একাডেমি নিয়ে বাফুফে আবার আশায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাফুফের ফুটবল একাডেমি শেষ পর্যন্ত আলোর মুখ দেখতে যাচ্ছে। দ্রুতই শুরু হয়ে যাচ্ছে সিলেট বিকেএসপির অবকাঠামোগত সংস্কারকাজ। এর ফলে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সঙ্গে বাফুফের দ্বন্দ্বের অবসান হতে যাচ্ছে। কিছুদিন ধরে যা চলছিল, তাতে মনে হচ্ছিল সিলেট বিকেএসপিকে ফুটবল একাডেমিতে রূপ দেওয়ার পরিকল্পনাটা বোধ হয় দূরে সরে যাচ্ছে। কয়েক মাস আগে সরকার একাডেমির অবকাঠোমো উন্নয়নে প্রায় দুই কোটি টাকা বরাদ্দ করলেও এনএসসির আমলাতান্ত্রিক জটিলতায় সেটি আটকে যায়। এ নিয়ে এনএসসির সঙ্গে রীতিমতো ‘যুদ্ধ’ শুরু হয় বাফুফের। এনএসসি বারবার কাজের টেন্ডার বাতিল করায় কাজটা ঝুলে যায়। ত্যক্তবিরক্ত হয়ে বাফুফের সহসভাপতি বাদল রায় এনএনসিকে বলে দেন, ‘দরকার নেই একাডেমির। সরকারের স্থাপনা সরকারেরই থাক।’ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন তো এনএসসির প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন তোলেন, ‘ক্রীড়াঙ্গনের কোনো কাজেই না এলে এনএসসি থাকার দরকারটা কী?’ বিষয়টা নিয়ে অনেক জল ঘোলা হয়েছিল। এনএসসি দ্রুত সমাধান দিতে না পারলে হয়তো এই একাডেমি অঙ্কুরেই থেকে যেত।তবে গত দুই দিনে এ বিষয়ে অনেক অগ্রগতি হয়েছে। বাদল রায় কাল শোনালেন আশার কথা, ‘সিলেট বিকেএসপিকে একাডেমি করতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের জন্য চারটি টেন্ডারের তিনটিই হয়ে গেছে। অন্যটিও হয়ে যাবে। আশা করছি, দু-চার দিনের মধ্যেই কাজ শুরু হবে।’ওদিকে গত নভেম্বরে সারা দেশে সব উপজেলা পর্যায় থেকে বাছাইপ্রক্রিয়া শুরু করে ফেব্রুয়ারিতে চূড়ান্তভাবে অনূর্ধ্ব-১৪ বিভাগে ৩৭ এবং অনূর্ধ্ব-১৮ বিভাগে ২৮ জন খেলোয়াড়কে বাছাই করা হয়। এই খেলোয়াড়দের জুন নাগাদ একাডেমিতে তোলার প্রতিশ্রুতি ছিল বাফুফের। কিন্তু সংস্কারকাজ আটকে যাওয়ায় খেলোয়াড়দের অপেক্ষা শুধু বাড়ছেই। খোঁজ নিয়ে জানা গেল, বাছাই করা খেলোয়াড়েরা এখন নানা দিকে ছড়িয়ে-ছিটিয়ে আছে। অনূর্ধ্ব-১৮ দলের ১০ খেলোয়াড় আছে এখন শেখ জামালের একাডেমিতে। অনূর্ধ্ব-১৪ বিভাগের বেশির ভাগ খেলোয়াড়ই পাইওনিয়ার লিগ খেলার পর নিজ নিজ জেলায় চলে গেছে। ঈদের পর সব খেলোয়াড়কে এক সপ্তাহের জন্য ক্যাম্পে ডাকা হবে বলে জানিয়েছে বাফুফে। তবে খেলোয়াড়দের তর সইছে না। তারা বাফুফের সঙ্গে প্রতিনিয়তই যোগাযোগ করছে। কবে যেতে পারবে একাডেমিতে, এটাই তাদের বড় কৌতূহল। অনূর্ধ্ব-১৬ দলে রেনে কোস্টার: একাডেমি এখনো প্রস্তুত না হওয়ায় রেনে কোস্টার কাজ করছিলেন জাতীয় দলের সঙ্গে। কিন্তু তাঁকে এ মাসেই নেপালে অনূর্ধ্ব-১৬ ফুটবলের জন্য কাঠমান্ডুগামী যুবদলের সঙ্গে যুক্ত করা হয়েছে। ২০-২৯ জুলাই অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে কোস্টার থাকবেন বাংলাদেশ দলের কোচ। এরই মধ্যে তিনি দায়িত্বও নিয়ে নিয়েছেন।