উইকেটকিপাররা নাকি ভালো অধিনায়ক হন না। উইকেটের পেছনে সারাক্ষণ তটস্থ থাকতে হয়, দলকে নিয়ে প্রতি মুহূর্ত ভাবার সুযোগ কোথায়! সত্যি না মিথ্যা, সেটা তর্কসাপেক্ষ। তবে ধারণাটা যে প্রতিষ্ঠিত, এর প্রমাণ ১৩৪ বছরের টেস্ট ইতিহাসে উইকেটকিপার-অধিনায়ক মাত্র ২৫ জন! এই দুটি গুরুদায়িত্বের সঙ্গে যদি ব্যাটিং ওপেন করতে হয়! কাজটা কতটা কঠিন, এর প্রমাণ টেস্ট ইতিহাসে এমন ‘একের ভেতর তিন’ হতে পেরেছেন মোটে তিনজন! প্রথমজন ক্যারিয়ারের ১৩ টেস্টেই ৬টিতেই ছিলেন এই তিন ভূমিকায়। দক্ষিণ আফ্রিকার পার্সি শেরওয়েল ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরিটাও করেছেন এই ভূমিকায়। ফজল মাহমুদের অনুপস্থিতিতে নানা সময় পাকিস্তানকে চার টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন উইকেটকিপার-ব্যাটসম্যান ইমতিয়াজ আহমেদ, এর তিনটিতে নেমেছিলেন ওপেনিংয়ে। তৃতীয়জন পৃথিবীর মায়া কাটিয়েছেন মাত্রই ১২ দিন আগে। ১৯৫৯ সালে পাকিস্তানের বিপক্ষে লাহোর টেস্টে ইনিংস ও ১৫৬ রানের জয়ে দলকে নেতৃত্ব দিয়েছিলেন গেরি আলেক্সান্ডার, ওপেনিংয়ে নেমে করেছিলেন ২১।