এখন আত্মবিশ্বাসী স্ট্রাউস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কান ঘেঁষে গুলি চলে গেছে। আপাতত রক্ষা করা গেছে শীর্ষস্থান। তবে কত দিন থাকবে, এই শঙ্কাটা থাকছেই। দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্টও সমান ১১৬, ইংল্যান্ড এক নম্বরে স্রেফ ভগ্নাংশের ব্যবধানে। সামান্য টোকাতেই তাই চূড়া থেকে পড়ে যাওয়ার আশঙ্কা। অ্যান্ড্রু স্ট্রাউসের অবশ্য বিশ্বাস, খাদের কিনারায় গিয়েও জায়গাটা যখন ধরে রাখা গেছে, আস্তে আস্তে সেটি সুরক্ষিতও করতে পারবে তাঁর দল। আর কলম্বোর জয় আত্মবিশ্বাস জোগাবে বছর শেষের ভারত সফরে, উপমহাদেশ জুজু কাটাতে। তবে কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের ধারণা, কাজটা সহজ হবে না মোটেও। ইংল্যান্ডের প্রয়োজন অ্যান্ড্রু ফ্লিনটফের মতো একজন অলরাউন্ডার!শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ ড্র করে কালই দেশে ফিরেছে ইংল্যান্ড। সামনে অপেক্ষা করছে মহাব্যস্ত সময়। আগামী মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ টেস্ট, ৩ ওয়ানডে ও একটি টি-টোয়েন্টির সিরিজ। জুন-জুলাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ওয়ানডের সিরিজ। জুলাই-আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ টেস্ট, ৫ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি। এর মাঝেই একটি ওয়ানডে আছে আবার স্কটল্যান্ডের বিপক্ষে। সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপরই ভারত সফর।এশিয়ায় টানা চার টেস্ট হারের পর কলম্বোর জয়। স্ট্রাউসের ধারণা, ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে ভারত সফরে দল থাকবে দারুণ আত্মবিশ্বাসী, ‘টানা কয়েক ম্যাচ হারাটা অবশ্যই বিব্রতকর। তবে কলম্বোর জয়ে আমরা রোমাঞ্চিত। ভারত সফর যদিও এখনো অনেকটা দূর, তবে হারগুলো থেকে আমার খুব ভালো শিক্ষা হয়েছে। আশা করি, ভারতে আমরা সেগুলো কাজে লাগাতে পারব।’ স্পিনে ইংলিশদের চিরন্তন দুর্বলতা আরও একবার যেন প্রকাশ্য হয়েছে এশিয়ায় এই ৫ টেস্টে। মধ্যপ্রাচ্যে আজমল-রেহমানের স্পিনের তো কোনো জবাবই ছিল না তাঁদের, শ্রীলঙ্কায়ও ২ টেস্টে ১৯ উইকেট নিয়েছেন রঙ্গনা হেরাথ। স্ট্রাউস জানালেন, তাঁদের কাজটা আরও কঠিন করে তুলেছে ডিআরএস, ‘যে কেউ খুব সহজেই বলে দিতে পারে, আমরা অভিজ্ঞ ক্রিকেটার, এ ধরনের কন্ডিশনে আগেও খেলেছি, কিন্তু কাজটা এত সহজ নয়। ডিআরএসের কারণে প্রচলিত অনেক ধারণাই পাল্টে গেছে। আমাদের টেকনিক নিয়ে নতুন করে ভাবতে হয়েছে, কাজ করতে হয়েছে। এর সুফল আমরা পেতে শুরু করেছি। এই শীতের শুরুতে যেমন ছিল, এর চেয়ে এখন আমরা অনেক ভালো।’আত্মবিশ্বাস বেড়েছে। তবে এক জয়েই উচ্ছ্বাসে ভেসে যেতে চান না স্ট্রাউস, ‘আমার মনে হয় না কাজ শেষ হয়ে গেছে। ক্রিকেটে শেষ বলে কিছু নেই। প্রশ্ন উঠবে, এর উত্তর দিতে হবে। আবার নতুন করে প্রশ্ন উঠবে। শ্রীলঙ্কা সফরটা কঠিন ছিল, অন্তত কিছু একটা করতে পেরে আমরা তৃপ্ত ও গর্বিত। কিন্তু এখন আবার সামনে তাকাতে হবে, আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ম এটাই।’ফ্লাওয়ারের ধারণা, সামনে এগিয়ে যেতেই প্রয়োজন বিশ্বমানের একজন অলরাউন্ডার, ‘ছেলেরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তাতে আমি খুশি ও গর্বিত। অনেক পরিশ্রম করেছে ওরা, এর ফল পেতেও শুরু করেছে। তবে আমাদের প্রয়োজন বিশ্বমানের একজন জেনুইন অলরাউন্ডার যে ব্যাটিং-বোলিংয়ে দলকে গভীরতা এনে দেবে। অ্যান্ড্রু ফ্লিনটফের অবসরের পর এমন কাউকে আমরা পাইনি।’ ওয়েবসাইট।