একে উঠলেন আমলা
আইসিসি র্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর টেস্ট দল দক্ষিণ আফ্রিকা। টেস্ট বোলিং ও অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও সবার ওপরে ছিলেন দুই দক্ষিণ আফ্রিকান ডেল স্টেইন ও জ্যাক ক্যালিস। অপূর্ণতা ছিল একটাই, ব্যাটিং র্যাঙ্কিংয়ে এক নম্বর জায়গাটা দখলে ছিল এক অস্ট্রেলিয়ানের। জোহানেসবার্গ টেস্টের পর কাল পূরণ হলো সেই অপূর্ণতাও। পাকিস্তানের বিপক্ষে দুই ইনিংসে ৩৭ ও অপরাজিত ৭৪ রান করেই মাইকেল ক্লার্ককে সরিয়ে টেস্টের এক নম্বর ব্যাটসম্যান হয়ে গেলেন হাশিম আমলা।এই টেস্টের আগে ক্লার্কের চেয়ে মাত্র এক রেটিং পয়েন্ট পেছনে ছিলেন আমলা। সর্বশেষ র্যাঙ্কিংয়ে ৮৯৫ নিয়ে অস্ট্রেলিয়ান অধিনায়ককে ৮ পয়েন্ট পেছনে ফেলেছেন এই ডানহাতি। অপরাজিত সেঞ্চুরি করে এগিয়েছেন এবি ডি ভিলিয়ার্সও। দুই ধাপ এগিয়ে চারে উঠে এসেছেন উইকেটকিপিংয়ে বিশ্ব রেকর্ড করা ক্রিকেটার। দুই ও তিনে যথাক্রমে ক্লার্ক ও চন্দরপল। পাকিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে এগিয়েছেন শুধু মিসবাহ-উল হক। তিন ধাপ এগিয়ে দশে উঠে এসেছেন পাকিস্তানি অধিনায়ক।বোলিংয়ে যথারীতি শীর্ষে স্টেইন (৯০৮)। ম্যাচে ১১ উইকেট নিয়ে রেটিং পয়েন্টটা আট বাড়িয়েছেন এই ফাস্ট বোলার। পরিবর্তন নেই অলরাউন্ড র্যাঙ্কিংয়ে। ক্যালিসের পরই আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। তথ্যসূত্র: আইসিসি ওয়েবসাইট।