একাডেমিতে নতুন ২৪ ক্রিকেটার
রস টার্নার দায়িত্ব নেওয়ায় একাডেমির কার্যক্রম আরও গতিশীল হবে। দক্ষতা বাড়বে একাডেমির ক্রিকেটারদের—প্রধান নির্বাচক আকরাম খানের আশাটা এ রকমই। এবং এই আশা নিয়েই একাডেমির অস্ট্রেলিয়ান কোচের হাতে তিনি এবং তাঁর নির্বাচক কমিটি তুলে দিলেন ২৪ জন তরুণ ক্রিকেটার।১৯ বছর বয়সের বেশি এবং ২৩ বছর বয়সের কম বয়সী এই ক্রিকেটাররা আগামী এক বছর থাকবে জিপি-বিসিবি একাডেমিতে। কাল থেকেই একাডেমিতে তাদের এই মেয়াদকাল শুরু হয়ে গেছে। ‘বয়স একটা ব্যাপার। এ ছাড়া যাদের এই পর্যায়ে সম্ভাবনাময় মনে হয়েছে, যাদের মধ্যে ভবিষ্যতে দেশের ক্রিকেটকে কিছু দেওয়ার সম্ভাবনা আছে, সে রকম ক্রিকেটারদেরই আমরা একাডেমিতে সুযোগ দেওয়ার চেষ্টা করেছি’—বলেছেন আকরাম খান।একাডেমিতে সর্বশেষ প্রথম বিভাগ লিগে খেলা ক্রিকেটার আছেন তিনজন। তাঁদের নেওয়ার ব্যাপারে প্রধান নির্বাচকের যুক্তি, ‘এদের মধ্যে মজিদ সর্বশেষ প্রথম বিভাগ লিগে শেখ জামালের হয়ে ৮০৭ রান করেছে। পারটেক্সের অফ স্পিনার রাহী ৫২৬ রান ও ২৬টি উইকেট পেয়েছে। আর আজাদের বাঁহাতি পেসার শিহাব নিয়েছে ১৮ উইকেট।’ খুব অসাধারণ কোনো পারফরম্যান্স না করলে একাডেমির ক্রিকেটারদের সরাসরি জাতীয় দলে যাওয়ার সুযোগ থাকবে না, ‘এ’ দল হয়েই সেখানে যেতে হবে তাঁদের। আকরাম খান অবশ্য বলেছেন, মালয়েশিয়ায় একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য শিগগিরই ‘এ’ দল গঠন করা হবে। জাতীয় দল থেকে বাদ পড়া এবং জাতীয় দলে যাওয়ার সম্ভাবনা আছে, এমন ক্রিকেটাররাই থাকবেন ‘এ’ দলে।একাডেমির খেলোয়াড়েরা: আনামুল হক, মমিনুল হক, সৌম্য সরকার, ফজলে মাহমুদ, মাইশুকুর রহমান, আবদুল মজিদ, তাসামুল হক, মাহমুদুল হাসান, মোহাম্মদ রাহী, সাব্বির রহমান, আলাউদ্দিন বাবু, কামরুল ইসলাম রাব্বী, মোহাম্মদ আল আমিন, শিহাব আহমেদ, আসিফ আহমেদ, সানজামুল ইসলাম, শাকের আহমেদ, তানভীর হায়দার খান, সোহাগ গাজী, নাজমুল হোসেন, নূরুল হোসেন, মুক্তার আলী, কামরুল ইসলাম ও আবুল হাসান।