয়ে আবারও পিচ করালেন লেগ স্টাম্পে, কিন্তু এবার সোজা বল। জয়েস বুঝতে পেরে চট করেই সুইপ করার চেষ্টা করেছিলেন। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে অনেক। বল সোজা গিয়ে লাগল লেগ স্টাম্পে। নারাইন বুঝিয়ে দিলেন, প্রকৃতিপ্রদত্ত প্রতিভার সঙ্গে এবার বুঝে উঠতে শুরু করেছেন ক্রিকেটীয় চালগুলোও।ওই তিন ডেলিভারিতে একবারও বলের কাছাকাছি যেতে পারেননি জয়েস। উইকেট সাহায্য করেছে অবশ্যই। কিন্তু সবচেয়ে বড় যেটা চোখে পড়ছে, ব্যাটসম্যানের ভাবনার চেয়ে প্রতিবারই একধাপ এগিয়ে ছিলেন নারাইন, পরিমিতিবোধের সবচেয়ে বড় প্রমাণ যেটা। অধিনায়ক ড্যারেন স্যামিও জানালেন, প্রতিদিনই নিজেকে একধাপ এগিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন নারাইন, ‘এমনিতেই অনেক কৌশল ওর জানা আছে, তার পরও প্রতিদিন নতুন কিছু শিখতে চায়। অনুশীলনে সব সময়ই নানা কিছু চেষ্টা করে। নতুন রানআপ, নতুন অ্যাকশন...প্রতি মুহূর্তেই উন্নতির চেষ্টা করে।’নারাইনের জন্য অবশ্য অপেক্ষা করছে বড় পরীক্ষা। সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজের সব কটি ম্যাচই হবে পাল্লেকেলেতে, যেখানে উইকেটে স্পিনারদের জন্য কিছুই নেই। এই পরীক্ষায় নারাইন কেমন করেন, সেটার ওপরই হয়তো নির্ভর করবে ওয়েস্ট ইন্ডিজ কত দূর যাবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে! ওয়েবসাইট।