এখন আফগানদের নিয়েও উদ্বিগ্ন বাংলাদেশ

এশিয়া কাপে আজকের ম্যাচের আগেই সবচেয়ে নির্ভার থাকার কথা বাংলাদেশ দলের। অথচ আজই কিনা সবচেয়ে বেশি চিন্তিত সবাই! যে আফগানিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেটে ভাবা হচ্ছে বাংলাদেশের জন্য ভবিষ্যৎ ‘জিম্বাবুয়ে’, সেই আফগানদের বিপক্ষে বাংলাদেশ প্রথমবারের মতো খেলতে নামছে খর্ব শক্তির দল নিয়ে!
বাংলাদেশ দলে এখন শুধু ‘নেই, নেই’ হাহাকার। টেলিভিশন ক্যামেরার সামনে অশোভন আচরণ করায় আজকের ম্যাচ পর্যন্ত সাকিবের খেলতে মানা। ঘাড়ের সমস্যার কারণে তামিম তো এশিয়া কাপের দলেই নেই। কাল দলে না থাকাদের মিছিলে যোগ দিলেন মাশরাফি বিন মুর্তজাও। পেটের বাঁ দিকের পেশিতে টান পড়ায় (সাইড স্ট্রেইন) ছিটকে গেছেন এশিয়া কাপ থেকে। মুশফিকুর রহিমের আশার সলতে এখনো জ্বলছে। তবে আজ খেলার আগে উতরাতে হবে ফিটনেস পরীক্ষায়।
মুশফিক পরীক্ষাটা উতরাতে পারলেই ভালো। নইলে বাংলাদেশ দল পড়তে পারে আরও সংকটে। মুশফিক অধিনায়ক, তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন কে? বাংলাদেশের যেকোনো সহ-অধিনায়কই নেই! একটি সূত্রে অবশ্য জানিয়েছে, মুশফিক এ ম্যাচে খেলতে না পারলে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন আবদুর রাজ্জাক। ভারতের বিপক্ষে ম্যাচে অধিনায়ক আহত হয়ে মাঠ ছাড়ার পরও শেষ কয়েক ওভার তিনিই পরিচালনা করেছিলেন দল। কাল সংবাদ সম্মেলনে কোচ শেন জার্গেনসেনও আভাস দিলেন, ‘দুটি নাম আছে। মুশি (মুশফিক) যদি সুস্থ না হয়, রাজ্জাক এবং নাসিরের মধ্য থেকে একজন অধিনায়ক হতে পারে। তবে ব্যাপারটা নির্ভর করছে বোর্ডের অনুমোদনের ওপর।’
এভাবে না হয় একটা সংকট কাটানো গেল। কিন্তু আসল জায়গায় আফগানদের সামনে কী নিয়ে দাঁড়াবে বাংলাদেশ? সংবাদ সম্মেলনে এসে আফগানিস্তানের পেসার হামিদ হাসান যে হুংকার ছেড়ে গেলেন, ‘আমরা কাল (আজ) ভালো কিছু করতে চাই, বাংলাদেশকে হারাতে চাই’, তার জবাব দেওয়ার মতো সব অস্ত্র কি থাকছে মুশফিক বা রাজ্জাকের ভান্ডারে?
পাকিস্তানের বিপক্ষে ম্যাচে একটা জিনিস খুব ভালোভাবে প্রমাণিত যে, আফগানদের এই দলের ব্যাটসম্যানরা স্পিন বোলিংয়ের সামনে খুবই দুর্বল। মুশফিকদের জন্য এটা সুখবর। বাংলাদেশের বোলিং শক্তির মূল অস্ত্রই যে স্পিনাররা! সাকিবের অনুপস্থিতে সেখানে কিছুটা শক্তিহ্র্রাস করলেও রাজ্জাকের মতো অভিজ্ঞ স্পিনার আছেন দলে, আছেন আরেক চটপটে বাঁহাতি স্পিনার আরাফাত সানিও। ঘূর্ণি বলে আজ জুটি বাঁধার কথা এ দুজনের। কাল অনুশীলনের একাগ্রতা দেখে মনে হলো, ব্যাট হাতে টপ অর্ডারে দেখা যেতে পারে ইমরুল কায়েসকেও। একটি সূত্রের অবশ্য দাবি, শেষ পর্যন্ত মুশফিক না খেললেই কেবল একাদশে থাকবেন ইমরুল। তবে এত জল্পনা-কল্পনার চেয়ে দল জানতে আজ ম্যাচের আগ পর্যন্ত অপেক্ষা করাই ভালো। রাহুর দশায় পেয়ে বসা বাংলাদেশ শিবির থেকে কখন কোন দুঃসংবাদ উড়ে আসে কে জানে!
নতুন করে কোনো দুঃসংবাদ না এলেও বাংলাদেশের তুলনায় আফগানিস্তানই আজকের ম্যাচটা বেশি আত্মবিশ্বাস নিয়ে খেলবে। প্রথম ম্যাচে হারলেও পাকিস্তানকে কাঁপিয়ে দিতে পেরেছিল তারা। সেই আত্মবিশ্বাস সঞ্চারিত হবে বাংলাদেশ ম্যাচে। ‘গতকালের (পরশু) ম্যাচে আমরা খুবই ভালো খেলেছিলাম। কিন্তু কিছু ভুলের জন্য ম্যাচটা হেরে যাই’—বলছিলেন হামিদ।
বিপিএল এবং গত প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলার অভিজ্ঞতা বাংলাদেশের মাটিতে এশিয়া কাপটাকে একটু হলেও সহজ করছে আফগানদের জন্য। হামিদ নিজেই যেমন বিপিএল খেলেছেন বরিশাল বার্নার্সের হয়ে। এ ছাড়া গত প্রিমিয়ার লিগে খেলে যাওয়া কয়েকজন ক্রিকেটারও আছেন আফগানিস্তান দলে।
বাংলাদেশের ভয় অবশ্য যতটা না আফগানদের নিয়ে, তার চেয়ে বেশি নিজেদের নিয়েই। একে তো পূর্ণ শক্তির দল পাওয়া যাচ্ছে না, তার ওপর সময়টাও যাচ্ছে মন্দ ভাগ্যের। এশিয়া কাপের আগে মুশফিকুর রহিম বলেছিলেন, একটা জয়ই পারে হঠাৎ বিবর্ণ হয়ে পড়া বাংলাদেশ দলের মুখে উজ্জ্বল হাসি ফোটাতে। সে জয় ভারতের বিপক্ষে হলেই নিজেদের ফিরে পাওয়ার উপলক্ষ্যটা বেশি উপভোগ্য হতো। তা যখন হলোই না, আজ আফগানিস্তানকে হারিয়েও বাংলাদেশ পারে সবকিছু নতুন করে শুরু করতে।
আর নয়তো বাংলাদেশের মাটিতেই বাংলাদেশের নতুন প্রতিপক্ষ হিসেবে মাথা তুলে দাঁড়াবে আফগান-ক্রিকেট।