একাডেমির ম্যানেজার হচ্ছেন হাবিবুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপন ইচ্ছার কথাটা প্রকাশ্যে বলেননি। তবে জাতীয় দলের ম্যানেজার হওয়ার আগ্রহ যে তাঁর ছিল, সেটা হাবিবুল বাশারের ঘনিষ্ঠজনদের অজানা নয়। জাতীয় দলের সঙ্গে সম্পর্কটা পুরোনো হয়নি বলে বোর্ড এখনই সে দায়িত্ব দিতে চায়নি হাবিবুলকে। তবে হাবিবুল ‘ম্যানেজার’ হচ্ছেন। দক্ষিণ আফ্রিকা একাডেমি দলের বিপক্ষে আসন্ন সিরিজে জিপি-বিসিবি একাডেমি দলের ম্যানেজারের দায়িত্ব দেওয়া হচ্ছে সাবেক বাংলাদেশ অধিনায়ককে।দুটি চার দিনের, তিনটি এক দিনের ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী ২০ জুলাই বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা একাডেমি দল। ২২ এপ্রিল চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে চার দিনের ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ। বিসিবি সূত্রে জানা গেছে, এই সিরিজে বিসিবি একাডেমি দলের ম্যানেজারের দায়িত্ব পাচ্ছেন হাবিবুল। যদিও হাবিবুল জানিয়েছেন এখনো আনুষ্ঠানিকভাবে বলা হয়নি তাঁকে, ‘শাকিল ভাই (একাডেমি ব্যবস্থাপনা কমিটির প্রধান শাকিল কাসেম) আরও আগে একবার এ নিয়ে আমার সঙ্গে কথা বলেছিলেন। তবে চূড়ান্তভাবে এখনো আমাকে কিছু জানানো হয়নি।’