প্রথম দুই ওয়ানডে থেকে বাংলাদেশের একমাত্র প্রাপ্তি বলা যায় নাসির হোসেনের সেঞ্চুরিটিকেই। বিরুদ্ধ স্রোতে দাঁড়িয়ে দারুণ এক ইনিংস খেলেছেন তরুণ অলরাউন্ডার, একাই করেছেন দলের ৫৩.৮৬ শতাংশ রান। তবে পরিসংখ্যানের দৃষ্টিকোণ থেকে অন্তত বাংলাদেশের হয়ে একক লড়াইয়ের এর চেয়েও বড় কীর্তি আছে আরেকটি। গত বছর ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে এই মিরপুরেই বাংলাদেশের ২২৮ রানের ১২৫ এসেছিল তামিম ইকবালের ব্যাট থেকে, শতকরা হিসেবে যা ছিল দলের রানের ৫৪.২৮ ভাগ। বিশ্ব রেকর্ডটি ২৭ বছর ধরেই একজনের দখলে এবং তাঁর নামের পাশেই তা সবচেয়ে ভালো মানায়। ১৯৮৪ সালে ম্যানচেস্টারে সে সময়ের সর্বোচ্চ ১৮৯ রানের ইনিংসটির পাশাপাশি দলের রানে সবচেয়ে বেশি অবদানের রেকর্ডটিও গড়েছিলেন ভিভ রিচার্ডস। ১০২ রানে ৭ উইকেট হারানো দলকে ৫৫ ওভার শেষে পৌঁছে দিয়েছিলেন ২৭২ রানে। একাই করেছিলেন দলের রানের ৬৯.৪৮ শতাংশ!