একাডেমি নিয়ে অনেক এগিয়েছে নেপাল
দেশটা নেপাল বলে অনেকেই হয়তো ভ্রু কুঁচকান। তবে একটা জায়গায় নেপাল বাহবা পাবেই। আসলে পাবে করতালি।বাংলাদেশ এখনো একটা পূর্ণাঙ্গ ফুটবল একাডেমি করতে পারেনি। অথচ নেপাল ১৪ বছর আগেই এই কাজটা করে ফেলেছে। গোটা দক্ষিণ এশিয়ায় এই জায়গায় নেপাল অনেক এগিয়ে অন্যদের চেয়ে। নেপালের একাডেমিতে বর্তমানে চলছে পঞ্চম ব্যাচ। সারা দেশ থেকে কিশোর ফুটবলার খুঁজে একাডেমিতে এনে দেওয়া হচ্ছে সব ধরনের সুযোগ-সুবিধা। শুধু তা-ই নয়, একাডেমি থেকে বেরোনো ফুটবলার ক্লাবের কাছে বিক্রির প্রক্রিয়া শুরু করেছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা)। ফল আসতে দেরি হওয়াই স্বাভাবিক। গাছ রোপণ করলে এক দিনেই তো ফল ধরে না। তাই সময় লাগছে। এটা ঠিক, দক্ষিণ এশিয়ান ফুটবলে নেপাল এখনো সেভাবে মাথা তুলে দাঁড়াতে পারেনি। কিন্তু একটা শক্ত ভিত্তির ওপর দেশের ফুটবলকে দাঁড় করিয়ে ফেলেছে। যে অভাব এখনো ঘোচাতে পারল না বাংলাদেশ।শহরের উপকণ্ঠেই আনফার মূল একাডেমি। সেখানে এখন অ্যাস্ট্রো টার্ফ বসানোর উদ্যোগ চলছে। এটির শাখা আছে আরও দুটি। মানে নেপালে এখন ফুটবল একাডেমি তিনটি। দুটি একাডেমি কাঠমান্ডুর বাইরে বুতাল ও ধিরান শহরে। প্রতিটিতে ৬০ জন করে কিশোর।চলমান এএফসি চ্যালেঞ্জ কাপের নেপাল দলে একাডেমির খেলোয়াড় আছে আটজন। এর মধ্যে ডিফেন্ডার রোহিত খেলছেন ইন্দোনেশিয়ার প্রিমিয়ার লিগে। পরশু নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করা ভারত খাওয়াজও একাডেমি থেকে বেরিয়েছেন। একাডেমির ফুটবলাররাই এখন হাল ধরেছেন নেপাল জাতীয় দলের। আনফার সহসভাপতি ললিত শ্রেষ্ঠ কাল বলছিলেন, ‘গণেশ থাপার নেতৃত্বে একাডেমি একটা কাঠামোর ওপর দাঁড়িয়েছে। সেখানে প্রতিবছরই খেলোয়াড় নির্বাচন করা হয়। অনূর্ধ্ব-১২ ও অনূর্ধ্ব-১৪ বিভাগেই আমরা খেলোয়াড় তুলছি একাডেমিতে।’শুরুটা নিজস্ব অর্থায়নে। একাডেমি করার পর ফিফা থেকে অনুদান আদায় করেছে নেপাল। এখন তো বছরে চার লাখ ডলার পাচ্ছে ফিফা থেকে। বাংলাদেশ ফিফা থেকে বছরে পায় আড়াই লাখ ডলার। নেপাল দেড় লাখ ডলার বেশি নিচ্ছে একাডেমির জন্য। পাশাপাশি স্থানীয় কিছু পৃষ্ঠপোষকও আছে।স্থানীয় কোচরাই মূলত একাডেমির সঙ্গে যুক্ত। তবে মাস দুয়েক আগে দুজন পোলিশ কোচকে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। দুজনই জাতীয় দল নিয়ে কাজ করছেন এখন। যুক্তরাষ্ট্রে বসত গড়া মূল কোচ জ্যাক স্টিফানোস্কির সহকারী রিচার্ডকে যুক্ত করা হয়েছে একাডেমির সঙ্গে।এঁরা অবশ্য অতটা হাইপ্রোফাইল নন। যুক্তরাষ্ট্রের কলেজ পর্যায়ে কোচিংই বেশি করিয়েছেন স্টিফানোস্কি। এএফসি চ্যালেঞ্জ কাপেই নেপাল জাতীয় দল নিয়ে তাঁর প্রথম পরীক্ষা। তবে নেপালের চোখ সামনে। একাডেমির প্রশিক্ষিত ফুটবলাররা দেশের পতাকা তুলে ধরবেন—এই বিশ্বাস এখানকার খেলোয়াড়-কর্মকর্তাদের। বাংলাদেশ এখান থেকে কিছু কি শিখতে পারে?