একাডেমির বিপক্ষে অতৃপ্তির জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর একটু হলেই ইতিহাসের স্মরণীয় একটা ঘটনা ঘটে যেত। টুর্নামেন্টের একটা ম্যাচ হয়ে যাওয়ার পর উদ্বোধন করা হতো বিসিবি কাপের! ভাগ্য ভালো, বিসিবির সিনিয়র সহসভাপতি মাহবুবুল আনাম এর আগেই এসে পড়লেন।তবে তিনি আসার পরও কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যেটা হলো, সেটাও কম ঐতিহাসিক নয়। ম্যাচের ১৫.১ ওভার হয়ে যাওয়ার পর পানি পানের বিরতিতে কোচ-অধিনায়কদের ডেকে এনে বেলুন উড়িয়ে মাহবুবুল আনাম মহা সমারোহে বিসিবি কাপের ‘আনুষ্ঠানিক’ উদ্বোধন করলেন! ততক্ষণে ৬১ রানে জিপি-বিসিবি একাডেমি দলের ৭ উইকেট পড়ে গেছে।বিসিবি কাপ মূলত প্রস্তুতির জন্যই। তবে বেলুন উড়িয়ে উদ্বোধন বোঝায় টুর্নামেন্টের বাড়তি গুরুত্ব। কাল এই টুর্নামেন্টে জয় দিয়েই শুরু হয়েছে মুশফিকুর রহিমের জাতীয় দলের। জিপি-বিসিবি একাডেমিকে ২০.৪ ওভারে মাত্র ৭৫ রানে অলআউট করে ৬ উইকেটে জিতেছে তারা ৩১ ওভার হাতে রেখে।এই জয়ে অবশ্য খুশি হওয়ার কিছু নেই। বরং ৭৬ রানের টার্গেট তাড়া করতে গিয়েই যে ৪টি উইকেট পড়ল, সেটা নিয়ে ম্যাচ শেষে প্রশ্নের মুখে স্টুয়ার্ট ল। জাতীয় দলের কোচও অতৃপ্ত, ‘এত উইকেট হারানো উচিত হয়নি। তবে আমরা খুব ভালো বল করেছি, কিছু দুর্দান্ত ক্যাচ নিয়েছি। দু-একটা উইকেট কম হারালে আরও ভালো হতো।’৭৫ রানের ইনিংসে একাডেমির সর্বোচ্চ রান তানভীর হায়দারের অপরাজিত ২৪। জবাবে ৩৭ বলে এক ছক্কা আর পাঁচ বাউন্ডারিতে তামিম ইকবালের ৩৬ রানই অর্ধেক কাজ করে দেয় জাতীয় দলের। তবে ৪১ রানের মাথায় তামিমের বিদায়ে ওপেনিং জুটি ভাঙার পরের ১৩ রানের মধ্যে পড়ে যায় ৪ উইকেট। শেষে অধিনায়ক মুশফিকুরকে নিয়ে অলক কাপালি দিয়েছেন ফিনিশিং টাচ। ২২ বলে ৩ বাউন্ডারি আর এক ছক্কায় অপরাজিত ২২ রানের ছোট ইনিংসেই অলক চিনিয়েছেন নিজেকে।এর আগে একাডেমি দলের অল্প রানে অলআউট হওয়াটা মূলত ব্যাটসম্যানদের বাজে শট খেলারই পরিণতি। জাতীয় দলের বাঁহাতি স্পিনার মোহাম্মদ সোহরাওয়ার্দী ১০ রানে ৩ উইকেট নিয়েছেন এবং ৩টিই এক ওভারে। মাঝে একটা বলে উইকেট না আসায় হ্যাটট্রিক হয়নি। ২২ রানে ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ অবশ্য রুবেল হোসেন। ম্যাচ শেষে কোচ আলাদাভাবে প্রশংসা করেছেন এই পেসারের, ‘রুবেল বেশ কিছুদিন ধরেই ভালো বল করেছে, এখানেও ধারাবাহিকতা ছিল।’ সাফল্যের প্রেক্ষাপট জানিয়েছেন রুবেলও, ‘উইকেটে হালকা ঘাস ছিল। আমরা দুই পেসারই খুব ভালো জায়গায় বল ফেলেছি।’বিসিবি কাপে ওয়ানডে ম্যাচই খেলবে জাতীয়, ‘এ’ এবং একাডেমি দল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজের আগে বড় দৈর্ঘ্যের ম্যাচও দরকার। কোচ স্টুয়ার্ট ল-র পরিকল্পনায় সেটা আছে, ‘আমরা বাইরে খেলতে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। অন্য দলগুলো অনেক ব্যস্ত। তারাও এখানে আসতে পারবে না। সে কারণেই ক্রিকেট বোর্ড এই টুর্নামেন্টের আয়োজন করেছে। এটা ছাড়া আরও কিছু প্রস্তুতি ম্যাচ খেলার চেষ্টা করছি আমরা। এই টুর্নামেন্টের পর হয়তো আরও কিছু ম্যাচ হবে।’বিসিবি কাপ শেষে ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর বিসিবি লাল ও বিসিবি সবুজ দলে ভাগ হয়ে একটা চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে পারেন ক্রিকেটাররা। ৩ অক্টোবর মিরপুরেই হবে একটা ওয়ানডে। ৬ অক্টোবর বিকেএসপিতে আরেকটা ওয়ানডে ম্যাচ এবং ৮ অক্টোবর সেখানেই হবে একমাত্র টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচটি। চার দিনের ম্যাচের পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল ঘোষণা হয়ে যাবে বলে শেষ তিনটি প্রস্তুতি ম্যাচে জাতীয় দলই খেলবে ‘এ’ দলের বিপক্ষে।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১ সেপ্টেম্বরের টি-টোয়েন্টি ম্যাচ এবং ঢাকায় অনুষ্ঠেয় প্রথম দুটি ওয়ানডে ম্যাচ হবে দিবারাত্রির। তবে কাল বোর্ড সূত্রে জানা গেছে, চট্টগ্রামে সিরিজের তৃতীয় ওয়ানডেটিও দিবারাত্রির হতে পারে। দিবারাত্রির এই ম্যাচগুলোর কথা মাথায় রেখে বিসিবি চেষ্টা করছে ৩ অক্টোবরের প্রস্তুতি ম্যাচটিও দিবারাত্রির করতে।