
টি-টোয়েন্টি বিশ্বকাপ এগোনোর সঙ্গে সঙ্গে বৃষ্টির প্রভাবও মনে হয় বাড়ছে। আজ বাংলাদেশ-ওমান ম্যাচের আগে তো মনে হয় ধর্মশালায় উইকেট পরিচর্যারও কোনো সুযোগ ছিল না। এই ম্যাচের উইকেট তাই কিছুটা মন্থর হবে বলেই মনে হচ্ছে। গত ম্যাচ দেখেও অবশ্য বোঝা যাচ্ছিল উইকেট আস্তে আস্তে এ রকম ধীর হয়ে যাবে। বল যথেষ্ট টার্ন করছিল।
আজও টার্নিং উইকেট হলে ওমান কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারবে বলে মনে হয় না। তবে ফ্ল্যাট উইকেট হলে তাদের ব্যাটিং কিছুটা হলেও প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারে। কারণ ওই সব অঞ্চলের ক্রিকেটাররা ফ্ল্যাট উইকেটে খেলে অভ্যস্ত।
টার্নিং উইকেটে বাংলাদেশের মূল একাদশ কেমন হওয়া উচিত, সেটা নিয়ে বোধ হয় একটু আলোচনার দরকার আছে। গত ম্যাচে ডকরেলসহ আয়ারল্যান্ডের দুই স্পিনারের টার্ন দেখে বারবার মনে হচ্ছিল, আমরা তাহলে নাসিরকে কেন নিলাম না! আগের এক ম্যাচের পারফরম্যান্স বা ক্যাচ ছাড়ার কারণে তাঁকে দল থেকে বাদ দেওয়া উচিত হয়নি। আজ আমি নাসিরকে দলে দেখতে চাইব।
ম্যাচটা ঠিকঠাক হলে ওমানের সাধ্য নেই বাংলাদেশকে ঠেকানোর। তবে একাদশে তো সেরা ১১ জন খেলোয়াড়কেই রাখতে হবে। সেদিক দিয়ে নাসিরকে দলে রাখার পক্ষে আমার যুক্তি দুটি। প্রথমত, আমাদের মিডল অর্ডার ভালো ছন্দে নেই। দ্বিতীয়ত, টার্নিং উইকেটে নাসিরের বল যথেষ্ট কার্যকর হবে।
নাসিরকে রেখে আজকের ম্যাচের জন্য আমার বিবেচনায় সেরা একাদশ সম্পর্কেও একটা ধারণা দিতে চাই। দলটা এ রকম—তামিম, সৌম্য, সাব্বির, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ, নাসির, নুরুল হাসান, মাশরাফি, আল আমিন, তাসকিন। আমি তিন পেসারেরই পক্ষে। ব্যাটিং অর্ডারের ৮ নম্বরে নুরুল হাসানই বেশি কার্যকর হবে। লোয়ার মিডল অর্ডারে নেমে লম্বা শট খেলতে পারেন। আর নুরুল যদি খেলেন, উইকেটকিপিংও তাঁকে দিয়েই করানো উচিত। মুশফিকের ব্যাটে রানখরা যাচ্ছে। এ রকম পরিস্থিতিতে সেটার প্রভাব অন্য কিছুতেও পড়তে পারে। চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে আরাফাত সানি যদি আজ খেলার আগে ধর্মশালায় ফিরেও যান, তাঁকে এই ম্যাচে না খেলানোর পক্ষে আমি। ওর ভ্রমণক্লান্তি, পরীক্ষার চাপ—সব মিলিয়েই কথাটা বললাম।
ওমানের ওপেনার জিসান মাকসুদের খেলা ভালো লেগেছে। যেকোনো বোলিংয়ের বিপক্ষে ভালো শুরু দেওয়ার সামর্থ্য আছে ওঁর। ওদের একমাত্র এই খেলোয়াড়টিই হুমকি হতে পারে বলে মনে হয়েছে। খাওয়ার আলীও ওপেনার হিসেবে ভালো। কাজেই ওমানের উদ্বোধনী জুটি নিয়ে একটু সতর্ক থাকা উচিত। তাসকিন-সানির সন্দেহজনক বোলিং অ্যাকশনের প্রসঙ্গে একটা কথাই বলব, এসবের মধ্যেও যেন বাংলাদেশ দলের মনোযোগটা খেলাতেই থাকে।
তবে আমি মনে করি, এসব বিষয়ে আইসিসির আরও দায়িত্ব নিতে হবে। তাদের খুব শক্তিশালী আম্পায়ারিং কমিটি আছে। এত বড় টুর্নামেন্টে কারও অ্যাকশন নিয়ে আনুষ্ঠানিকভাবে সন্দেহ প্রকাশের আগে সেই কমিটির মাধ্যমে তা যাচাই-বাছাই করা যেতে পারে। একদমই নতুন খেলোয়াড় হলে ভিন্ন কথা। নয়তো টুর্নামেন্টের আগের তিন মাস খেলেও যাঁদের অ্যাকশন নিয়ে সন্দেহের সৃষ্টি হয়নি, তাঁদের অ্যাকশনে বড় ধরনের গোলমাল দেখা না গেলে টুর্নামেন্টের মাঝখানে এ ধরনের ‘কল’ করা উচিত নয়। এ ধরনের একটা নীতিমালাই থাকতে পারে আইসিসির।
ভবিষ্যতে আম্পায়াররা কারও অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করলে ওই বোলারকে পরীক্ষায় পাঠানোর আগে অভিযোগটা অভিজ্ঞ আম্পায়ারদের প্যানেলের মাধ্যমে বিচার-বিবেচনা করে দেখতে হবে। প্রয়োজনে প্রযুক্তির আরও সাহায্য নেওয়া যেতে পারে। আমরা একজন ব্যাটসম্যানকে আউট ঘোষণার আগে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করছি। তাহলে একজন খেলোয়াড়কে টুর্নামেন্ট থেকে বের করে দেওয়ার আগে সেটা কেন করব না?
তা ছাড়া সারা বছর এই আম্পায়ারদের সামনেই বোলাররা বল করে গেছেন এবং আম্পায়াররা তখন কিছু বলেননি। এ ধরনের সংক্ষিপ্ত টুর্নামেন্টে এসে একটা দলকে যেভাবে মানসিকভাবে ভেঙে দেওয়া হচ্ছে এটা ওই দল, ওই খেলোয়াড়ের প্রতি অন্যায়। এটা যাঁরা করছেন সেই বিচারক প্যানেলকেও আমার অস্বচ্ছ মনে হচ্ছে। আইসিসি এ নিয়ে কতটুকু চিন্তাভাবনা করছে সন্দেহ আছে। কেন জানি মনে হচ্ছে, ক্রিকেটের বাণিজ্যিকীকরণের স্রোতে খেলোয়াড়দের অধিকারই এখন মূল্য হারাতে চলেছে।
আইসিসির উচিত এসব বিতর্ক থেকে বেরিয়ে আসা। তাহলেই ক্রিকেটের প্রতি সুবিচার হবে।