এখন আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চায় নিউজিল্যান্ড
ভারত সফরের প্রথম টেস্টে রীতিমতো বিধ্বস্ত হয়েছে নিউজিল্যান্ড। দুই ভারতীয় স্পিনার প্রজ্ঞান ওঝা ও রবীচন্দ্রন অশ্বিনের দুর্দান্ত বোলিংয়ে কিউইরা হেরেছে ইনিংস ও ১১৫ রানের বিশাল ব্যবধানে। এখন আরেকটা টেস্টেও হারের স্বাদ দিয়ে নিউজিল্যান্ডকে ধবলধোলাই করার স্বপ্ন দেখছে স্বাগতিক ভারত। আর অন্যদিকে এই অপমানজনক পরিস্থিতি এড়াতে এখন আক্রমণাত্মক ক্রিকেট খেলার পরিকল্পনা করছে নিউজিল্যান্ড। একমাত্র এই পদ্ধতিতেই ভারতীয় স্পিনারদের মোকাবিলা করা যাবে বলে মন্তব্য করেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক রস টেলর।হায়দরাবাদ টেস্টের দুই ইনিংসের কোনোটিতেই ২০০ রানের কোটা পেরোতে পারেনি নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ১৫৯ রান করে ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসে কিউই ব্যাটসম্যানরা গুটিয়ে গিয়েছিলেন ১৬৪ রানে। অফস্পিনার রবীচন্দ্রন অশ্বিন ও বাঁহাতি স্পিনার প্রজ্ঞান ওঝা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন ১৮টি উইকেট। এখন ভারত সফরের শেষ টেস্টটিতেও যেন এ ধরনের হতাশাজনক পরিস্থিতির মুখে পড়তে না হয়, সেই প্রত্যাশাই করছেন নিউজিল্যান্ডের অধিনায়ক রস টেলর। তিনি বলেছেন, ‘ইনিংস ব্যবধানে হার মেনে নেওয়া মোটেই সহজ না। তবে আমাদের এখন পরবর্তী ম্যাচটার দিকেই নজর দিতে হবে। অশ্বিন ও ওঝাকে আমরা কীভাবে মোকাবিলা করব, সেটাই এখন আমাদের খুঁজে বের করতে হবে।’ আর ভারতের স্পিন সহায়ক উইকেটে এই দুই স্পিনারকে সামলানোর জন্য আক্রমণাত্মক ক্রিকেট খেলাই একমাত্র সমাধান বলে মনে করছেন টেলর। তিনি বলেছেন, ‘ব্যাটিংয়ের সময় আমাদের বেশ সাহসী হতে হবে। আমরা যদি তাঁদের বিপক্ষে আক্রমণাত্মক ব্যাটিং করতে পারি, তাহলে তাঁদের কিছুটা চাপের মুখে ফেলে দেওয়া যাবে।’আগামীকাল ব্যাঙ্গালুরুতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।— রয়টার্স