একাডেমি দলের সঙ্গে পরীক্ষা খুলনারও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি টি-টোয়েন্টি আর দুটি ওয়ানডে ম্যাচ আয়োজন করে আন্তর্জাতিক ক্রিকেট দেখা হয়ে গেছে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের। টেস্ট ভেন্যু হতেও বোধ হয় আর দেরি নেই। আগামী নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠেয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের একটি টেস্ট হওয়ার কথা এখানেও।তার আগে ওয়েস্ট ইন্ডিজ হাইপারফরম্যান্স দলের বিপক্ষে আজ থেকে শুরু সাহারা-বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমি দলের চার দিনের ম্যাচটিকে বলতে পারেন সেটির লিটমাস টেস্ট। মাঠ, উইকেট এবং অবকাঠামো সংস্কারের পর আন্তর্জাতিক ভেন্যু হিসেবে খুলনা কতটা উপযোগী হয়ে উঠেছে, তারও একটি পরীক্ষা হয়ে যাবে এবার। ২০০৬ সালের নভেম্বরের পর আবার আন্তর্জাতিক ক্রিকেট ফেরার সম্ভাবনায় খুলনাও বেশ উৎসাহ নিয়ে আয়োজন করছে ম্যাচটি। আন্তর্জাতিক ক্রিকেটে খুলনায় বাংলাদেশ দলের সাফল্যের হার এক শতে এক শ। ২০০৬ সালে কেনিয়া ও জিম্বাবুয়ের বিপক্ষে দুটি ওয়ানডে খেলে দুটিতেই বাংলাদেশ জিতেছে ৯ উইকেটে। এ ছাড়া ওই বছরই অভিষেক টি-টোয়েন্টি ম্যাচে ৪৩ রানে হারিয়েছে জিম্বাবুয়েকে।পরশু খুলনায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ভেন্যু ম্যানেজার কাজী আবদুস সাত্তার জানিয়েছেন, চার দিনের ম্যাচ আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন। দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে গ্যালারি। বিসিবির পরিচালক সৈয়দ জাহিদ হোসেন আশাবাদী, বাংলাদেশে অনুষ্ঠেয় ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচও আয়োজন করার সুযোগ পাবে খুলনা।খুলনায় একাডেমি দলের বিপক্ষে খেলে ওয়েস্ট ইন্ডিজ হাইপারফরম্যান্স দল ঢাকায় ফিরে আসবে। ২২ সেপ্টেম্বর থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ‘এ’ দলের বিপক্ষে খেলবে দ্বিতীয় চার দিনের ম্যাচ। এরপর দুই দলের মধ্যে তিনটি একদিনের ম্যাচ হবে ২৮ ও ৩০ সেপ্টেম্বর এবং ২ অক্টোবর। একই মাঠে ৪ ও ৫ অক্টোবর হবে দুটি টি-টোয়েন্টি ম্যাচ।সাহারা-বিসিবি একাডেমি দল: মাহমুদুল হাসান (অধিনায়ক), মমিনুল হক (সহ-অধিনায়ক), এনামুল হক, সাব্বির রহমান, মাইশুকুর রহমান, তানভীর হায়দার, নাজমুল হোসেন (অপু), সৌম্য সরকার, শাকের আহমেদ, কামরুল ইসলাম, মুক্তার আলী, ডলার মাহমুদ, মিজানুর রহমান।