একাই লড়ছেন মাইকেল ক্লার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট অধিনায়ক হওয়ার আগের দুই বছরে সেঞ্চুরি ছিল মাত্র দুটি। অধিনায়ক হওয়ার তিন মাসের মধ্যেই দুটি সেঞ্চুরি করে ফেললেন মাইকেল ক্লার্ক। তবে অধিনায়কের ষোড়শ টেস্ট সেঞ্চুরিতেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। বৃষ্টি আর আলোকস্বল্পতায় প্রথম দিনে খেলা হয়েছে ৫৫ ওভার। তাতে ২১৪ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে ফেলেছে সফরকারীরা। ক্লার্ক অপরাজিত আছেন ১০৭ রানে। সঙ্গী পিটার সিডল এখনো রানের খাতা খুলেননি।বৃষ্টির কারণে দেরিতে খেলা শুরু হয়েছিল কেপটাউনে। আর্দ্র আবহাওয়ার পুরো সুবিধাই কাজে লাগিয়ে বল হাতে আগুন ঝরিয়েছেন দুই ফাস্ট বোলার ডেল স্টেইন ও অভিষিক্ত ভারনন ফিলান্ডার। শেন ওয়াটসনকে আউট করে ৪ উইকেটের প্রথমটি পান বিশ্বের এক নম্বর টেস্ট বোলার স্টেইন। ফিলিপ হিউজকে মার্ক বাউচারের ৫০০তম ক্যাচ বানিয়ে নিজের প্রথম টেস্ট উইকেট নেন ফিলান্ডার।৪০ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর নেমেছেন ক্লার্ক। চতুর্থ উইকেটে শন মার্শের সঙ্গে ১০৩ রানের জুটি গড়ে দিয়েছিলেন প্রতিরোধের ঘোষণাও। কিন্তু ৪৪ রান করে মার্শ আউট হয়ে যাওয়ার ২০ রানের মধ্যে পড়েছে আরও ৩ উইকেট। তথ্যসূত্র: ক্রিকইনফো।সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৫৫ ওভারে ২১৪/৮ (ওয়াটসন ৩, হিউজ ৯, মার্শ ৪৪, পন্টিং ৮, ক্লার্ক ১০৭*, হাসি ১, হাডিন ৫, জনসন ২০, হ্যারিস ৫, সিডল ০*, অতিরিক্ত ১২; স্টেইন ৪/৩১, ফিলান্ডার ৩/৫৪, মরকেল ১/৫৮, তাহির ০/২৬, ক্যালিস ০/৩৭)।