প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডার্বি ম্যাচগুলোতে একটু-আধটু উত্তেজনা ছড়ানোই স্বাভাবিক। তাই বলে রেফারিকে মারতে লোহার দণ্ড হাতে মাঠে ঢুকে যাবেন কোনো সমর্থক! এমনই ঘটেছে ক্রোয়েশিয়ান লিগের অন্যতম বড় ডার্বি হাজদুক স্প্লিট ও রিজেকার ম্যাচে। ১-১ গোলে ড্র ম্যাচটির যোগ করা সময়ে হঠাৎই মুখোশ পরা এক সমর্থক ঢোকেন মাঠে, হাতে লোহার দণ্ড। রিজেকা বক্সের সামনে হাজদুক ফ্রি কিক পাওয়ায় তখন দুদলের অনেক খেলোয়াড় বক্সেই ছিলেন। রেফারিও। ওই সমর্থক ঢোকার পর খেলোয়াড়দের বৃত্ত বানিয়ে রেফারি-সমর্থকে দৌড়াদৌড়ি চলে কিছুক্ষণ। হাজদুক অধিনায়ক জোরান নিজিচ পরে ওই সমর্থকের সঙ্গে কথা বলে তাঁকে শান্ত করেন। তবে আশ্চর্যের ব্যাপার এই, নিরাপত্তারক্ষীদের ঘুম ভাঙে প্রায় ৯০ সেকেন্ড পর। ওই সমর্থককে ধরে মাঠের বাইরে নিয়ে যান তাঁরা। ডেইলি মেইল।