একাডেমির জয়
১১ বলে ২১ রান করে শেষ দিকে দলের রানটা তিনিই দিয়েছেন বাড়িয়ে। বল হাতে ১৪ রানে নিয়েছেন ৩ উইকেট। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল প্রথম টি-টোয়েন্টি ম্যাচে এক আলাউদ্দিন বাবুর কাছেই যেন হেরে গেল দক্ষিণ আফ্রিকা একাডেমি দল! দলকে ২৬ রানে জিতিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন জিপি-বিসিবি একাডেমির এই অলরাউন্ডারই।প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৬২ রান করে জিপি-বিসিবি একাডেমি। ওপেনার সৌম্য সরকার ২৫ বলে ৩৯ করেছেন। এ ছাড়া নাসির হোসেন ২৬ বলে ২৭ আর অধিনায়ক মোহাম্মদ মিঠুন ২৯ বলে অপরাজিত ৩৪ রান। তবে শেষ ৫ ওভারে ৪৭ রান এসেছে আলাউদ্দিন বাবুর ওই ঝোড়ো ইনিংসেই। ১৬.৪ ওভারে ১২৮ রানে ষষ্ঠ উইকেট পড়ার পর সপ্তম উইকেট জুটিতে মিঠুন-আলাউদ্দিন মিলে ৩ ওভার ২ বলে যোগ করেন ৩৪ রান।জবাবে ১৯.৫ ওভারে ১৩৬ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা একাডেমি। দলের পক্ষে ৩০ বলে সর্বোচ্চ ৩৮ রান করেছেন হার্ডাস ভিলিওন। ফিল্ডিংয়ের সময় হাত ফেটে যাওয়ায় ব্যাট করতে পারেননি ড্যান প্যাটারসন। আজ এ মাঠেই দুই দলের শেষ টি-টোয়েন্টি ম্যাচ, সিরিজেরও শেষ ম্যাচ এটি। দক্ষিণ আফ্রিকার দলটি দেশে ফিরে যাবে আগামীকাল।সংক্ষিপ্ত স্কোরজিপি-বিসিবি একাডেমি: ২০ ওভারে ১৬২/৭ (সৌম্য ৩৯, রনি ১৪, আনামুল ০, নাসির ২৭, মমিনুল ১৪, মিঠুন ৩৪*, মাইশুকুর ১, আলাউদ্দিন ২১; মাসেকেলা ২/২২, বোথা ১/১৩, পিয়েট ১/১৮, প্যাটারসন ১/৪৭)। দক্ষিণ আফ্রিকা একাডেমি: ১৯.৫ ওভারে ১৩৬ (ভিলিওন ৩৮, বোথা ৩৪, ফন উইক ২০; আলাউদ্দিন ৩/১৪, নূর হোসেন ২/২৩, সানজামুল ২/৩৫, সৌম্য ১/১১)।