একাই লড়তে হবে সালমান বাটদের
হঠাৎই উল্টো হাওয়া বইতে শুরু করেছে পাকিস্তান ক্রিকেটে। ইংল্যান্ডের ক্রিকেটারদের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ এনে বিতর্কিত মন্তব্য করার পর শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছেন পিসিবি চেয়ারম্যান ইজাজ বাট। সালমান বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড খুব শক্তভাবেই এই তিন অভিযুক্ত ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছিল। কিন্তু এবার আর কাউকেই পাশে পাচ্ছেন না সালমান বাটেরা। আইসিসির বহিষ্কারাদেশের বিরুদ্ধে তাঁদের আইনি লড়াইটা নিজেদের টাকাতেই চালাতে হবে বলে জানিয়ে দিয়েছে পিসিবি।পিসিবির একটি সূত্র থেকে জানা গেছে, সালমান বাট নিজের আইনজীবী হিসেবে নিতে চাচ্ছিলেন পাকিস্তানের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও শীর্ষ আইনজীবী এইতজাজ আহসানকে। কিন্তু পিসিবি কোনোরকম আর্থিক সহায়তা না দেওয়ার সিদ্ধান্তের পর এখন অন্য কারও কথা ভাবতে হচ্ছে বাটকে। কারণ, পিসিবির সহায়তা ছাড়া এইতজাজ আহসানের ফি বহন করা তাঁর পক্ষে সম্ভব নয়। মোহাম্মদ আসিফের পক্ষে ব্রিটিশ আইনজীবী এলিজাবেথ রবার্টসন ও মোহাম্মদ আমিরের পক্ষে লড়বেন শহিদ করিম।বহিষ্কারাদেশ ও স্পট ফিক্সিংয়ের অভিযোগ দুটির বিরুদ্ধেই আলাদা দুটি আবেদন করবেন বলে জানিয়েছেন মোহাম্মদ আমিরের আইনজীবী শহিদ করিম।—পিটিআই