একা থাকতে দিন, শুমাখারের স্ত্রীর আকুতি

২৯ ডিসেম্বর স্কি করতে গিয়ে মারাত্মক আহত হওয়া সাতবার ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন মাইকেল শুমাখার দুই সপ্তাহ ধরে ফ্রান্সের গ্রেনবোল হাসপাতালে চিকিত্সাধীন। জীবনমৃত্যুর সন্ধিক্ষণে চলে যাওয়ার পর থেকে হাসপাতালের বাইরে সংবাদকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ভিড় লেগেই রয়েছে। গত সপ্তাহে তো কথিত এক সাংবাদিক পুরোহিত সেজে হাসপাতালের ভেতরেই ঢুকে পড়েছিলেন।
এমনিতেই জার্মান কিংবদন্তির পরিবার উদ্বেগে দিন পার করেছেন, তার ওপর সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের মাত্রাছাড়া ভিড়। সব মিলিয়ে হাঁপিয়ে উঠেছেন শুমাখারের পরিবারের সদস্যরা। তাঁর স্ত্রী করিনা এক বিবৃতিতে জানিয়েছেন, ‘মাইকেলের সুস্থতার ব্যাপারে দয়া করে আমাদের সহায়তা করুন। চিকিত্সকদের সান্নিধ্য ও হাসপাতাল থেকে আপনাদের চলে যাওয়াটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, যাতে তাঁরা শান্তিতে কাজ করতে পারেন। তাঁদের বিবৃতির ওপর আস্থা রাখুন এবং হাসপাতাল ছেড়ে চলে যান। দয়া করে আমাদের পরিবারকে শান্তিতে থাকতে দিন।’
দুর্ঘটনার পর থেকেই প্রতিদিন একবার হাসপাতালে সংবাদ সম্মেলনে করে শুমাখারের শারীরিক অবস্থা সম্পর্কে জানানো হতো গণমাধ্যমকে। কিন্তু গত বুধবার সংবাদ সম্মেলনে জানানো হয়েছিল, আপাতত স্থিতিশীল অবস্থায় আছেন শুমাখার। নতুন কিছু জানা না গেলে আর সংবাদ সম্মেলন করা হবে না। অবশ্য গতকাল সোমবার শুমাখারের ম্যানেজার সাবিন কেম জানিয়েছেন, শুমাখার এখনো শঙ্কামুক্ত নন। তিনি বলেন, ‘নিশ্চিত করতে পারি, মাইকেলের অবস্থা স্থিতিশীল। তবে এটা নিশ্চিত করতে পারি না যে, তিনি শঙ্কামুক্ত।’ রয়টার্স।