
টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের প্রথম ম্যাচে তামিম ইকবালের খুবই দায়িত্বশীল একটা ইনিংস দেখলাম। ৫০ ওভারের ম্যাচে ধৈর্যের অভাবে যে তামিম কঠিনভাবে সমালোচিত হয়েছেন অনেকবার, আজ তিনিই তাঁর সামর্থ্য আর অভিজ্ঞতা দিয়ে আগলে রাখলেন উইকেটের এক প্রান্ত। সতীর্থ ব্যাটসম্যানদের নিয়মিত আসা-যাওয়ার মধ্যেও ৮৩ করলেন ১৪৩.১০ স্ট্রাইক রেটে। শেষ পর্যন্ত বোলাররা যে লড়াই করার পুঁজি পেল, সেটা তামিমের ও রকম ব্যাটিংয়ের কারণেই।
এশিয়া কাপের উইকেটের সঙ্গে এই ম্যাচের উইকেটের চরিত্রগত মিল তেমন ছিল না। উইকেটের চৌহদ্দি দেখে মনে হচ্ছিল নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে খেলা হচ্ছে। আত্মবিশ্বাসের অভাবে ভোগা ব্যাটসম্যানদের কারও রানের ধারায় ফিরতে না পারাটা মাশরাফির জন্য নিঃসন্দেহে দুশ্চিন্তার একটা বড় কারণ হয়ে থাকবে। তবে একটা কথা বলতেই হয়, ম্যাচের একাদশটা আমার পছন্দ হয়েছে।
শর্ট বলে ব্যাটসম্যান নাসিরকে ছন্দহীন মনে হয়েছে। ওয়াইড বলে যেভাবে আউট হলেন, তাতে ফর্মে ফেরার ব্যাপারে তাঁকে মোটেই আন্তরিক মনে হলো না। মুশফিকের ব্যাপারে বলব, ব্যাটের সঙ্গে তাঁর কিপিং গ্লাভসও যেন দুঃসময়ে পাশে থাকছে না। ম্যাচ জেতানোর ক্ষেত্রে তামিমের পিএসএলে খেলার অভিজ্ঞতা যথেষ্ট কার্যকর মনে হয়েছে। এ ছাড়া আমাদের তিন পেস বোলারের বোলিং যথেষ্ট ভালো ছিল। বিশেষ করে মাশরাফি ও তাসকিন অনেক উজ্জ্বল। মাশরাফি যে শেষ ওভার করানোর জন্য তাসকিনের ওপর ভরসা রাখলেন, সেটা তরুণ এই পেসারের জন্য অনেক বড় প্রাপ্তি। এটা তাঁর আত্মবিশ্বাসও বাড়াবে বলে আমার বিশ্বাস।
তবে মাশরাফির নেতৃত্ব একটু একঘেয়ে মনে হয়েছে। সাকিবকে দিয়ে টানা ৪ ওভার বল করিয়ে ফেলা ও দুই প্রান্ত থেকে ধারাবাহিকভাবে স্পিনাদের দিয়ে বল করানোর পরিমাণ একটু বেশি মনে হয়েছে। অন্তত বাছাইপর্বে ইনিংসের ১৯ অথবা ২০তম ওভারটি তাঁর নিজের করা উচিত বলে মনে করি।
অনভিজ্ঞ দল হিসেবে একটা ভালো লড়াই দেওয়ার চেষ্টা করেছে হল্যান্ড। তাদের পেস বোলিংটা ভালো লেগেছে। এ ছাড়া ব্যাটসম্যানরাও বোধ হয় আমাদের স্পিনারদের সামলানোটা শিখে যাচ্ছে।
ধর্মশালার উচ্চতার কারণে শ্বাসকষ্টের সঙ্গে ধাতস্থ হওয়া, ফিল্ডিং-ব্যাটিংয়ের উন্নয়ন ঘটানোই হবে আজ বাংলাদেশ দলের অনুশীলনের মনোযোগের কেন্দ্রবিন্দু।