একুশের চেতনায় দীপ্ত মাশরাফিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম-সংলগ্ন ন্যাশনাল বাংলা স্কুলের শহীদ মিনারে কাল শ্রদ্ধার্ঘ্য নিবেদন করল বাংলাদেশ ক্রিকেট দল l প্রথম আলো
মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম-সংলগ্ন ন্যাশনাল বাংলা স্কুলের শহীদ মিনারে কাল শ্রদ্ধার্ঘ্য নিবেদন করল বাংলাদেশ ক্রিকেট দল l প্রথম আলো

একুশ আমাদের চেতনা, দাবি আদায়ের শক্তিও। একুশে ফেব্রুয়ারিই বাঙালি জাতিকে স্বাধিকার, স্বাধীনতা আদায়ের লড়াইয়ে করেছে অনুপ্রাণিত।
স্বাধীন বাংলাদেশের ২১ ফেব্রুয়ারি তারিখটি আজ শুধু বাংলাদেশেরই নয়, সারা বিশ্বের। তারিখটি সেই ১৯৯৯ সালে ঘোষিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
সারা বিশ্বে বাঙালিদের কাছেই এই দিনটি বেশি আবেগের। বাঙালি জাতি বিশেষ শ্রদ্ধাভরে স্মরণ করে দিনটিকে। বাংলাদেশ ক্রিকেট দলও কাল শ্রদ্ধার সঙ্গে পালন করল একুশে ফেব্রুয়ারি। কাল একুশে ফেব্রুয়ারির দিন অনুশীলনে এসে সবার আগে ভাষাশহীদদের শ্রদ্ধা জানালেন বাংলাদেশ দলের খেলোয়াড়েরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনের আগে স্টেডিয়াম-সংলগ্ন ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মাশরাফি বিন মুর্তজার দল। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অধিনায়ক মাশরাফি বলেছেন, ‘এটা জাতির জন্য একটি বড় দিন এবং সেই জায়গা থেকেই অনুশীলনের আগে এসে শহীদ মিনারে ফুল দেওয়া।’

বাংলাদেশের ক্রিকেটাররা সব জায়গায় সব সময় বাংলা ভাষায় কথা বলতে স্বচ্ছন্দবোধ করেন জানিয়ে মাশরাফি বলেন, ‘আমার কাছে মনে হয় আমাদের সবারই বাংলা ভাষাকে প্রাধান্য দেওয়া উচিত। আমরা খেলোয়াড়েরা যারা আছি, আমরা সব সময় পছন্দ করি বাংলা ভাষায় কথা বলতে। আমাদের ইংরেজি যেটা বলতে হয় তা প্রয়োজনের খাতিরেই। তার মানে এই নয় যে ইংরেজি ভালো বলাটাই সবচেয়ে কৃতিত্বের ব্যাপার। খেলাটাই এমন যে সারা দুনিয়ায় ইংরেজির প্রয়োগটাই বেশি থাকে। তারপরও আমরা যেখানে থাকি, আমরা চাই বাংলা ভাষায় কথা বলতে।’