একনজরে উসাইন বোল্ট (ভিডিও)
বহু ক্রীড়া সমালোচক মনে করেন, উসাইন বোল্ট বিশ্বের সর্বকালের সেরা দ্রুততম মানব। তিনি ১০০ মিটারে ৯ দশমিক ৫৮ সেকেন্ড ও ২০০ মিটারে ১৯ দশমিক ১৯ সেকেন্ড সময় নেন, যা এ যাবত্কালের সেরা টাইমিং। বেইজিং অলিম্পিকে তিনটি সোনা (১০০, ২০০ ও ৪০০ মিটারের দলগত ইভেন্টে) এবং লন্ডনে এখনো পর্যন্ত দুটি (১০০ ও ২০০ মিটারে) সোনা পেয়েছেন। তিনি পাঁচবার বিশ্ব রেকর্ড গড়েন। নিজেই আবার নিজের রেকর্ড ভাঙেন।বরাবরের মতো খামখেয়ালি স্বভাবের উসাইন বোল্ট একবার বলেছিলেন, ‘ছোটবেলায় খেলা ছাড়া আর কোনো কিছুই আমি চিন্তা করতে পারতাম না।’ এই খেলা যেন সবকিছু খেলার ছলে নেওয়া। জীবনের শুরুতে কোনো কিছুই খুব একটা গুরুত্বসহকারে নিতেন না তিনি। ট্র্যাকে তাঁকে দৌড়াতে দেখলে কথাটা একেবারে অমূলক মনে হয় না। বেইজিং অলিম্পিকের ১০০ মিটার চূড়ান্ত দৌড়ে শেষ রেখা ছোঁয়ার আগ মুহূর্তে হঠাত্ গতি কমিয়ে দিয়েছিলেন তিনি। তারপর কত স্বচ্ছন্দে পার হলেন ওই রেখা! এর পরও তাঁর সময় ছিল ৯ দশমিক ৬৯ সেকেন্ড। ১৯৮৬ সালের ২১ আগস্ট জ্যামাইকার শেরউড কনটেন্ট নামের ছোট্ট এক শহরে জন্মগ্রহণ করেন উসাইন বোল্ট। বাবা ওয়েলেসলি, মা জেনিফার বোল্ট, ভাই সাদেকি ও বোন শেরিনকে নিয়ে পরিবারের সঙ্গে বেড়ে ওঠা। জ্যামাইকার প্রত্যন্ত এক গ্রামে তাঁর বাবা-মায়ের মুদি দোকান ছিল। তা দিয়েই চলত তাঁদের পরিবার। ছোট বেলায় ভাইয়ের সঙ্গে গ্রামের রাস্তায় ক্রিকেট ও ফুটবল খেলে সময় কাটত বোল্টের। দৌড়বিদ হওয়ার সম্ভাবনা তিনি প্রথম জাগিয়ে তোলেন স্কুল পর্যায়ে বার্ষিক জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায়। ১২ বছর বয়সেই স্কুল পর্যায়ে ১০০ মিটার দৌড়ে দেশের দ্রুততম মানব নির্বাচিত হন। হাইস্কুলে উঠে তিনি বিভিন্ন ধরনের খেলায় উত্সাহী হয়ে ওঠেন। কিন্তু ক্রিকেট কোচ দেখলেন, বোল্ট ক্ষিপ্র গতিতে দৌড়াতে পারেন। ওই সময় অলিম্পিকের সাবেক এক স্প্রিন্টার বোল্টের অ্যাথলেটিক সামর্থ্য সম্পর্কে বুঝতে পেরে তাঁকে কেবল এদিকেই সব মনোযোগ ও শক্তি ঢেলে দেওয়ার পরামর্শ দেন। জ্যামাইকার হয়ে ক্যারিবীয় অঞ্চলের ইভেন্টে প্রথম অংশ নেন ২০০১ সালে। প্রথমবার অংশ নিয়েই ২০০ ও ৪০০ মিটারে জিতে নেন রুপা। একই বছর হাঙ্গেরিতে অনুষ্ঠিত বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপে ২০০ মিটারে অংশ নেন। কিন্তু ফাইনালে উঠতে ব্যর্থ হলেও তখন পর্যন্ত ক্যারিয়ার সেরা টাইমিং (২১ দশমিক ৭৩ সে.) করেন। ট্র্যাকে উসাইন বোল্ট:২০০২: ১৫ বছর বয়সে কিংস্টন বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে ব্যক্তিগত ২০০ মিটারে সোনা জেতেন বোল্ট। একই টুর্নামেন্টে ৪ x ১০০ মিটার ও ৪ x ৪০০ মিটার রিলেতে রুপা জেতেন তিনি।