এখন করে দেখাতে চান শাহরিয়ার

‘এক লাইনে আপনার ক্যারিয়ারটাকে কী বলবেন?’
শুরুতেই এমন প্রশ্ন শুনে একটু অপ্রস্তুত শাহরিয়ার নাফীস। মাত্রই জিমে অনেকক্ষণ কাটিয়ে এসেছেন। একটু পরই শুরু হবে যোগব্যায়াম। এর ফাঁকে শেরেবাংলার ড্রেসিংরুমে কথোপকথন। খানিকটা ভেবে শাহরিয়ারের উত্তর, ‘শুরুটা খুব ভালো, এরপর ছন্দপতন। অমন শুরুর পর প্রত্যাশা একটু বেশিই ছিল...।’ দৃষ্টি দূরের ওই স্কোরবোর্ড ছাড়িয়ে যেন আরও সুদূরে। দীর্ঘশ্বাসও কি পড়ল একটা! নিজেকেই যেন বললেন, ‘লট মোর টু অ্যাচিভ, লট মোর টু কাম।’
বাংলাদেশের ক্রিকেটে শাহরিয়ার নাফীসের আবির্ভাব এক ঝলক মুক্ত বাতাস হয়ে। ২০০৫ সালে দলে ঢুকে খুব দ্রুতই বড় ভরসা হয়ে উঠলেন টেস্ট-ওয়ানডে দুটিতেই। ২০০৬ সালে ওয়ানডেতে করেছিলেন ১০৩৩ রান, এর আগে-পরে বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান এক পঞ্জিকাবর্ষে হাজারের ঘর ছুঁতে পারেননি। ওই বছরই ফতুল্লা টেস্টে লি-গিলেস্পি-ওয়ার্ন-ম্যাকগিলদের বিপক্ষে তাঁর ১৩৮ হয়ে উঠল বাংলাদেশ ক্রিকেটের একটা বড় বিজ্ঞাপন। শেন ওয়ার্নের ৫৬ বলে ১০ চারে করেছিলেন ৬৭ রান! সহ-অধিনায়ক হয়ে ২০০৭ বিশ্বকাপে যখন গেলেন, তাঁর চার ওয়ানডে সেঞ্চুরি তখন বাংলাদেশের রেকর্ড। কিন্তু শাহরিয়ারের ক্যারিয়ারে মনে রাখার মতো কীর্তি ওখানেই শেষ!
২০০৭ বিশ্বকাপে বিস্ময়কর বাজে ফর্ম, হঠাৎই দলে অনিয়মিত হয়ে পড়া এবং আইসিএলে যোগদান—কমবেশি সবারই জানা এসব। ওই হঠাৎ ছন্দপতন নিয়ে আলোচনা, গবেষণা কম হয়নি। পেছন ফিরে তাকিয়ে শাহরিয়ারের উপলব্ধি, ‘এর আগে আমার জীবনে স্ট্রাগল বলে কিছু ছিল না। বয়সভিত্তিক পর্যায় থেকে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম দুই বছর সবকিছু ছিল দারুণ মসৃণ। হঠাৎ করেই যখন স্ট্রাগল করতে শুরু করলাম, সামলাতে পারিনি। তখন যে সমর্থনটা প্রয়োজন ছিল, সেটাও পাইনি। একটি টুর্নামেন্টের পারফরম্যান্স (২০০৭ বিশ্বকাপ) দিয়ে আমাকে বিচার করা উচিত হয়নি। আরেকটু বেশি সুযোগ, মানসিক সমর্থন আমার প্রাপ্য ছিল।’
তাঁর অভিষেকের দিন থেকে আইসিএলে যাওয়ার আগ পর্যন্ত সময়টুকুতে টেস্ট-ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রান ছিল শাহরিয়ারেরই। ১৫ টেস্টে ১ সেঞ্চুরি ও ৪ ফিফটিতে ৮১০, ওয়ানডেতে ৬০ ইনিংসে ৪ সেঞ্চুরি ও ১০ ফিফটিতে ১৮৫৭। দলের সেরা পারফরমার হয়ে আরেকটু বেশি সুযোগ দাবি করতেই পারেন! কিন্তু আইসিএল-অধ্যায় শেষে দলে ফিরেছেন, সেটাও সাড়ে তিন বছর পেরিয়ে গেল। এখনো তো দলে জায়গাই পাকা করতে পারলেন না! ফেরার পর ৯ টেস্টে ৩ ফিফটিতে রান ৪৫৭, ১৫ ওয়ানডে ইনিংসে ৩ ফিফটিতে ৩৪৪। শাহরিয়ার বলতে তাই এখনো সাত বছর আগের ওই ১৩৮, ২০০৬ সালে ওই হাজার রান। পরিসংখ্যানই শুধু নয়, ব্যাটিংয়ের ধরনেও নতুন অধ্যায়ের শাহরিয়ার আগের জনের ছায়া।
