একে ফ্রান্স, দশের বাইরে আর্জেন্টিনা, জার্মানি ১৫!

>• শীর্ষ স্থান থেকে এক ধাক্কায় ১৫তে জার্মানি
• ছয় ধাপ পিছিয়ে আর্জেন্টিনা
• আগের মতোই ১৯৪ স্থানে বাংলাদেশ
বিশ্বকাপ জেতা মানেই তো বিশ্বসেরা। তবে র্যাঙ্কিংয়ের সেটা মানতে বয়েই গেছে। সে মানে গাণিতিক হিসাব-নিকাশ। হিসাব-নিকাশের কঠিন মারপ্যাঁচও অবশ্য এবার ফ্রান্সের গুণ গাইছে। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে পল পগবাদের দল। বিশ্বকাপে তৃতীয় হওয়া বেলজিয়ামও এক ধাপ ওপরে উঠে এসেছে দ্বিতীয় স্থানে।
১৯৯৮ বিশ্বকাপ জেতার পরও র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পেতে কষ্ট করতে হয়েছে ফ্রান্সকে। রানার্সআপ হলেও র্যাঙ্কিংয়ে ব্রাজিল এতটাই এগিয়ে ছিল। ইউরো জিতে ২০০১ সালেই প্রথমবার র্যাঙ্কিংয়ে প্রথম স্থান পেয়েছিল ফ্রান্স। তবে বিশ্বকাপে গ্রুপপর্ব থেকে বাদ পড়ার পর সেই যে ছিটকে পড়া আর কখনো একে উঠে আসা হয়নি ফ্রান্সের। এবারের বিশ্বকাপে যেটা হয়েছে জার্মানির সঙ্গে। বিশ্বকাপে তিন ম্যাচে দুই হার, ১৪ ধাপ পিছিয়ে জার্মানি এখন বিশ্বের ১৫ নম্বর দল।
বিশ্বকাপে ভরাডুবি আর্জেন্টিনাকেও অনেক বিপদে ফেলেছে। ৬ ধাপ পিছিয়েছে লিওনেল মেসিদের দল। শীর্ষ ১০ থেকে ছিটকে পড়ে আর্জেন্টিনা এখন ১১তে। আর গ্রুপপর্বে আর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়া ক্রোয়েশিয়া ফাইনালে পৌঁছানোর পুরস্কার পেয়েছে। ১৬ ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ে চারে ফিরেছে দেশটি। ১৯৯৮ সালে বিশ্বকাপে তৃতীয় হয়ে র্যাঙ্কিংয়ে তৃতীয় হওয়ার পর রেকর্ডটি অবশ্য ছোঁয়া হয়নি ক্রোয়েশিয়ার। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়লে ব্রাজিলের খুব একটা ক্ষতি হয়নি। দুই থেকে তিনে নেমেছে দেশটি। বিশ্বকাপে দক্ষিণ আমেরিকার হয়ে সেরা সাফল্য পাওয়া উরুগুয়ে নয় ধাপ এগিয়ে আছে পাঁচে।
আজ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন আসেনি। ১৯৪তম স্থানেই আছে বাংলাদেশ। এক ধাপ এগিয়ে ৯৬তম স্থানে আছে ভারত। আগের মতোই ২০০ ও ২০১তম র্যাঙ্কিং ধরে রেখেছে শ্রীলঙ্কা ও পাকিস্তান।