২০০৩: কানাডার শেরব্রুকেতে অনুষ্ঠিত বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপে ২০০ মিটারে সোনা জয়।২০০৪: জুনিয়র অ্যাথলেটদের মধ্যে ২০০ মিটারে প্রথম ২০ সেকেন্ডের নিচে টাইমিংয়ের (১৯.৯৩ সেকেন্ড) রেকর্ড।২০০৫: মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল চ্যাম্পিয়নশিপে ২০০ মিটারে সোনা জয়।২০০৭: ওসাকায় অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২০০ মিটারে রুপা জয়। একই টুর্নামেন্টে ৪০০ মিটার রিলেতেও (দলগত) রুপা জেতেন।২০০৮ সাল:৩১ মে: রিবক গ্রা প্রিতে ৯.৭২ সেকেন্ড নিয়ে ১০০ মিটারে বিশ্ব রেকর্ড করেন। ১৬ অগাস্ট: বেইজিং অলিম্পিকের ১০০ মিটার স্প্রিন্টে ৯.৬৯ সময়ের রেকর্ড গড়ে সোনা জয়।২০ অগাস্ট: বেইজিং অলিম্পিকের ২০০ মিটার স্প্রিন্টে ১৯.৩০ সেকেন্ড সময় নিয়ে সোনা জয়। ২৩ নভেম্বর: ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অ্যাথলেটিকস ফেডারেশনের (আইএএএফ) দৃষ্টিতে বিশ্বের সেরা পুরুষ অ্যাথলেট নির্বাচিত হন। ২০০৯ সাল: ১৬ আগস্ট: বার্লিন বিশ্ব চ্যাম্পিয়নশিপে সর্বকালের সেরা টাইমিং করে (৯.৫৮ সেকেন্ড) ১০০ মিটারে সোনা জয়। ২০ আগস্ট: ১৯.১৯ সেকেন্ড সময় নিয়ে নতুন বিশ্ব রেকর্ড করে একই টুর্নামেন্টে ২০০ মিটারে সোনা জয়। ২০১০ সাল:৬ আগস্ট: যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার টাইসন গের কাছে ১০০ মিটার ফাইনালে হেরে যান। স্টকহোমে বোল্টের এই হার ছিল ১০০ মিটারে তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় পরাজয়। ২৮ আগস্ট: দেগু বিশ্ব চ্যাম্পিয়নে ১০০ মিটারে ‘ফলস স্টার্ট’-এর কারণে ডিসকোয়ালিফাইড হয়ে বিদায় নেন। ওই ইভেন্টে সোনা জেতেন বোল্টের স্বদেশি ইয়োহান ব্লেক। ৩ সেপ্টেম্বর: একই টুর্নামেন্টে ২০০ মিটারে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট ধরে রাখেন। একই সঙ্গে ৪ x ১০০ মিটার রিলেতে ৩৭.০৪ সেকেন্ড টাইমিং করে নতুন বিশ্ব রেকর্ড করে জ্যামাইকাকে সোনা জয় করতে সহায়তা করেন। ২০১২ সাল: জুন: জ্যামাইকায় অলিম্পিক ট্রায়ালে স্বদেশি ইয়োহান ব্লেকের কাছে ১০০ ও ২০০ মিটার দুটিতেই হেরে যান। কিন্তু জ্যামাইকার অলিম্পিক দলে ঠিকই জায়গা করে নেন। ২৬ জুলাই: পেশির ইনজুরির কথা স্বীকার করেন। কিন্তু, নিজের টাইটেল ধরে রাখার ঘোষণা দেন। ৫ আগস্ট: লন্ডন অলিম্পিকের ১০০ মিটারের সোনা জয়। ৯.৬৩ সেকেন্ডের সময়টা অলিম্পিকের দ্বিতীয় দ্রুততম।৯ আগস্ট: লন্ডন অলিম্পিকের ২০০ মিটারেও সোনা জয়। সময় নেন ১৯.৩২ সেকেন্ড। বেইজিংয়ের মতো লন্ডনেও ১০০ ও ২০০ মিটারে সোনা জেতায় বলা হচ্ছে ‘ডাবল’ ডাবল জিতলেন উসাইন বোল্ট। ওয়েবসাইট অবলম্বনে।