প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম পর্ব শেষের দুই দিন পর ২২ মার্চ শুরু হবে স্বাধীনতা কাপ টুর্নামেন্ট। বঙ্গবন্ধু স্টেডিয়ামে স্বাধীনতা কাপের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন শেখ রাসেলের মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মধুমতি ব্যাংক।
ফুটবল ভবনে পৃষ্ঠপোষক ও বাফুফের মধ্যে সম্পাদিত সমঝোতা স্মারক চুক্তির পাশাপাশি টুর্নামেন্টের ড্রও হলো কাল। গ্রুপ পর্বেই মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। চার গ্রুপের শীর্ষ দুই দল খেলবে কোয়ার্টার ফাইনালে। ফাইনাল ৯ এপ্রিল। প্রিমিয়ার লিগের ১০টি দলের সঙ্গে চ্যাম্পিয়নশিপ লিগের দুই দল রহমতগঞ্জ ও আরামবাগ খেলবে স্বাধীনতা কাপে। টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে খেলবে বিজেএমসি, ফেনী সকার, রহমতগঞ্জ। ‘বি’ গ্রুপে আবাহনী, মোহামেডান, আরামবাগ। ‘সি’ গ্রুপে শেখ জামাল ধানমন্ডি, মুক্তিযোদ্ধা ও উত্তর বারিধারা। ‘ডি’ গ্রুপে শেখ রাসেল, ব্রাদার্স ও চট্টগ্রাম আবাহনী।