একসঙ্গে দুই বিশ্বকাপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলের আবহাওয়া নিয়ে বিরক্ত পিরলো ছবি: রয়টার্স
ব্রাজিলের আবহাওয়া নিয়ে বিরক্ত পিরলো ছবি: রয়টার্স

ব্রাজিলের নাকি এবার একসঙ্গে দুটি বিশ্বকাপ চলছে। দুটি সম্পূর্ণ ভিন্ন পরিবেশে, ভিন্ন আবহাওয়ায়! একটি উষ্ণ-উত্তরে, আরেকটি শীতল-দক্ষিণে। এমন অদ্ভুত কথা আন্দ্রেয়া পিরলোর। ইতালির মধ্যমাঠের তারকা এই মন্তব্যের মাধ্যমে প্রকাশ করেছেন ব্রাজিলের আবহাওয়ায় নিজের বিরক্তি!

নিজের মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন তিনি। বিশাল ব্রাজিলে যে ১২টি ভেন্যুতে এবারের বিশ্বকাপের খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে, এতে আবহাওয়ার তারতম্য খুব প্রকট। অংশগ্রহণকারী দলগুলোর কোনো কোনোটি খেলছে শীতল আরামদায়ক পরিবেশে, আবার কোনো কোনাটি খেলছে তপ্ত পরিবেশে, গরমে গা পুড়িয়ে। এ ব্যাপারটিই পছন্দ করছেন না ইতালির অভিজ্ঞ এই ফুটবল-সেনা।

ইতালিকে এবারের বিশ্বকাপে মাঠে নামতে হয়েছে কঠিন গ্রুপে, উষ্ণ-উত্তপ্ত আবহাওয়ায়। প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মানাউসে গরমে ছটফট করতে করতে খেলতে হয়েছে। রেসিফেতে কোস্টারিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচেও গরম সমস্যা তৈরি করেছে তাদের জন্য। উরুগুয়ের বিপক্ষে তাদের বাঁচা-মরার লড়াইটিই অনুষ্ঠিত হবে নাতালে, যেখানে গড় তাপমাত্রাই থাকে ৩০ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার ব্যাপারটিই ক্ষোভ হয়ে ঝরেছে পিরলোর কণ্ঠে, ‘বিশ্বকাপে এসে ইতালিকে পুড়তে হচ্ছে তীব্র গরমে। অথচ একই বিশ্বকাপে অনেক দলই খেলছে আরামদায়ক পরিবেশে। বিশাল ব্রাজিলের উত্তর উষ্ণ অথচ দক্ষিণ শীতল। মনে হচ্ছে যেন একই সঙ্গে দুটো বিশ্বকাপ চলছে।’

বিশ্বকাপে ইতালির পারফরম্যান্সের ছন্দপতনের জন্য পিরলো দায়ী করেছেন ওই আবহাওয়াকেই, ‘আবহাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। গরম ও আর্দ্রতার মধ্যে মানিয়ে নেওয়টা বেশ কঠিন। সেটাই আমাদের করে যেতে হচ্ছে প্রতিনিয়ত। পারফরম্যান্সেও যা বড় ধরনের প্রভাব রাখছে।’ সূত্র: রয়টার্স।