একা খেলেই ম্যাচ বাঁচালেন উইলিয়ামসন
বেসিন রিজার্ভে চিত্রনাট্য যেন কেন উইলিয়ামসনের জন্যই সাজানো ছিল। তাঁর অসাধারণ, দৃঢ় প্রত্যয়ী ১০২ রানের ওপর ভর করে নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিশ্চিত পরাজয়ের হাত থেকে বেঁচেছে। ৮০ দশমিক চার ওভার ব্যাট করে প্রোটিয়াদের বিপক্ষে কিউইদের এই ড্র অবশ্য সিরিজে কোনো প্রভাব রাখতে পারেনি। দক্ষিণ আফ্রিকা সিরিজটি জিতে নিয়েছে ১-০ ব্যবধানে।মরনে মরকেলের ক্যারিয়ার সেরা ৬/২৩ ভেস্তেই গেল উইলিয়ামসনের বীরত্বের কাছে। রস টেইলরের আহতজনিত অনুপস্থিতি টেরই পেতে দেননি উইলিয়ামসন। ব্রেসওয়েলকে সঙ্গে নিয়ে শেষের প্রায় ২০ ওভার দারুণ মনোযোগ ও দৃঢ়তার সঙ্গে কাটিয়ে দেন তিনি। কিউইদের কাছে এই ড্র ম্যাচ জয়ের মতোই আনন্দ নিয়ে আসতে পারে।দক্ষিণ আফ্রিকার ফিল্ডিং নিয়ে গর্ব ছিল, প্রশংসাও ছিল। কিন্তু, ওয়েলিংটনে প্রোটিয়ারা যে মানের ফিল্ডিং দর্শকদের উপহার দিয়েছে, তাতে সেই গর্বে কিছুটা হলেও কালো দাগ পড়ে। সেঞ্চুরিয়ান উইলিয়ামসন যখন ১০ রানে ব্যাট করছিলেন, ঠিক তখনই গালিতে তাঁর ক্যাচ ফেলে দেন আলভিরো পিটারসেন। নিচু হয়ে যাওয়া সেই ক্যাচ অবশ্য মাটিতে পড়ার অজুহাতে বাতিল করে দেন টেলিভিশন আম্পায়ার। সেই উইলিয়ামসনই যখন ২২ রানে স্লিপে সেই ক্যাচ ফেলে দেন এবি ডি ভিলিয়ার্স। ব্রেসওয়েলেন ক্যাচ ফেলেন অধিনায়ক গ্রায়েম স্মিথ।তবে ক্যাচ মিসের কথা বেশি করে বলে উইলিয়ামসনের কীর্তিকে খাটো করা হচ্ছে বলে মনে হতে পারে। যদি চা বিরতির আগ পর্যন্ত তাঁর ব্যাটিংয়ের হিসেব নেওয়া হয়, সে ক্ষেত্রে ভাগ্যের ব্যাপারটি আসতে পারেই। কিন্তু চা বিরতির পর থেকে খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত উইলিয়ামসনের ব্যাট ছিল দারুণ ব্যাকরণ-সম্মত ও সঠিক। টেকনিক ও আগ্রাসনের অপূর্ব মিশেল ঘটিয়ে উইলিয়ামসন শেষ পর্যন্ত মান বাঁচান নিউজিল্যান্ডের। মোটামুটি নিশ্চিত হয়ে যাওয়া প্রোটিয়াদের এই বিজয়ের পথে উইলিয়ামসন বাধা হয়ে দাঁড়ালেন। সূত্র: রয়টার্সসংক্ষিপ্ত স্কোর:দক্ষিণ আফ্রিকা: ৪৭৪/৯ (ডিক্লে.) ও ১৯৮/৫ (ডিক্লে.)নিউজিল্যান্ড: ২৭২ ও ২০০/৬পিটারসেন ১৫৬. মরনে মরকেল ৫/২৩ (দ্বিতীয় ইনিংস)ফল: ম্যাচ ড্র