এখন কিছু করে দেখানোর সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কথা অনেক হয়েছে। এবার কিছু করে দেখানোর সময়।’ টেস্ট ম্যাচে হারার পর থেকে এই বাণীটা স্টুয়ার্ট ল নিয়মিত উচ্চারণ করে যাচ্ছেন। কাল দুপুরে হারারে স্পোর্টস ক্লাব মাঠে দাঁড়িয়ে আবারও তা বললেন।একটা ছবি তোলার জন্য মোহাম্মদ আশরাফুলের পাশে দাঁড়াতে অনুরোধ করলেন বাংলাদেশের সাংবাদিক। আশরাফুলকে কিছু একটা বোঝাচ্ছেন, এমন একটা অভিনয় করতে গিয়ে থেমে গেলেন ল। একটা হাসি দিয়ে বললেন, ‘এনাফ টক। নাউ টাইম টু ডু সামথিং।’‘টাইম টু ডু সামথিং’ এই সিরিজে এখন বাংলাদেশ দলের ‘থিম সং’-ই বলতে পারেন। কিন্তু ‘সামথিং’ করার আত্মবিশ্বাসটা যে একেবারে তলানিতে। ক্রিকেটে আত্মবিশ্বাস জিনিসটা বড় ঠুনকো। অনেক সময় একটা পরাজয়েই সেটি ভেঙে চুরচুর হয়ে যায়। আর বাংলাদেশের পরাজয়ের বৃত্তে ঘুরে মরা তো সেই কবে থেকে। বাংলাদেশের খেলোয়াড়দের তা ভালোই মনে আছে। সেটি জানিয়ে দিলেন মুশফিকুর রহিম।প্র্যাকটিস শেষে গভীর চিন্তামগ্ন মুখে বাসের দিকে এগোচ্ছেন। ‘জিম্বাবুয়েতে তো পরাজয়ের হ্যাটট্রিক হয়ে গেল’ শুনে বললেন, ‘শুধু জিম্বাবুয়ে কেন, সেই কবে থেকেই তো আমরা শুধু হারছি। সর্বশেষ জিতেছি হল্যান্ডের বিপক্ষে সেই বিশ্বকাপে।’ বিষণ্ন মুখে তার চেয়েও বিষণ্ন হাসি।বিশ্বকাপে ইংল্যান্ড ও হল্যান্ডের বিপক্ষে জয়ের পর টানা পাঁচটি ওয়ানডেতে হার। এর চারটি ম্যাচ দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বলে এটি এমনিতে খুব বড় ব্যাপার হতো না। কিন্তু এই জিম্বাবুয়ে সফর যে বাংলাদেশের ক্রিকেটে ঘোর অমানিশা নামিয়ে আনছে।সাকিব আল হাসানের মনে যা-ই থাক, মুখ দেখে সেটি অনুমান করা কঠিন। সংক্ষিপ্ত অধিনায়কত্ব ক্যারিয়ারে এর আগেও চাপে পড়েছেন। এবারের চাপটা কি সবচেয়ে বেশি? টেস্টের পর প্রথম ওয়ানডেতে হারার পর আজ তো জয়ের বিকল্প নেই। সাকিব হাসেন, ‘প্রথম ম্যাচে জিতলেও আমরা বাকি চারটি ম্যাচই জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামতাম।’জিম্বাবুয়ে অধিনায়ক ব্রেন্ডন টেলর সিরিজ শুরুর আগেই এটির নাম দিয়ে দিয়েছেন, স্পিন ভার্সাস স্পিন। সাকিব আল হাসান একদমই তা মনে করেন না। তাঁর কাছে এই সিরিজের নাম—ব্যাটিং ভার্সাস ব্যাটিং। ‘এই উইকেটে স্পিনারদের জন্য কিচ্ছু নেই। ব্যাটসম্যানদের বড় রান করতে হবে। এ ছাড়া জেতার আর কোনো উপায় নেই।’প্রথম ম্যাচে টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণেই কি এ কথা বলছেন? বাংলাদেশের প্রথম চার ব্যাটসম্যান মিলে করেছেন মাত্র ৩১ রান। ম্যাচ তো আসলে সেখানেই শেষ। তিন বাঁহাতি স্পিনারের পারফরম্যান্সও এর চেয়ে ভালো কিছু নয়। তিনজন মিলে ২৫.২ ওভারে ১২৬ রান দিয়ে সবেধন নীলমণি একটি উইকেট। অথচ জিম্বাবুয়ের বিপক্ষে স্পিনই না বাংলাদেশের মূল অস্ত্র!তা হলে কি জিম্বাবুয়ে স্পিন খেলা শিখে গেল? দলের সঙ্গে আসা নির্বাচক হাবিবুল বাশার এমনই মনে করছেন, ‘জিম্বাবুইয়ান ব্যাটসম্যানরা স্পিন এত ভালো খেলছে যে তা দেখে আমরা একটু বিস্মিতই। এই দলটাকে সেই আগের জিম্বাবুয়ে দলের মতো মনে হচ্ছে।’জিম্বাবুয়ে দলে কিন্তু বাংলাদেশ দলের স্পিনারদের নিয়ে শ্রদ্ধা এখনো অটুট। দলের জয়ের পরও তৃতীয়বারের মতো নব্বইয়ের ঘরে আউট হওয়ার যন্ত্রণায় কাতর ভুসিমুজি সিবান্দা কাল দুপুরে মাঠে দাঁড়িয়ে বলছিলেন, ‘বাইরে থেকে সহজ মনে হতে পারে। কিন্তু বাংলাদেশের স্পিনারদের খেলা খুব কঠিন। ওরা অন্য কোনো দেশের স্পিনারদের মতো নয়। বলের পেসে এত ভ্যারিয়েশন!’সাকিব শুনে হাসলেন, ‘ও ভদ্রতা করে বলেছে।’ বাংলাদেশ যেন দ্বিতীয় ওয়ানডেতেও তিন বাঁহাতি স্পিনার নিয়ে নামার ‘ভুল’ করে, সে জন্য বলেনি তো? সাকিব এবার নিশ্চুপ। একাদশে কী পরিবর্তন হতে পারে, সেটি ম্যাচের আগে জানাবেন না বলে যে পণ করেছেন।ক্রিকেটীয় যুক্তি বলে, এই ম্যাচে একজন বাঁহাতি স্পিনারের জায়গায় একজন পেসার আসা উচিত। আসতেও পারে। তবে বোলিং কম্বিনেশন যা-ই হোক, সাকিবের কাছে ম্যাচ জেতার একটাই মন্ত্র—ব্যাটসম্যানদের রান করতে হবে। প্রথম ওয়ানডে তাঁকে আরও ভালো করে বুঝিয়ে দিয়েছে, বাংলাদেশে জিম্বাবুয়েকে স্পিনে বধ করা যাবে, তবে এখানে নয়। তা হলে দুই বছর আগে সর্বশেষ সফরে বাংলাদেশ জিতল কীভাবে? ‘স্পিনাররা জিতিয়েছে, কে বলল? আমরা জিতেছি ভালো ব্যাটিং করেছি বলে। আশরাফুল ভাই এক ম্যাচে সেঞ্চুরি করেছে, আরেক ম্যাচে মুশফিক ভাই ৯৮, ওরা তিন শর বেশি করার পরও তামিম ১৫৪ করে জিতিয়েছে। একটা ম্যাচেই আমরা বেশি রান করতে পারিনি, সেটি হেরেছি’—ভুলটা ধরিয়ে দিলেন সাকিব।যাঁর ব্যাট জ্বলে উঠলে তিন শর বেশি রান তাড়া করাও কোনো ব্যাপার হয় না, পরাজয়ের বৃত্ত থেকে বেরোতে সেই তামিম ইকবালের দিকেই তাকিয়ে বাংলাদেশ। এই ম্যাচটা আবার তামিমের কাছে বিশেষ কিছু। সাড়ে চার বছর আগে যে মাঠে ওয়ানডে অভিষেক, সেখানেই আজ খেলতে নামছেন শততম ওয়ানডে। আনুষ্ঠানিকভাবে কথা বলবেন না প্রতিজ্ঞা করায় তিনি কী ভাবছেন জানা গেল না। তবে দল চাইছে, তামিম তাঁর স্বাভাবিক খেলাটা খেলুক। স্টুয়ার্ট লর সঙ্গে সুর মিলিয়ে সাকিবও বললেন, প্রথম ওয়ানডেতে স্বাভাবিকভাবে না খেলে বাংলাদেশের দুই ওপেনার বেশি সাবধানী ছিলেন বলেই সমস্যাটা হয়েছে।কিন্তু এটা কি বোলিংয়ের ওপরও নির্ভর করে না? ব্রায়ান ভিটরি তো দুর্দান্ত বোলিং করছেন। একটু দুশ্চিন্তাও কি উপহার দেননি জিম্বাবুইয়ান বাঁহাতি পেসার? সাকিব মানলেন না, ‘আমাদের ওপরই সব নির্ভর করে। ব্যাটসম্যান ঠিকভাবে খেললে এই উইকেটে ব্রেট লি-শোয়েব আখতারও কিছু করতে পারবে না।’ব্রায়ান ভিটরি অবশ্যই ব্রেট লি-শোয়েব আখতার নন। কিন্তু মাঠে তো সেটি প্রমাণ করতে হবে। স্টুয়ার্ট ল যেমন বারবার বলছেন, ‘এখন কিছু করে দেখানোর সময়।’পারবে বাংলাদেশ?