একমাত্র পদকজয়ী চান না একমাত্র হয়ে থাকতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোশাররফও চান পদক-খরা ঘুচুক বাংলাদেশের। ফাইল ছবি
মোশাররফও চান পদক-খরা ঘুচুক বাংলাদেশের। ফাইল ছবি

এবারের অলিম্পিকেই কথাটা উঠেছিল।
অন্যতম জনবহুল দেশ হওয়ার পরেও পৃথিবীর সবচেয়ে বড় এই ক্রীড়া আসরে বাংলাদেশের কোনো সাফল্য নেই! ১৯৮৪ সাল থেকে এখনো পর্যন্ত নয়টি অলিম্পিকে বাংলাদেশের অংশগ্রহণ কেবল ‘অংশ নেওয়া’তেই সীমাবদ্ধ হয়ে থেকেছে। পদক দূরের কথা, পদকের সম্ভাবনাও আজ পর্যন্ত জাগাতে পারেননি বাংলাদেশের কোনো ক্রীড়াবিদ।

এশিয়ান গেমসের দৃশ্যপট অবশ্য অলিম্পিকের মতো এতটা করুণ নয়। এখানে সাফল্য আছে। আছে একটি সোনার পদকও। ১৯৮৬ সালের সিউল এশিয়ান গেমসে বক্সিং থেকে বাংলাদেশকে প্রথম পদক উপহার দিয়েছিলেন মোশাররফ হোসেন। এরপর গত ৩০ বছরে এশিয়াডের সাতটি আসরের প্রতিটিতেই পদক তালিকায় বাংলাদেশ থাকলেও তা ছিল দলগত ইভেন্টে।। কিন্তু এশিয়াডে বাংলাদেশের হয়ে মোশাররফ ছাড়া আর কারও ব্যক্তিগত পদক জেতার উদাহরণ নেই। ভাগ্যিস, এশিয়াডে কাবাডি ও ক্রিকেট ছিল!
অনেক দিন এশিয়াডে পদক জেতানোর দায়িত্ব বয়ে নিয়ে বেড়ানোর পর কাবাডি কিছুটা হলেও ভারমুক্ত হয়েছিল ক্রিকেটের কারণে। ২০১০ সালে ক্রিকেটের কল্যাণেই এশিয়াডে প্রথমবারের মতো বেজেছিল জাতীয় সংগীত।

নিজের এশিয়াড-কীর্তির কারণেই এ দেশের ক্রীড়া ইতিহাসে একটা জায়গা বরাদ্দ আছে বক্সার মোশাররফের জন্য। ১৯৮৬–র সিউল এশিয়ান গেমসে ৮১ কেজি লাইট হেভিওয়েট বিভাগে নেপালের প্রতিযোগীর সঙ্গে তাঁর সেমিফাইনাল লড়াইটি ছিল মাত্র ৩৮ সেকেন্ডের! এই সময়ের মধ্যেই নেপালি বক্সারকে নকআউট করে এশিয়াডে মোটামুটি হইচই-ই ফেলে দিয়েছিলেন তিনি। হইচই হওয়ারই কথা। মোশাররফ যে সেবার বক্সিংয়ে এক এশিয়ান রেকর্ডেরই জন্ম দিয়েছিলেন। পরের ধাপে পাকিস্তানের প্রতিযোগীর কাছে হেরে যাওয়ায় ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে। ব্রোঞ্জ হোক আর যা-ই হোক, পদক তো! এশিয়ান গেমসে প্রথম পদকের আনন্দে সেবার উদ্বেল হয়েছিল গোটা দেশ।

এখনো পর্যন্ত এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জেতা একমাত্র বাংলাদেশি ক্রীড়াবিদ তিনি। এই গৌরব নিশ্চয়ই ছুঁয়ে যায় মোশাররফকে! সেনাবাহিনীর সাবেক এই বক্সার অবশ্য বললেন ভিন্ন কথাই, ‘একটা সময় পর্যন্ত খুব গর্ব লাগত। নিজেকে অন্য রকম কিছুই মনে হতো। এখন চিন্তিত হই। এত বছর হয়ে গেল, এশিয়ান গেমস থেকে আর একটিও ব্যক্তিগত পর্যায়ে পদক মিলল না!’ এশিয়ান গেমসের একমাত্র পদকজয়ীই আর চান না একমাত্র হয়ে থাকার রেকর্ড অটুট থাকুক।

