প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েলিংটন টেস্টের শেষ দিনে রীতিমতো রুদ্ররূপ ধারণ করেছিলেন মরনে মরকেল। লড়াই হয়েছে যেন মরকেল বনাম নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ৬টি উইকেট পড়েছে নিউজিল্যান্ডের, ৬টিই নিয়েছেন ‘ছোট’ মরকেল। ৫টির বেশি উইকেট পড়েছে—এমন ইনিংসে সবগুলো উইকেট একাই নেওয়ার কৃতিত্ব টেস্ট ইতিহাসে এর আগে ছিল মাত্র তিনটি। দুটি সহজেই অনুমেয়, ইনিংসের ১০ উইকেট নিয়ে অমরত্ব পেয়ে যাওয়া জিম লেকার ও অনিল কুম্বলে। লেকার ৫৩ রানে ১০ উইকেট পেয়েছিলেন ১৯৫৬ অ্যাশেজের ওল্ড ট্রাফোর্ড টেস্টে, কুম্বলে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ১৯৯৯ সালে দিল্লিতে। বাকিজনও স্পিনার। ২০০০ সালে পাকিস্তানের বিপক্ষে লাহোর টেস্টের প্রথম ইনিংসে ৮ উইকেটে ৪৮০ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল ইংল্যান্ড। ৭৪ ওভার বোলিং করে ১৬৪ রান দিয়ে ওই আটটি উইকেটই পেয়েছিলেন সাকলায়েন মুশতাক!