একের চিন্তা নেই শারাপোভার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁদের লড়াইটা অনেক পুরোনো। তবে সেরেনা উইলিয়ামস ও মারিয়া শারাপোভা এবার একই সঙ্গে দুটি লক্ষ্যে নামছেন সম্মুখযুদ্ধে। গতকাল থেকে শুরু হওয়া মাদ্রিদ মাস্টার্সে শুধু শিরোপাই নয়, লড়াইটা এক নম্বরেরও।১১১১৫ রেটিং পয়েন্ট নিয়ে সেরেনা টুর্নামেন্ট শুরু করছেন এক নম্বরে থেকে। ১০২৪০ রেটিং পয়েন্ট নিয়ে শারাপোভা আছেন দুইয়ে। তবে মাদ্রিদ মাস্টার্সই শারাপোভাকে দিচ্ছে সেরেনাকে টপকে ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো র‌্যাঙ্কিং শীর্ষে ওঠার হাতছানি। এক নম্বর নিয়ে দুজনের লড়াইটাও বেশ মজার।মাদ্রিদে শিরোপা ধরে রাখতে পারলে সেরেনাই শীর্ষে থাকবেন। কিন্তু সেরেনা যদি প্রথম রাউন্ডেই হেরে যান, তখন তৃতীয় রাউন্ডে উঠলেই এক নম্বরে উঠে যাবেন শারাপোভা। সেরেনা দ্বিতীয় রাউন্ডে উঠলে শারাপোভাকে উঠতে হবে কোয়ার্টার ফাইনালে। সেরেনা তৃতীয় রাউন্ডে উঠলে শারাপোভাকে উঠতে হবে সেমিফাইনালে। সেরেনা কোয়ার্টার ফাইনালে উঠলেও শারাপোভাকে উঠতে হবে সেমিফাইনালে। সেরেনা সেমিফাইনালে উঠলে শারাপোভাকে উঠতে হবে ফাইনালে। সেরেনা ফাইনালে উঠলে শারাপোভাকে জিততে হবে শিরোপা।মানে এক নম্বরে ওঠার সুবর্ণ সুযোগ শারাপোভার সামনে। কিন্তু রুশ তারকা এক নম্বর নিয়ে ভাবছেনই না! মনে যাই থাক, গত সপ্তাহে স্টুটগার্ট ওপেন জেতা শারাপোভা মুখে অন্তত বলছেন সেটাই, ‘আমি এ নিয়ে (র‌্যাঙ্কিংয়ের এক নম্বর) খুুব বেশি ভাবতে চাই না। এটা অন্য খেলোয়াড়দের ওপরও নির্ভর করছে। আমি শুধু সেটাই নিয়ন্ত্রণ করতে পারি, যা আমার হাতে আছে এবং এ নিয়ে বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’মাদ্রিদ মাস্টার্স সরাসরি র‌্যাঙ্কিং যুদ্ধে নামিয়ে দিচ্ছে রজার ফেদেরার-অ্যান্ডি মারে এবং ডেভিড ফেরার ও রাফায়েল নাদালকেও। মারের সামনে ফেদেরারকে টপকে দুই নম্বরে ওঠার হাতছানি, নাদালের সামনে ফেরারকে টপকে চারে ওঠার। লক্ষ্যণীয় ব্যাপার, গত বছর নীল কোর্ট বানানোয় সমালোচনা হয়েছিল অনেক। এবার তাই নীল কোর্টের বদলে মাদ্রিদ মাস্টার্স ফিরছে লাল মাটির কোর্টে। এএফপি।