একাডেমি এখন বাফুফের গলার ফাঁস!
যখনই বাফুফের কর্তাদের জিজ্ঞেস করা হয়, উত্তর আসে অভিন্ন, ‘আগামী মাসে হয়ে যাবে।’সেই আগামী মাস আর আসে না। আসবে বলেও আশা করার কারণ ঘটেনি। সিলেট বিকেএসপিতে ফুটবল একাডেমি গড়ার কাজ শুধু পিছিয়েই যাচ্ছে। সর্বশেষ জুলাই থেকে একাডেমি চালুর ঘোষণাটাও স্রেফ কৌতুকে পরিণত হয়েছে এখন। আদতে বলার মতো কোনো কাজই হয়নি।কত স্বপ্ন দেখিয়েছেন কাজী সালাউদ্দিন! আগের মেয়াদে বাফুফে সভাপতি নির্বাচিত হওয়ার পর একাডেমি করার ঘোষণা দেন তিনি। চার বছরের সেই মেয়াদ শেষে দ্বিতীয়বার বাফুফের সভাপতি হয়েছেন, তাতেও একাডেমি নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি নেই। একাডেমি নিয়ে পরিকল্পনার কথা শুনতে চাইলে বরাবরই এড়িয়ে যান সালাউদ্দিন। ‘হচ্ছে’, ‘হবে’ বলে ধোঁয়াশা রেখে দেন।শুরুতে তিনি বলেছিলেন, ‘পৃষ্ঠপোষক পাওয়া গেছে, সরকার সিলেট বিকেএসপিটা দিলেই হয়।’ লাল ফিতার বেড়াজাল ডিঙিয়ে সরকার সেটি দিয়েছে গত এপ্রিলে বাফুফে নির্বাচনের আগে। কিন্তু বাফুফের সেই পৃষ্ঠপোষক এখন কোথায়? সরকার বাফুফেকে সিলেট বিকেএসপি ব্যবহার করতে দিয়েছে পাঁচ বছরের জন্য। কিন্তু সার্বিক অবস্থায় মনে হচ্ছে, একাডেমির প্রাক-প্রস্তুতিই খেয়ে নেবে অনেকটা সময়। তাহলে এত দিন বাফুফে করলটা কী? এ প্রশ্ন জোরেশোরেই উঠেছে।প্রকল্পের জন্য ফিফার প্রতিশ্রুত সাত লাখ ডলারের তিন লাখ এরই মধ্যে পেয়ে গেছে বাফুফে। ফিফা তিন বছরের জন্য এটির দায়িত্ব নিয়েছে বলে খবর। তবে দেনার দায়ে জর্জরিত বাফুফে একাডেমির জন্য পাওয়া ফিফার টাকার পুরোটা না হোক, কিছু অংশ যে অন্য খাতে খরচ করবে না, সে নিশ্চয়তা নেই। বাফুফের ভেতর থেকেই এমন আশঙ্কা করছেন কেউ কেউ।হালে শোনা যাচ্ছে, ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছেও আর্থিক ও অবকাঠামো সহায়তার জন্য ধরনা দেওয়ার তৎপরতা চালাচ্ছেন কর্তারা। যদিও একসময় বলা হয়েছিল, সরকার অবকাঠামো দিলেই বর্তে যাবে ফেডারেশন। মানে বাকি সব কাজই ফেডারেশন করে নেবে। সেটা তারা পারেনি।এত দিনে এসে একাডেমি নিয়ে ‘কী করা যায়’ দেখার দায়িত্ব দেওয়া হয়েছে বাফুফের সহসভাপতি বাদল রায়কে। নির্বাচিত হলেও যাঁকে কোনো দায়িত্ব না দেওয়ার আলামত পাওয়া যাচ্ছিল। কারণ, তিনি সভাপতি কাজী সালাউদ্দিনের বিরোধীপক্ষের নেতা বলে জনশ্রুতি আছে। যা-ই হোক, শেষ পর্যন্ত ফুটবল উন্নয়ন কমিটি পেলেন বাদল, সে সূত্রে এখন তাঁর ঝুলিতে একডেমিও। বাদল সাংবাদিকদের কাছে বলেছেন, মাটি আর ভবন—ওখানে এ ছাড়া আর কিছুই নেই। অর্থাৎ মাঠ তৈরি, খেলোয়াড়দের বাসস্থান তৈরিসহ সব কাজই বাকি।সবচেয়ে বড় কথা, একটা পরিকল্পনা তো থাকবে। সেটিও দৃশ্যমান নয়। প্রস্তাবিত একাডেমি এখন বাফুফের গলার ফাঁসই হয়ে উঠেছে!