একাডেমি নিয়ে বাফুফেকে নির্ভার করল ফিফা
ফুটবল একাডেমির জন্য সিলেট বিকেএসপি অনেক আগেই বুঝে পেয়েছে বাফুফে। টাকার অভাবে কার্যক্রম শুরু করা যাচ্ছে না। এবার টাকার চিন্তা দূর হচ্ছে। একাডেমির জন্য বাফুফের পাশে আর্থিকসহ সব ধরনের সহযোগিতা নিয়ে দাঁড়াচ্ছে ফিফা।ঢাকা সফররত ফিফা প্রতিনিধিদলের সঙ্গে কাল স্থানীয় একটি হোটেলে আলোচনায় বসেন বাফুফের কর্মকর্তারা। এখানেই প্রয়োজনীয় সহযোগিতার বিষয়টি নিশ্চিত হয়েছে। একাডেমির জন্য খেলোয়াড় বাছাইয়ের কাজটা করে দেবে ফিফা। ফুটবল উপকরণ, কোচ-ট্রেনারসহ যাবতীয় টেকনিক্যাল সমর্থনও পাওয়া যাবে।এ আলোচনার পর বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন খুব খুশি, ‘ফিফা থেকে আর্থিক নিরাপত্তার আশ্বাস পেয়ে এখন অনেক নির্ভার লাগছে। এত দিন টাকাটাই ছিল আমাদের একাডেমি চালু করার জন্য সবচেয়ে বড় বাধা। সেই দুশ্চিন্তা অন্তত দূর হলো।’ টাকার অঙ্কটা পরিষ্কার করে বলতে চাননি কাজী সালাউদ্দিন। তবে শুরুতে বছর দুয়েকের জন্য প্রায় চার-পাঁচ কোটি টাকার আর্থিক অনুদান পেতে পারে বাফুফে।ফিফার প্রতিনিধিদল বাফুফেকে দেওয়া এসব প্রতিশ্রুতির প্রাথমিক প্রস্তাব প্রথমে ফিফা সভাপতিকে জানাবে। এরপর ফিফা থেকেই আনুষ্ঠানিকভাবে আসবে ‘বাংলাদেশ ফুটবল গোল প্রজেক্ট’ নামে ফিফার এ প্রকল্পটি বাস্তবায়নের রূপরেখা। আগামী ৬ মার্চ সেপ ব্ল্যাটার ঢাকায় আসছেন। তখন তিনি এ ব্যাপারে চূড়ান্ত ঘোষণা দেবেন। একাডেমির জন্য ফিফার টেকনিক্যাল সহযোগিতার আওতায় বাংলাদেশ গোটা চারেক কোচ ও টেকনিক্যাল ডিরেক্টর পেতে পারে। তাঁদের বেতন অবশ্য ফিফার অনুদান থেকেই দিতে হবে। ফিফার প্রতিনিধিদল কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে আবাহনী-মোহামেডান ম্যাচ দেখেছে। তারই এক ফাঁকে ফিফার টেকনিক্যাল ডিরেক্টর জ্যঁ মিশেল বললেন, ‘বাফুফের সঙ্গে আলোচনা ফলপ্রসূ। আমরা আশা করছি, জুন-জুলাই নাগাদ একাডেমির কাজ শুরু করা যাবে। একাডেমির ব্যাপারে সব ধরনের সহযোগিতাই বাংলাদেশকে করা হবে।’একাডেমির জন্য এর আগে জিমনেসিয়াম চাওয়ার কথা বলেছিলেন সালাউদ্দিন। সেপ ব্ল্যাটার জিমনেসিয়াম করে দেবেন বলেও নাকি আশ্বাস দিয়েছিলেন। তবে কাল ফিফার প্রতিনিধির কাছে জিমনেসিয়াম চাননি বাফুফে সভাপতি। ‘জিমনেসিয়াম আমরা অল্প টাকায় করে ফেলতে পারব। ফিফার কাছ থেকে বড় কিছু চাওয়া উচিত। সে জন্যই বড় দাবি আদায় করে নিয়েছি’—বলেছেন সালাউদ্দিন।