জেমি ডের অধীনে বাংলাদেশ
এখন আর গোল খেলেই শেষ নয়
আগে বাংলাদেশ দলকে শেষ সময়ে গোল খেতে দেখা যেত অনেক। এখন গোল খাওয়া কমেছে কিছুটা, গোল করতেও দেখা যাচ্ছে মাঝেমধ্যে।
এখন ম্যাচের শেষের দিকে গোলও করে বাংলাদেশ! বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের শেষের দিকে তপু বর্মণের গোলটি যেন বাংলাদেশ দলের নতুন এক চেহারাই তুলে ধরল। ম্যাচের দ্বিতীয়ার্ধে, বিশেষ করে শেষের দিকে বাংলাদেশকে গোল হজম করতে দেখেই অভ্যস্ত দর্শকেরা। তাই ৩৫ ধাপ এগিয়ে থাকা আফগানিস্তানের মতো দলের বিপক্ষে ৮৪ মিনিটে তপুর সমতাসূচক গোল কিছুটা হলেও অন্য বার্তা দেয়।
একটু পেছনে ফিরে তাকালে দেখা যাবে, প্রাক্–বাছাইয়ের যে গোলের ওপর ভর করে বাছাইয়ের দ্বিতীয় পর্বে খেলছে বাংলাদেশ দল, সেটিও এসেছিল ভিয়েনতিয়েনে স্বাগতিক লাওসের বিপক্ষে ৭১ মিনিটে। এ ছাড়া ২০১৮ সালে এশিয়ান গেমসে যোগ করা সময়ের গোলে কাতারকে হারানোর উদাহরণ তো আছেই। যদিও সেটি ছিল অলিম্পিক দল।
খেলোয়াড়দের ফিটনেসের উন্নতির কারণেই পরিবর্তনটা এসেছে বলে মনে করেন দেশের অভিজ্ঞ কোচেরা। ফিটনেসে পিছিয়ে থাকায় আগে বাংলাদেশকে শেষ সময়ে গোল খেতে দেখা যেত অনেক। এখন সেই জায়গায় উন্নতি করায় গোল খাওয়া কমেছে কিছুটা, গোল করতেও দেখা যাচ্ছে মাঝেমধ্যে।
সর্বশেষ ৫০টি ম্যাচের পরিসংখ্যানও এ কথাই বলছে। ২০১৮ সালে জেমি ডে দায়িত্ব নেওয়ার পর ২৫টি আন্তর্জাতিক ম্যাচে ২৮ গোল খেয়ে ২১টি গোল করেছে বাংলাদেশ। এর আগে ২০১৫ সাল থেকে শুরু করে ২০১৮ সালের মাঝামাঝি পর্যন্ত ২৫ ম্যাচ খেলে ৬৬টি গোল খেয়ে গোল করেছিল মাত্র ১৮টি।
বড় ব্যবধানটা মূলত বিশ্বকাপ বাছাইয়ে। ২০১৮ বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বে ৮ ম্যাচে ৩২ গোল খাওয়া বাংলাদেশ করেছিল মাত্র ২ গোল। একটি গোল আবার আত্মঘাতী। সেবার এশিয়ান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই লেগ মিলিয়ে খেয়েছিল ৯ গোল, জর্ডানের বিপক্ষে ১২টি।
এবারের বাছাইপর্বে এখন পর্যন্ত ৬ ম্যাচে ১৪ গোল খেয়ে বাংলাদেশ গোল করেছে ৩টি। এর মধ্যে এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের বিপক্ষে দুই লেগ মিলিয়ে খেয়েছে ৭ গোল। বাংলাদেশের ফিটনেসের উন্নতিটা বোঝা যায় দ্বিতীয়ার্ধের পরিসংখ্যানে। জেমি-যুগ শুরুর আগে সর্বশেষ ২৫ ম্যাচে দ্বিতীয়ার্ধে বাংলাদেশ গোল খেয়েছে ২৯টি। আর জেমির অধীনে ২৫ ম্যাচে দ্বিতীয়ার্ধে খেয়েছে ১৫ গোল। এই ম্যাচগুলোতে ৬০ মিনিটের পর ১৩টি গোলও করেছে বাংলাদেশ।
বাংলাদেশ দলের খেলা ফুটবলীয় সৌন্দর্যে মন ভরানোর মতো নয়। দলীয় রক্ষণটাই জেমির দলের মূল শক্তি। বল হারালে শৃঙ্খলিত হয়ে প্রতিপক্ষকে থামানোর জন্য এক সুতায় নিজেদের গাঁথা। ডি-বক্সের সামনে বিপজ্জনক মাঝ করিডরে প্রতিপক্ষকে কোনো জায়গা না দেওয়া, বিপজ্জনক পাস বন্ধ করা এবং ধাঁধায় পড়েও নিজেরা জমাট থাকা। ফুটবল ফিটনেসে ‘থ্রি এস’ বলে একটা বিষয় আছে—স্পিড (গতি), স্ট্রেংথ (শক্তি) ও স্ট্যামিনা (দম)। বিশেষজ্ঞরা বলছেন, এই ‘থ্রি এস’-এ উন্নতি হওয়াতেই বাংলাদেশের খেলায় পরিবর্তন এসেছে।
এর পেছনে ফিটনেসের উন্নতিটাকেই বড় কারণ বলে মনে করেন চট্টগ্রাম আবাহনী ও জাতীয় দলের সাবেক কোচ মারুফুল হক, ‘এখন ক্লাবগুলো ভালো কোচিং স্টাফ নিয়োগ দেওয়ায় ক্লাবেই ভালো অনুশীলন হয়। বেশ কয়েকটি দলের ট্রেনারও আছে। এতে খেলোয়াড়েরা ফিট থাকছে। লিগে এসে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলছে তারা। সব মিলিয়ে উপকারটা পাচ্ছে জাতীয় দল।’
মারুফুলের সঙ্গে একমত শেখ রাসেলের কোচ সাইফুল বারীও, ‘জেমিকেও কৃতিত্ব দিতে হবে। গোল খেয়ে শেষের দিকে ম্যাচে ফেরাটা ইতিবাচক ব্যাপার। লিগ প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়ার সুফল পাচ্ছে জাতীয় দল। জাতীয় দলের খেলোয়াড়েরা যে ক্লাবগুলো থেকে যাচ্ছে, সেখানে তাদের জীবনযাত্রায় অনেক পরিবর্তনই এসেছে। সবচেয়ে বড় পরিবর্তনটা হয়েছে খাদ্যাভ্যাসে।’