একসঙ্গে খেলা হচ্ছে না পেলে-ম্যারাডোনা-মেসির!

একই দলে পেলে, ম্যারাডোনা, বেকেনবাওয়ার, জিদানদের মতো কিংবদন্তি খেলোয়াড়দের খেলতে দেখলে কেমন লাগতে পারে? ব্যাপারটা প্রায় অসম্ভব, কিন্তু দর্শকদের এ ধরনেরই একটা আমেজ দেওয়ার চেষ্টা করেছিল ইংল্যান্ডের ষষ্ঠ সারির ক্লাব ফার্নবোরো। কিন্তু আঞ্চলিক ফুটবল সংস্থার আপত্তির মুখে ভেস্তে গেছে এই বিচিত্র প্রচেষ্টা। লিগে অংশগ্রহণের অনুমতি পেলেও জার্সিতে কিংবদন্তিদের নাম তোলার অনুমতি পায়নি ছোট্ট এই ইংলিশ ক্লাবটি।
এবারের মৌসুমের শুরুতে বেটিং সাইট প্যাডি পাওয়ারের সঙ্গে একটি স্পনসরশিপ চুক্তি করে অর্থনৈতিক দুরবস্থা কাটিয়ে উঠতে পেরেছিল ফার্নবোরো। দলের খেলোয়াড়দের আসল নামের বদলে বিখ্যাত ফুটবলারদের নাম জার্সিতে লিখে মাঠে নামার পরিকল্পনাটিও এসেছিল এই নতুন স্পনসরের মাথা থেকে। দলের সব খেলোয়াড়ই মাঠের অবস্থান অনুযায়ী বদলে নিয়েছিলেন নিজেদের নাম।
কিন্তু ব্যাপারটি মোটেই পছন্দ হয়নি ইংল্যান্ডের আঞ্চলিক ফুটবল সংস্থার। ফার্নবোরোকে লিগে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে কিন্তু খেলোয়াড়দের মাঠে নামতে হবে আসল নামের জার্সি পরেই। এই সিদ্ধান্তের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে প্যাডি পাওয়ার। লিগ পরিচালকদের কোনো রসবোধ নেই বলেই মনে করছে বেটিং সাইটটি। এক বিবৃতিতে তারা বলেছে, ‘এই পরিকল্পনাটার ফলে প্রতিযোগিতাটির একটা ইতিবাচক প্রচার হতো। বিশ্বব্যাপী অনেক ভক্ত গড়ে উঠত ফার্নবোরোর। তার পরও বিখ্যাত খেলোয়াড়দের নাম জার্সিতে লিখে ফার্নবোরোকে খেলতে দেওয়া হলো না।’
আগামীকাল ডোভার অ্যাথলেটিকসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচটি খেলতে নামবে ফার্নবোরো।