গল টেস্টের প্রথম দিনে ইংল্যান্ডের বিপক্ষে প্রায় একাই লড়াই করেছেন মাহেলা জয়াবর্ধনে। দীর্ঘদিন পরে আবারও শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পেয়ে দলকে একেবারে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ১৬৮ রানের অসাধারণ অধিনায়কোচিত ইনিংস খেলে এখনো অপরাজিত আছেন লঙ্কান অধিনায়ক। তাঁর লড়াকু ব্যাটিংয়ে প্রথম দিন শেষে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৮৯ রান যোগ করেছেন স্বাগতিকেরা।দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আজ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন লঙ্কান অধিনায়ক জয়াবর্ধনে। কিন্তু শুরুতেই দুই ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের দুর্দান্ত বোলিংয়ে চাপের মুখে পড়ে যায় শ্রীলঙ্কা। মাত্র ১৫ রান সংগ্রহ করতেই সাজঘরে ফেরেন দুই ওপেনার থিরিমানে, দিলশান এবং সাঙ্গাকারা। এরপর যথার্থ অধিনায়কের মতো শক্ত হাতে দলের হাল ধরেন জয়াবর্ধনে। সামারাবীরাকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে যোগ করেন ৫২ রান। সামারাবীরা সাজঘরে ফেরার পর পঞ্চম উইকেটে চান্দিমালকে নিয়ে আবার তিনি গড়েন ৬১ রানের জুটি। কিন্তু উইকেটে জয়াবর্ধনেকে খুব বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি অন্য লঙ্কান ব্যাটসম্যানরা। জয়াবর্ধনের পর লঙ্কান ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি চান্দিমালের। মাত্র ২৭ রান। তবে এভাবেই ছোট ছোট জুটি গড়ে লঙ্কান স্কোরবোর্ডে ২৮৯ রান জমা করেছেন জয়াবর্ধনে। দিনশেষে তিনি অপরাজিত আছেন ১৬৮ রানে।ইংল্যান্ডের পক্ষে আজ তিনটি উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন।