এখন আশা উইম্বলডনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রজার ফেদেরার
রজার ফেদেরার

আগের ম্যাচেই রজার ফেদেরার ছুঁয়েছেন ইতিহাসের চতুর্থ খেলোয়াড় হিসেবে ৯০০তম জয়ের মাইলফলক। পাশাপাশি ফ্রেঞ্চ ওপেনে গিলের্মো ভিলাস ও নিকোলা পিয়েত্রাঙ্গেলির সর্বোচ্চ ৫৮ ম্যাচ জয়ের রেকর্ডও। আর একটা ম্যাচ জিতলেই ফ্রেঞ্চ ওপেনের সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ডটি তাঁর হয়ে যেত। কিন্তু সেই জয়টা পেলেন না ফেদেরার।

দ্বিতীয় শিরোপার দাবি জানিয়ে ফ্রেঞ্চ ওপেন শুরু করা ফেদেরার ছিটকে পড়েছেন কোয়ার্টার ফাইনাল থেকেই। তাঁকে হারিয়ে প্রথম বারের মতো ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে উঠে গেছেন ঘরের ছেলে জো-উইলফ্রায়েড সোঙ্গা। ১৯৮৩ সালে ফ্রেঞ্চ ওপেনের পুরুষ এককে ফ্রান্সকে সর্বশেষ শিরোপা এনে দিয়েছিলেন ইয়ানিক নোয়া। ওই জয়ের দুই বছর পর জন্ম নেওয়া সোঙ্গা পারবেন ফরাসিদের দীর্ঘ অপেক্ষা ঘোচাতে? উত্তর দেবে সময়। তবে ফেদেরারকে হারিয়ে সোঙ্গার আত্মবিশ্বাস তুঙ্গে। আর ফেদেরার?

রোলাঁ গাঁরোয় আরেকবার স্বপ্নভঙ্গ হলো, কিন্তু এটিকে পেছনে ফেলে সুইস কিংবদন্তি তাকাচ্ছেন সামনের দিকে। পাখির চোখ করছেন উইম্বলডনকে। এ মাসেরই শেষ দিকে শুরু হবে উইম্বলডন। তার আগে ফেদেরার অনুপ্রেরণা খুঁজে নিচ্ছেন অন্য রকম একটা উপলক্ষ থেকে। ২০০৩ সালে এই উইম্বলডনেই ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লামটি জিতেছিলেন ফেদেরার। সেই জয়ের ১০ বছর পূর্তি এবার। পরশু ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে হারের পর সুইস তারকা বলেছেন, ‘আমি ঘাসের কোর্টের মৌসুম ভালোবাসি। বিশেষ করে, এবার তো আমার প্রথম উইম্বলডন জয়ের ১০ বছর। কাজেই আমি তাকাচ্ছি হ্যালে এবং উইম্বলডনের দিকে, ১০ বছর আগে যেখানে আমি ডাবল জিতেছিলাম। আমি নিশ্চিত, এটা হতে যাচ্ছে চমৎকার এক টুর্নামেন্ট।’

সামনের লক্ষ্য নির্ধারণ করে হয়তো রোলাঁ গাঁরোর হতাশা চাপা রাখতে চাইছেন। কিন্তু আসলেই কি তা পারছেন সুইস গ্রেট? ২০০৮ সালে এই ফ্রেঞ্চ ওপেনেরই ফাইনালে রাফায়েল নাদালের কাছে হেরে গিয়েছিলেন সরাসরি সেটে। তিন সেটে নাদাল তাঁকে জিততে দিয়েছিলেন মাত্র চারটি গেম! ম্যাচে ফেদেরারের অসহায় আত্মসমর্পণ দেখেই প্রথমবারের মতো ওই প্রশ্নটি উঠে যায়—তবে কি ফেদেরার শেষ? ফেদেরার এর জবাব দেন ওই বছরই ইউএস ওপেন জিতে। পরের বছর প্রথমবারের মতো জেতেন ফ্রেঞ্চ ওপেনও। ২০০৯ সালে উইম্বলডন, ২০১০ সালে অস্ট্রেলিয়া ওপেনের পর ফেদেরার উইম্বলডনে জিতেছেন গত বছরও। কিন্তু এবারও সোঙ্গার কাছে সরাসরি সেটে (৫-৭, ৩-৬, ৩-৬ গেমে) হেরে যাওয়ায় প্রশ্নটার পালে জোর হাওয়া লেগেছে—ফেদেরারের দিন সত্যিই হয়তো ফুরোল!

প্রশ্ন উঠছে আরেকটি তথ্যেও। গত ১৩ বছরে এই প্রথম এখন পর্যন্ত কোনো শিরোপা জিততে পারেননি ফেদেরার। ফেদেরার পারবেন আরেকবার নিন্দুকদের মুখ বন্ধ করতে? এদিকে ফেদেরারের হারে একটা ব্যাপার নিশ্চিত হয়েছে, নাদাল, জোকোভিচ, ফেদেরার, মারে—দুই বছর পর এই ‘বিগ ফোরের’ বাইরের একজন খেলছেন ফাইনালে। সেমিতে সোঙ্গার প্রতিপক্ষ ডেভিড ফেরার। যিনি স্বদেশি টমি রবরেডোকে হারিয়ে উঠেছেন সেমিতে। এএফপি।