একার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুবাইয়ে কাল দক্ষিণ আফ্রিকা করেছে ২২৮, হাশিম আমলা একাই করেছেন অপরাজিত ১১৯। অর্থাৎ, দলের অর্ধেকের বেশি রান একাই করেছেন দুরন্ত ফর্মে থাকা ওপেনার। অঙ্কের পুঙ্খানুপুঙ্খ হিসাবে সংখ্যাটি ৫২.১৯%। তবে জেনে রাখুন, একক বীরত্বের এমন নজির আমলার চেয়েও বেশি আছে আরও অনেকের। শতকরা হিসাবে দলের সবচেয়ে বেশি রান যাঁর, রেকর্ডটি যেন সবচেয়ে ভালো মানায় তাঁর পাশেই। অনেকেই যাঁকে মনে করেন বিস্ফোরক ব্যাটিংয়ের শেষ কথা, সেই ভিভ রিচার্ডস একাই করেছিলেন দলের রানের ৬৯.৪৮ শতাংশ। ১৯৮৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে যেদিন সে সময়ের ওয়ানডে রেকর্ড গড়ে ১৮৯ রান করেছিলেন ভিভ, ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ২৭২। রেকর্ডে পরের ইনিংসটি ওয়ানডে ইতিহাসেরই অন্যতম সেরা ইনিংস। ১৯৮৬ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে কপিল দেবের সেই ১৭৫ রানের ইনিংসটি ছিল দলের রানের ৬৫.৭৮ শতাংশ। ভারতের রান ছিল ২৬৬। অবাক করার মতো তালিকার পরের ইনিংসটি। ১৯৯০ সালে পাকিস্তানের বিপক্ষে অ্যান্ড্রু জোনসের ৪৭ রানই ছিল দলের রানের ৬৩.৫১ শতাংশ। নিউজিল্যান্ড যে করতেই পেরেছিল ৭৪!