একাধিক অধিনায়কের পক্ষে সৌরভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা দুই টেস্টে হার। ঘরের মাঠে ভারতীয় দলের এমন অভিজ্ঞতা হলো দীর্ঘ এক যুগ পর। এ অবস্থায় দাবি উঠেছে, মহেন্দ্র সিং ধোনিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার।ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী অবশ্য ধোনিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পক্ষে নন। তবে তাঁর ওপর থেকে ‘চাপ’ কমানোর পক্ষে তিনি। এ কারণে ভারতের টেস্ট ও সীমিত ওভারের দলের জন্য আলাদা আলাদা অধিনায়কের পক্ষে মত দিয়েছেন তিনি।ভারতীয় নিউজ চ্যানেল হেডলাইনস টুডেকে সৌরভ বলেন, ‘ক্রিকেট বিশ্বের বেশির ভাগ দলে একাধিক অধিনায়ক রয়েছে। ভারতও এ কাজ করতে পারে। ধোনিকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পরামর্শ দিচ্ছি না আমি। তাঁর ওপর থেকে চাপ কমাতেই টেস্ট ও সীমিত ওভারের দলের জন্য আলাদা অধিনায়ক রাখা প্রয়োজন।’সৌরভ বলেন, ‘অধিনায়কত্ব ও খেলোয়াড়ের সামর্থ্য একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। আমি মনে করি, টেস্ট অধিনায়কের চেয়ে ধোনি ওয়ানডেতে অধিকতর ভালো। সাম্প্রতিক সময়ে ধোনির টেস্ট পারফরম্যান্স ভালো নয়। কারণ, ওর ওপর অতিরিক্ত চাপ। আমার দৃঢ় বিশ্বাস, দলে আরেকজন অধিনায়ক আনা জরুরি। এতে ধোনির ওপর চাপ কমবে।’উইকেটকিপিংয়ের মতো কঠিন দায়িত্ব পালনের সঙ্গে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্ব। সৌরভ মনে করেন, এভাবে চলতে থাকলে ধোনির ক্যারিয়ারটাই শেষ হয়ে যেতে পারে। এ অবস্থায় নির্বাচকদের উচিত দ্রুত ধোনির সঙ্গে আলোচনায় বসা। ধোনির কোন ফরম্যাটের নেতৃত্ব বেশি পছন্দ, এটা তাঁর কাছ থেকে জেনে নেওয়া।