একাডেমির সান্ত্বনার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিনায়ক মাহমুদুল হাসানের অলরাউন্ড পারফরম্যান্স ওয়ানডে সিরিজে সান্ত্বনার জয় এনে দিল জিপি-বিসিবি একাডেমিকে। প্রথম দুই ম্যাচেই হেরে সিরিজ খোয়ানো জিপি-বিসিবি শেষ ওয়ানডেতে পরশু প্রিটোরিয়ায় দক্ষিণ আফ্রিকা একাডেমিকে হারিয়েছে ২ উইকেটে। প্রিটোরিয়াতেই আগামীকাল শুরু হবে দুটি চার দিনের ম্যাচের সিরিজ, ২৩ আগস্ট একই ভেন্যুতে দুটি টি-টোয়েন্টি।উদ্বোধনী জুটির ৪৭ রানের পর উল্লেখযোগ্য কোনো জুটি গড়তে পারেনি দক্ষিণ আফ্রিকা একাডেমি। ৫০ ওভার খেলেও তুলতে পারে তারা মাত্র ১৮৮। একমাত্র ফিফটি অধিনায়ক জোস রিচার্ডসের (৫১)। অফ স্পিনে ১০ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট নেন মাহমুদুল, বাঁ হাতি স্পিনার সানজামুল ইসলাম ২টি। একটি করে উইকেট নেন সোহাগ গাজী, তাসামুল হক ও কামরুল। উদ্বোধনী জুটির ৩৭ রানের পর একপর্যায়ে জিপি-বিসিবির রান ছিল ১ উইকেটে ১০০। কিন্তু তাসামুল (৪২) ও আনামুল (৩৪) আউট হওয়ার পর জিপি-বিসিবির ইনিংসও ভেঙে পড়ে। ব্যাট হাতেও দলের ত্রাণকর্তা মাহমুদুল। সংযমী এক ইনিংস খেলে (৬২ বলে অপরাজিত ৩০) ২৮ বল আগেই দলকে জয় এনে দেন অধিনায়ক।