এখন আর্মস্ট্রংয়ের আশ্রয় তাঁর ফাউন্ডেশন
আজীবন নিষিদ্ধ হওয়ার কয়েক ঘণ্টা পর চেনা বেশেই দেখা গেল তাঁকে। মাথায় হেলমেট, পরনে কালো জার্সি, চোখে সানগ্লাস। শক্ত করে ধরা মুঠোয় ৭০ নম্বর বাইক। না, নিয়মিত কোনো রেসে নয়; ল্যান্স আর্মস্ট্রং পরশু যোগ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের কলোরাডোতে অনুষ্ঠিত ৩৬ মাইলের মাউন্টেন বাইক রেসে। কিগান সুইরবুল নামের ১৬ বছর বয়সী এক কিশোরের কাছে হেরে দ্বিতীয় হয়েছেন। পরাজয় এখন অক্টোপাসের মতোই যেন ঘিরে ধরেছে তাঁকে। জীবনে যা কিছু জিতেছেন, তার প্রায় সবটাই ফিরিয়ে দিতে হচ্ছে। ডোপ পাপের কলঙ্ক মাথায় নিয়ে ‘কিংবদন্তি’ থেকে ‘কলঙ্কিত’-এর কাতারে নেমে যাচ্ছেন। তার পরও আর্মস্ট্রংকে দেখে মনে হয়েছে দারুণ আত্মবিশ্বাসী। ক্যানসারকে হারিয়ে আসা এই সাইক্লিস্ট ভক্তদের উদ্দেশে একটা বার্তাও দিয়েছেন, ‘আমার জন্য কাউকে কাঁদতে হবে না। আমি ঠিকই থাকব। আমার পাঁচ-পাঁচটি দুরন্ত শিশু আছে, আমার জীবনে আছে অসাধারণ এক নারী। বাইরের এসব হইহল্লার পরও আমার ফাউন্ডেশন ঠিকই থাকবে। আমি মনে করি, মানুষ বুঝবে, সামনে এগিয়ে যাওয়ার জন্য এখনো আমার কাছে অনেক কিছুই আছে। আমি এখন সে সবেই মনোনিবেশ করছি। আমি মনে করি, মানুষেরও তাতে সমর্থন আছে।’এখন নিজের ফাউন্ডেশন নিয়েই ব্যস্ত থাকবেন। ক্যানসারের বিরুদ্ধে তাঁর এই লড়াইয়ে সমর্থন থাকছে সবার। ফাউন্ডেশনের প্রধান প্রধান স্পনসর এখনো তাঁর পাশেই আছে। যদিও আন্তর্জাতিক ডোপিং-বিরোধী সংস্থার প্রধান নির্বাহী জন ফাহে এমন মন্তব্য করেছেন, এক দশক ধরে আর্মস্ট্রং আসলে সাইক্লিং ট্যুর, তাঁর সব প্রতিপক্ষ ও লাখ লাখ ক্রীড়াপ্রেমীর সঙ্গে প্রতারণাই করেছেন।আর্মস্ট্রং নিজে আর নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি লড়াই চালাবেন না। যদিও এ নিয়ে ঝামেলা এখানেই শেষ হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে না। কারণ, সাইক্লিংয়ের আন্তর্জাতিক অভিভাবক সংস্থা সাইক্লিং ইউনিয়ন যুক্তরাষ্ট্রের ডোপিং-বিরোধী সংস্থা ইউএসএডিএর কাছে সব প্রমাণপত্র চেয়ে পাঠিয়েছে। শেষ পর্যন্ত আর্মস্ট্রংয়ের বিষয়টি আন্তর্জাতিক ক্রীড়া আদালত পর্যন্তও যেতে পারে। ৪০ বছর বয়সী মার্কিনি অবশ্য বলছেন, এসব নিয়ে তিনি মোটেই ভাবিত নন। রেসিং করলেও এখন শখের মাউন্টেন বাইক রেসিংই করবেন। কলোরাডোর রেসিংটাও দারুণ উপভোগ করেছেন। এখানে দর্শকদের কাছ থেকে পেয়েছেন ইতিবাচক সাড়াও। কেউ কেউ মনে করছেন, আর্মস্ট্রং অন্যায়েরই স্বীকার। মানুষের আবেগ বোঝা আসলেই কঠিন। আইনের চোখে আর্মস্ট্রং যখন পাপী প্রমাণিত, সেই সময় তাঁর ফাউন্ডেশন শুক্রবার অন্যান্য দিনের গড় তহবিল-সাহায্যের চেয়ে ২০ গুণ বেশি সাহায্য পেয়েছে! রয়টার্স।