একমাত্র অপূর্ণতা মাশরাফি ভাইয়ের অনুপস্থিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দল নিয়ে আলোচনা সব সময়ই থাকে। একটা দল ভালো কি মন্দ, সেটা নিয়ে নানা রকম মত থাকতেই পারে। তবে আমার মনে হয়, বিশ্বকাপের জন্য নির্বাচকেরা যে ১৫ সদস্যের দল দিয়েছেন, পারফরম্যান্স ও ফিটনেসের কথা চিন্তা করলে এটাই এই মুহূর্তের সেরা দল।গত দুটি সিরিজে আমাদের টিম কম্বিনেশন যে রকম ছিল, বিশ্বকাপেও তা খুব বেশি বদলানোর সুযোগ ছিল না। মাঠেও কম্বিনেশনটা প্রায় এ রকমই থাকবে। আমাদের দলে বেশ কয়েকজন অলরাউন্ডার আছে, এটা বড় একটা সুবিধা। চাইলেই কিছু জিনিস করা যায়। ব্যাটিং অর্ডারে মুশফিক ভাইয়ের (মুশফিকুর রহিম) চারে উঠে আসার একটা সম্ভাবনা আছে। প্রিমিয়ার লিগে উনি চারে ব্যাট করে খুব ভালো করেছেন বলে এই সুযোগটা আমরা নিতে পারি। তবে ক্যাম্প শুরু হলেই আসলে বোঝা যাবে, কী হচ্ছে। আমাদের বিশ্বকাপ দলে পেসার রাখা হয়েছে তিনজন। এ নিয়ে ভিন্নমত থাকতে পারে। তবে আমি মনে করি, তিনজনের বেশি পেসার নেওয়ার দরকার নেই। নিজেদের মাঠে খেলা হলে আমরা কখনোই তিন পেসার নিয়ে খেলি না। যেকোনো দুজন পেসারই খেলবে। বলতে পারেন দিবারাত্রির ম্যাচ বলে ‘ডিউ ফ্যাক্টর’ থাকবে, যাতে স্পিনারদের সমস্যা হয়। কিন্তু ওটা তো আমাদের নিয়ন্ত্রণের বাইরে।দল নির্বাচনে সব সময়ই অধিনায়কের মতামত নেওয়া হয়। এবারও তা-ই হয়েছে। দলের সবকিছু নিয়ে আলোচনা হয়েছে। সবার মতামত নেওয়া হয়েছে। এরপর যেটা সেরা মনে হয়েছে, সেটাই করা হয়েছে। আর দলে খুব বেশি পরিবর্তনের দরকারও ছিল না। দল নিয়ে মতপার্থক্য হওয়ারও তাই সুযোগ ছিল না।বিশ্বকাপের দলে কোনো অপূর্ণতার কথা যদি বলেন, সেটা মাশরাফি ভাইয়ের (মাশরাফি বিন মুর্তজা) অনুপস্থিতি। তাঁর না থাকাটা আমাদের জন্য খারাপই হলো। তবে ওনার দলে না থাকাটা পারফরম্যান্সের কারণে নয় এবং সেটা সবাই জানে। সবার জানা উচিতও। কাজেই আমার মনে হয় না, এ বিষয় নিয়ে খুব বেশি কথা বলার আছে। মূল বিষয়টা হচ্ছে, ওনাকে নিয়ে সবাই একটা অনিশ্চিত অবস্থার মধ্যে আছে। উনি বিশ্বকাপের আগে ফিট হবেন কি না, সেটা এক শ ভাগ নিশ্চিত নয়। সে কারণেই হয়তো নির্বাচক কমিটি কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকতে চায়নি।তবে উনি যদি সময়মতো ফিট হয়ে যান, শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলা হলেও হতে পারে। তবে সত্যি বলতে কি, সে সম্ভাবনা খুব কমই আছে। যদি বলেন ১০০-তে কত পার্সেন্ট সম্ভাবনা, আমি বলব ১০ পার্সেন্ট আছে। তার পরও সম্ভাবনা আছে, দলের যেকোনো খেলোয়াড় ইনজুরিতে পড়তেই পারে। আর অনেক সময়ই তো অনেকভাবে অনেক কিছু করা যায়। ভাগ্য ভালো হলে মাশরাফি ভাইয়ের বেলাতেও কিছু একটা হতে পারে।সেটা হলে দলের জন্যও ভালো। ওনার ড্রেসিংরুমে থাকাটাই একটা প্লাস পয়েন্ট। খেলোয়াড়দের উজ্জীবিত করতে পারেন। দারুণ একজন টিম ম্যান, অভিজ্ঞ খেলোয়াড়ও। তাঁর উপস্থিতি অবশ্যই একটা বড় ব্যাপার। মাঠের পারফরম্যান্স যদি বাদও দিই, এই জিনিসটা আমাদের প্রয়োজন।বিশ্বকাপ দলে আমরা সহ-অধিনায়ক হিসেবে পাচ্ছি তামিম ইকবালকে। দলে তাকে অনেকভাবেই ভূমিকা রাখতে হবে। ড্রেসিংরুমের পরিবেশ থেকে শুরু করে দলীয় শৃঙ্খলার অনেক ব্যাপার আছে, যেগুলো ও দেখতে পারবে। ধরুন, আমি যদি কোনো কিছু ভুলে যাই সেটা মনে করিয়ে দেওয়া, দলকে উজ্জীবিত করা...এসব আর কি। যেহেতু একই ড্রেসিংরুমে আমরা অনেক দিন ধরেই সবাই একসঙ্গে আছি, কী করতে হবে, তামিম সেসব জানে। সহ-অধিনায়ক বলেন, বন্ধু বলেন, তার কাছে তাই কিছু বাড়তি প্রত্যাশা আমার থাকবেই।