একবিন্দুতে হাতছানি আর সম্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবিউলের জায়গায় দলে ঢুকে আজই টেস্ট ক্যাপ পরে ফেলতে পারেন আল আমিন (মাঝে)। মুশফিক-সাকিবদের অনুশীলন থেকে ফেরার পথে হয়তো সে কারণেই মাঝখানে থাকলেন দুই পেসার। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে  ষ শামসুল হক
রবিউলের জায়গায় দলে ঢুকে আজই টেস্ট ক্যাপ পরে ফেলতে পারেন আল আমিন (মাঝে)। মুশফিক-সাকিবদের অনুশীলন থেকে ফেরার পথে হয়তো সে কারণেই মাঝখানে থাকলেন দুই পেসার। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ষ শামসুল হক

ম্যাচ জিতলেই সিরিজ জয়। এই হাতছানি যেমন আছে, আছে তেমনি বাস্তব সম্ভাবনা আর সত্যিকারের আত্মবিশ্বাস। এমন টেস্ট আর কখনো আসেনি বাংলাদেশের ক্রিকেটে!
একটু ‘যদি-কিন্তু’ অবশ্য আছে। জয়টা সব সময়ই প্রত্যাশিত বলে জিম্বাবুয়ে এই হিসাবের বাইরে। ভগ্নশক্তির সেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজটিকেও আপাতত বাইরে রাখা যাক। জিম্বাবুয়ে ছাড়া আর কোনো পূর্ণশক্তির দলের বিপক্ষে সিরিজ জয়ের বাস্তব লক্ষ্য নিয়ে খেলতে নামছে বাংলাদেশ এই প্রথম!
এই সিরিজের চট্টগ্রাম টেস্টের আগে বাংলাদেশ টেস্ট ড্র করেছে আটটি। এর মধ্যে সিরিজের প্রথম টেস্ট ছিল পাঁচটি। চলুন, ওই পাঁচ টেস্ট থেকে একটু ঘুরে আসা যাক। বাস্তব সম্ভাবনার ব্যাপারটি তাহলেই পরিষ্কার বোঝা যাবে।
বাংলাদেশের প্রথম ড্র ২০০১ সালে, বঙ্গবন্ধু স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে। প্রথম ইনিংসে ৩২৪ রানে পিছিয়ে ছিল বাংলাদেশ, তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে রান ছিল ৩ উইকেটে ১২৫। চোখ রাঙাচ্ছিল ইনিংস পরাজয়। কিন্তু ম্যাচের শেষ দুই দিন ভেসে গেল বৃষ্টিতে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট জয়ও তখন বাংলাদেশের সুদূরতম কল্পনায় নেই। পরের টেস্টে বাংলাদেশ হারে ৮ উইকেটে।
এরপর ২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট লুসিয়া টেস্ট। প্রকৃতির আনুকূল্য ছাড়া, মাঠের পারফরম্যান্সে সেটি ছিল বাংলাদেশের প্রথম ড্র। প্রথম ইনিংসে লিড নিয়েছিল বাংলাদেশ, দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন তিনজন। দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ারও করেছিল বাংলাদেশ। তার পরও পরের টেস্টে বাংলাদেশ জিতে যাবে, এমন ভাবার লোক বাংলাদেশ দলেও কেউ ছিলেন কি না সন্দেহ। টেস্ট ড্র হওয়ার পর ক্যারিবিয়ান অধিনায়ক ব্রায়ান লারা তো প্রকাশ্যে ঘোষণা দিলেন, পরের টেস্ট জিততে না পারলে নেতৃত্ব ছেড়ে দেবেন! ইনিংস ব্যবধানে জিতে নিজের চ্যালেঞ্জে জিতেছিলেন লারা।
এভাবেই ২০০৭ সালে চট্টগ্রামে ভারত, ২০১১ সালে একই মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্ট ড্র করেছে বাংলাদেশ। প্রতিটিই ছিল সিরিজের প্রথম টেস্ট। কিন্তু দ্বিতীয় টেস্টে জয়ের বাস্তব সম্ভাবনায় মাঠে নামা হয়নি কিন্তু একবারও। অধিনায়কের কণ্ঠেও ছিল না আত্মবিশ্বাস, শরীরী ভাষায় ছিল না জয়-রোমাঞ্চের ছোঁয়া। আর এবার?
কাল মিরপুরের সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিমের দু-একটি কথা শুনুন। গত টেস্টের প্রাপ্তি আর এই টেস্টের সম্ভাবনা নিয়ে বললেন, ‘প্রথম টেস্টে আমাদের অর্জন অনেক কিছুই ছিল। তবে ম্যাচের ফল তো শেষ পর্যন্ত ড্র! আমরা কিন্তু সেটি চাইনি, চেয়েছিলাম জিততে। আমাদের ক্ষুধাটা একই রকম আছে, প্রত্যেক ক্রিকেটারের নিবেদনও একই আছে। আমাদের দলের জন্য এবার বড় একটা সুযোগ। এই টেস্ট জিতলে সিরিজটাও জিতে যাব আমরা। আমাদের মন সেদিকেই।’
মানসিক লড়াইয়েও বাংলাদেশ অধিনায়ক এগিয়ে রাখলেন নিজেদের, ‘দেখুন, ড্র টেস্টেরও অনেক পর্যায় থাকে। আমরা কিন্তু খুব ভালো অবস্থানে থেকে ড্র করেছি। মানসিকভাবে আমরা তাই এগিয়ে থাকব। ছেলেরা অনেক আত্মবিশ্বাসী, অনেক বেশি পরিণত, দায়িত্ব নিতে শুরু করেছে। দ্বিতীয় টেস্টে আরও ভালো না করার কারণ দেখছি না।’ একপর্যায়ে তো এটিও বললেন, ‘আমরা ওদের হালকাভাবে নিচ্ছি না!’ জিম্বাবুয়ে ছাড়া আর কোনো দলের সঙ্গে টেস্টের আগে এমন কিছু শোনা গেছে কোনো বাংলাদেশ অধিনায়কের কণ্ঠে!
সবচেয়ে বড় কথা এই কথাগুলোয় বাগাড়ম্বর মনে হচ্ছে না একটুও। বাংলাদেশকে এতটা সমীহও করেনি সম্ভবত আর কোনো দল। গত টেস্টের পর ব্রেন্ডন ম্যাককালাম সরাসরিই বলেছিলেন, ড্র করেই তারা যথেষ্ট খুশি। কালও কিউই অধিনায়কের কণ্ঠে সমীহের শেষ নেই। সরাসরি উচ্চারিত না হলেও তাই টেস্টের আবহ সংগীত বলছে, মিরপুরে ফেবারিট বাংলাদেশ।
একদিক থেকে এটি অশনিসংকেতও। অতীতে এক টেস্ট ভালো খেলে পরের টেস্টেই হুড়মুড় করে ভেঙে পড়ার নজির কম নেই। এবার সঙ্গে যোগ হয়েছে ফেবারিটের চাপ। তবে মুশফিকের দল গাইছে নতুন দিনের জয়গান। নতুন কিছুর আশা তাই করাই যায়!