একাডেমিতে যাচ্ছে ৩৭ ফুটবলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার কিশোরকে সান্ত্বনা দেওয়ার জন্য অনেকেই এগিয়ে এল। বাফুফের সিলেট একাডেমির খেলোয়াড় বাছাইয়ের (অনূর্ধ্ব-১৪) শেষ ধাপে এসে ওরা চারজন বাদ পড়ল। কারও চোখে স্বপ্নভঙ্গের বেদনা, কেউ কেঁদে চলেছে। অন্যদিকে একদল কিশোরের চোখমুখে আনন্দের বন্যা। একাডেমির জন্য কাল চূড়ান্ত ‘ইয়েস কার্ড’ দেওয়া হলো ৩৭ জনকে। সঙ্গে পাঁচজন অপেক্ষমাণ তালিকায়। এদের আনন্দ-বেদনায় কাল বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামের পরিবেশটা হয়ে উঠল অন্য রকম। আজ অনূর্ধ্ব-১৮ বিভাগের চূড়ান্ত বাছাই।নির্বাচিত কিশোররা চায় বড় ফুটবলার হতে। বড় ফুটবলার হিসেবে যাঁদের নাম এত দিন শুনে এসেছে, এদিন তাঁদের দুজন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, জ্যেষ্ঠ সহসভাপতি সালাম মুর্শেদীর হাত থেকে ‘ইয়েস কার্ড’ গলায় পরল। আগামী দিনের এই ফুটবলারদের গলায় কার্ড পরিয়ে দিতে আরও ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়াসচিব নূর মোহাম্মদ, ফিফার টেকনিক্যাল ডাইরেক্টর জ্যঁ মিশেল, বাফুফের উন্নয়ন কমিটির চেয়ারম্যান বাদল রায়, সহসভাপতি কাজী নাবিল আহমেদ প্রমুখ। বাংলাদেশের এই খুদে খেলোয়াড়দের প্রতিভা দেখে খুশি ফিফার টেকনিক্যাল ডাইরেক্টর। তবে সামগ্রিক চিত্র দেখে তাঁর সতর্ক প্রতিক্রিয়া, ‘বাংলাদেশের প্রতিভা আছে। তবে আমি মনে করি না এটা পর্যাপ্ত। তা সত্ত্বেও চলমান প্রক্রিয়াটা বাংলাদেশের ফুটবলে ভালো ফল আনবে। এখানে ৯৫ শতাংশ খেলোয়াড় নির্বাচনই স্থানীয় কোচরা করেছেন। আমরা কিছু পছন্দ করেছি। তিনটি বিষয়ের ওপর বেশি জোর দিয়েছি আমরা—স্কিল, স্পিড, বুদ্ধি।’ফিফার এই কর্মকর্তা জুন নাগাদ একাডেমি চালু করার কথা বলেছেন। তবে সালাউদ্দিন চান ফেব্রুয়ারিতেই শুরু করে দিতে, ‘আমরা নির্বাচিত এই খেলোয়াড়দের ফেব্রুয়ারি মাসেই পাঠিয়ে দেব সিলেট বিকেএসপিতে।’