‘পদক মিলবে কীভাবে,’ বলে যান মোশাররফ, ‘অলিম্পিক কিংবা এশিয়ান গেমসে পদক জেতার কোনো চেষ্টাই তো আমরা করি না। আমাদের চিন্তাভাবনা আঞ্চলিক প্রতিযোগিতাকেন্দ্রিক। এসএ গেমসেও তো আমরা খুব বেশি সাফল্য পাই না।’

কেন সাফল্য নেই এবং তা পেতে করণীয়টাও ভালোই জানা মোশাররফের, ‘বড় প্রতিযোগিতা থেকে সাফল্য নিয়ে আসার মতো প্রতিভাবান খুঁজে বের করতে হবে। সেই প্রতিভাদের পেছনে বিনিয়োগ করতে হবে। তাদের সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্ত রাখতে হবে। নিবিড় অনুশীলনের সুযোগ করে দিতে হবে। সুযোগ-সুবিধা সৃষ্টি করতে হবে। দেখেন, অলিম্পিক কিংবা এশিয়ান গেমসে যে অ্যাথলেট ১০০ মিটার দৌড়ে অংশ নেয়, সে দেশে হ্যান্ড টাইমিংয়ে অনুশীলন করে যায়। এই যখন অবস্থা, তখন সাফল্য আসার তো কোনো কারণ থাকতে পারে না।’

ক্রীড়াবিদদের আর্থিক অবস্থার উন্নতি করতে না পারলে বড় প্রতিযোগিতা থেকে সাফল্য আনা অসম্ভবই বলে মনে করেন তিনি, ‘আমি নিজে দেশকে এশিয়ান গেমসে প্রথম পদক এনে দিয়েছি। সাফ গেমসে সোনা জিতেছি। আমি নিজে তো কিছু পাইনি। ১৯৮৬ সালে এশিয়ান গেমস থেকে ব্রোঞ্জ জিতে আসার পর আমাকে একটা সংবর্ধনা দেওয়া হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং দেশের তৎকালীন রাষ্ট্রপতি। তিনি আমাকে আর্থিক প্রণোদনার কথা বলেছিলেন। কিন্তু আমি পাইনি। একটা স্পনসর, একটা চাকরি একজন ক্রীড়াবিদকে অনেক সাহায্য করে। একজন ক্রীড়াবিদকে যদি সারাক্ষণ তাঁর পরিবারের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হয়, তাহলে সে কীভাবে অনুশীলনে মনোযোগ দেবে!’

এত হতাশার মধ্যে মোশররফ একটা আশার কথাও শোনালেন, ‘এই প্রথমই বলব, সরকার তৃণমূল পর্যায় থেকে ক্রীড়াবিদ তুলে নিয়ে আসার কিছু উদ্যোগ নিয়েছে। আমি বক্সিং নিয়ে কাজ করছি। বাছাইকৃত ক্রীড়াবিদদের দেশের পড়াশোনার ব্যবস্থাও করা হচ্ছে। পরে এইচএসসি পাস করার পর তাদের বিভিন্ন বাহিনীতে চাকরি দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। আমি আশাবাদী। এই উদ্যোগ অনেক আগেই নেওয়া উচিত ছিল। তবে আমার প্রত্যাশা, মাঝের সময়টাতেও এই ছেলেমেয়েগুলো যেন আর্থিক সুযোগ-সুবিধা পায়। তৃণমূল থেকে খেলোয়াড় বাছাই করে পরিকল্পনামাফিক এগোলে দেশ যে সাফল্য পেতে পারে, তার সবচেয়ে বড় প্রমাণ অনূর্ধ্ব-১৬ মেয়েদের ফুটবল দলটি।’

তাঁর এশিয়ান গেমস গৌরবের ৩০ বছর পূর্তি হয়েছে এ বছর। মোশাররফের অপেক্ষা ফুরোয় না। তাঁর মতো আবার কে উঠে আসবে দেশকে আনন্দে ভাসাতে!