আইসিএল-পরবর্তী অধ্যায় নিয়ে শাহরিয়ার দায়টা দিলেন দল নির্বাচনকে, ‘টানা সুযোগ খুব বেশি পাইনি। ২০০৭ বিশ্বকাপের পর এখন পর্যন্ত একটা সিরিজও টেনশন ছাড়া খেলতে পারিনি। সব সময়ই মাথায় চিন্তা, খারাপ খেললেই বাদ পড়তে হবে। এই ভাবনাটা খেলায় দারুণভাবে প্রভাব ফেলছে।’ আইসিএল থেকে জাতীয় দলে ফেরার পর বাংলাদেশের ১৮ টেস্টের ৯টিতে সুযোগ পেয়েছেন, ৪৩ ওয়ানডের ১৫টিতে। পর্যাপ্ত সুযোগ না পাওয়ার কথা তাই বলতেই পারেন। তবে নিজেও মানছেন, টেস্টে অন্তত আরও ভালো পারফর্ম করা তাঁর উচিত ছিল।
এখানেও চলে আসছে ওই মানসিক বাধাটার কথা, দলে জায়গা নিয়ে অনিশ্চয়তা। এটা দূর করার উপায়ও জানেন, ‘প্রয়োজন টানা কয়েকটি ভালো ইনিংস। পরপর তিন-চারটা ভালো ইনিংস খেললে নির্বাচকেরা আস্থা পাবেন, আমারও নিজের প্রতি বিশ্বাসটা পুরোপুরি ফিরে আসবে।’ এখানেই ফিরে আসছে শুরুর প্রশ্ন, এই শাহরিয়ারকে দিয়ে সেটি সম্ভব? সম্ভব সেই ২০০৬-এর শাহরিয়ারকে ফিরে পাওয়া?
তাঁর নিজের আত্মবিশ্বাসের কমতি নেই, ‘কেন সম্ভব নয়? একটা উদাহরণ টানতে চাই। ২০০৬ সালে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টিতে আমি অধিনায়ক ছিলাম। এরপর কোনো টি-টোয়েন্টি দলের প্রাথমিক স্কোয়াডেও আমি সুযোগ পাইনি। কিন্তু গত বিপিএলে দেখিয়েছি যে টি-টোয়েন্টিটাও খেলতে পারি। ওয়ানডে ও টেস্টেও আরও ভালো কিছু না পারার কারণ নেই। মানসিকভাবে আমি আগের চেয়ে অনেক বেশি পরিণত, আগের চেয়ে অভিজ্ঞ।’
ফিটনেস নিয়ে প্রশ্ন ছিল, ক্যাম্পে তাই অনেক খাটছেন, ‘মুশফিকের মতো সুপার ফিট হতে না পারি, কাছাকাছি হতে পারব, আশা করি।’ ব্যাটিংয়েও আগের যেকোনো সময়ের চেয়ে অনেক ভালো অবস্থা বলে দাবি করলেন। শ্রোতার চোখেমুখে ফুটে ওঠা সংশয়টা বুঝতে পেরে নিজে থেকেই বললেন, ‘উন্নতি হয়েছে বলে গলা ফাটিয়ে লাভ নেই। জানি, পারফর্ম করে দেখাতে হবে। তাই ঠিক করেছি দলে জায়গা, বা আগে কী হয়েছে, কী হয়নি এসব নিয়ে আর ভাবব না। সময় এখন করে দেখানোর। ব্যাট হাতে নামব, ভালো করব। ব্যস!’
এই দৃঢ়প্রতিজ্ঞার প্রতিফলন কি পড়বে ব্যাটিংয়ে? দেখা যাক!: