একাডেমি ভবনের দুরবস্থা নিয়ে তদন্ত
জিপি-বিসিবি একাডেমির নিম্নমানের নির্মাণকাজ নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একাডেমির অবস্থা পর্যবেক্ষণের জন্য নির্মাণকাজের পরামর্শক বসত ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট, নির্মাণ সংস্থা দেশ বিল্ডার্স এবং বোর্ডের প্রতিনিধি নিয়ে যৌথ তদন্ত দল গঠিত হবে বলে জানিয়েছেন বিসিবির মাঠ ও অবকাঠামোবিষয়ক কমিটির প্রধান শফিকুর রহমান।শফিকুর রহমান কাল জানিয়েছেন, ‘আমাদের নিজস্ব প্রকৌশলী একাডেমি ভবন পরিদর্শন করেছেন। কনসালট্যান্ট ফার্ম, কন্ট্রাক্টর প্রতিষ্ঠান এবং বোর্ডের প্রতিনিধির সমন্বয়ে একটা যৌথ তদন্ত দল গঠন করা হবে। তারা একাডেমি ভবনের নির্মাণকাজ নিয়ে ওঠা অভিযোগ তদন্ত করে রিপোর্ট দেবেন। সংশ্লিষ্টদের সে রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য বলা হবে।’ একাডেমি রক্ষণাবেক্ষণের জন্য অচিরেই প্রয়োজনীয় সংখ্যক স্টাফ নিয়োগ দেওয়া হবে বলেও জানা গেছে বোর্ড সূত্রে।গত পরশু একাডেমি ভবনের নির্মাণকাজ নিয়ে প্রথম আলোয় ‘৭ মাসেই বিবর্ণ ৭ কোটি টাকার ভবন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পরই বোর্ডের এই উদ্যোগ। গত ২৪ জানুয়ারি ব্যবহার শুরু করার পর মাত্র ৭ মাসেই ভবনের অনেক দেয়ালে লোনা পড়েছে, শ্যাওলা ধরেছে। তা ছাড়া বৃষ্টি হলেই নানা জায়গা দিয়ে পানি ঢোকে একাডেমি ভবনে।