এখন ক্ষমাহীন নকআউট পের্বর অপেক্ষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ ফুটবল
বিশ্বকাপ ফুটবল

নকআউট পর্ব বলবেন, না ক্ষমাহীন পর্ব?
একটি মাত্র ভুল, একটি মাত্র গোলই শেষ করে দিতে পারে চার বছরের লালিত স্বপ্ন। বিশ্বকাপের ক্ষমাহীন সেই নকআউট পর্ব না জানি কী নাটক নিয়ে অপেক্ষা করছে!
গা গরমের গ্রুপপর্ব শেষে ‘এবার আসল বিশ্বকাপ শুরু’ জাতীয় শিরোনাম খুব চালু। এবার তা দিতে গিয়েও থমকে যেতে হচ্ছে। আসল বিশ্বকাপ এখন শুরু হচ্ছে? এত দিন শুধুই গা গরম করার খেলা?
তা হলে এই নামগুলো পরপর পড়ে যান—
১. স্পেন ২. ইতালি ৩. ইংল্যান্ড ৪. রাশিয়া
বিশ্বকাপ প্রথম পর্ব থেকেই চ্যাম্পিয়নদের বিদায় আগেও দেখেছে। গত তিনটি বিশ্বকাপেই দুবার। তার পরও স্পেনের বিদায়কে ও সবের সঙ্গে মেলানো যাচ্ছে না। সেটি ফুটবল ইতিহাসে আলাদা একটি পরিচ্ছেদ দাবি করছে। শুধু যে চ্যাম্পিয়নদেরই নয়, টিকি-টাকা দর্শনেরই ছুটি। এই বিশ্বকাপ যেন পালাবদলের গান। ওলট-পালটেরও।
‘ডি’ গ্রুপ মৃত্যুকূপ জানা ছিল। কিন্তু তাই বলে সেই মৃত্যুকূপে এমন তোলপাড়! না, কারও কল্পনাতেও ছিল না। টাটকা স্মৃতিটাই একটু রিওয়াইন্ড করে দেখুন না! আমাজনের কোলঘেঁষা মানাউসে প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে ‘যাক, আমরা অন্তত নিশ্চিন্ত’ বলে হাঁফ ছেড়েছিল ইতালি। এর ঘণ্টা তিনেক আগে কোস্টারিকার কাছে হেরে উরুগুয়ের স্বপ্ন ধূসর। আজ দ্বিতীয় পর্ব শুরুর দিনে ইতালি আর বিশ্বকাপে নেই। উরুগুয়ে আছে। কোস্টারিকাও! 
ওই তালিকায় তিন সাবেক চ্যাম্পিয়নদের পাশে রাশিয়ার নামটা 
বেমানান লাগছে হয়তো। কিন্তু বিশ্বকাপ ড্রয়ের পর কী ভেবেছিলেন, মনে করে দেখুন তো! ‘এইচ’ গ্রুপ থেকে বেলজিয়াম আর রাশিয়াই যাবে, তাই না? গ্রুপ জি-তে জার্মানিকে এড়াতে বেলজিয়ামের সঙ্গে জোর লড়াই হবে রাশিয়ার। বেলজিয়ামের মতো তারাও বাছাইপর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে এসেছে। রাশিয়ার গ্রুপে ছিল আবার পর্তুগালও। সেই রাশিয়া আজ কোথায়?
জার্মানির গ্রুপ জেতাটাও কি পূর্বনির্ধারিত কিছু বলে মনে হচ্ছিল নাকি! রোনালদোর পর্তুগাল আছে না গ্রুপে। জার্মানি-পর্তুগাল ম্যাচ ৪-০ ভেবেছিলেন কেউ?
এই বিশ্বকাপ আসলে চৈত্র দিনের ঝোড়ো হাওয়ার মতো সব পূর্বানুমান উড়িয়ে নিয়ে যাওয়ার খেলায় মেতেছে। সেই ঝোড়ো হাওয়ায় ঘুরপাক খেয়ে ওপরে উঠে আসছে এই চারটি নাম— 
১. কোস্টারিকা ২. গ্রিস ৩. আলজেরিয়া ৪. যুক্তরাষ্ট্র 
গ্রিস-আলজেরিয়া এই প্রথম বিশ্বকাপের দ্বিতীয় পর্ব। যুক্তরাষ্ট্র সেই প্রথম বিশ্বকাপেই তৃতীয় হয়েছিল, এর পরও কোয়ার্টার ফাইনাল খেলেছে একবার। কিন্তু রোনালদোর পর্তুগাকে টপকে দ্বিতীয় রাউন্ড ইয়ুর্গেন ক্লিন্সমানের কাছেও ছিল নির্ঘাত স্বপ্নে বসতি। আর কোস্টারিকা? কোস্টারিকাকে নিয়ে বোধ হয় কিছু আর বলার বাকি নেই। যেন সিন্ডারেলার গল্প। রীতিমতো রূপকথা!
সেই রূপকথা কি দ্বিতীয় রাউন্ডেই শেষ? মনে হচ্ছে না। গ্রিসের সঙ্গে খেলা। কোয়ার্টার ফাইনাল তো হাতছানি দিয়ে ডাকছেই। নকআউট পর্বের ১৬টি দলকে অঞ্চলওয়ারি ভাগ করলে তাৎপর্যপূর্ণ একটা চিত্র মেলে। ইউরোপের ৬টি দল, দক্ষিণ আমেরিকার ৫টি, উত্তর ও মধ্য আমেরিকা অর্থাৎ কনক্যাকাফের ৩টি এবং আফ্রিকার ২টি। শুধু এশিয়া আর ওশেনিয়ার কোনো প্রতিনিধি নেই। এটিতে তেমন কোনো বিস্ময় নেই। বিশ্ব ফুটবলে রক্তাল্পতায় ভোগা অঞ্চল বলতে তো এই দুটির নামই সবার আগে আসে।
আজ দ্বিতীয় রাউন্ডের শুরুর দিনটায় ‘কোপা দেল মুন্দো’ যেন ‘কোপা আমেরিকা’! প্রথম দুটি ম্যাচেই মুখোমুখি দক্ষিণ আমেরিকার চার দল। বিশ্বায়নের হাওয়ায় ফুটবলে মহাদেশগত পার্থক্য অনেকটাই ঘুচে গেছে। তার পরও দক্ষিণ আমেরিকা এখনো ইউরোপীয় দলগুলোর কাছে ‘বিদেশ-বিভুঁই’, ব্রাজিলে খেলা মানে দক্ষিণ আমেরিকা সব দেশই এখানে কমবেশি স্বাগতিক। লুইস ফেলিপে স্কলারি পর্যন্ত যে কারণে দ্বিতীয় রাউন্ডে চিলিকে এড়াতে চেয়েছিলেন। আরও দু-একটি কারণের কথাও বলেছেন, তবে প্রথম কারণটিই হলো, চিলি দক্ষিণ আমেরিকান দল। সুযোগ থাকলে উরুগুয়েও তাই কলম্বিয়াকে এড়াতে চাইত, কলম্বিয়া উরুগুয়েকে।
সেটি না হওয়ায় ইউরোপে অনুষ্ঠিত সর্বশেষ বিশ্বকাপটিতে যেমন হয়েছিল, তা হওয়ার সম্ভাবনা আর থাকছে না। ২০০৬ জার্মানিতে সেমিফাইনালে গিয়ে বিশ্বকাপ হয়ে গিয়েছিল ‘ইউরো চ্যাম্পিয়নশিপ’। চারটি দলই ইউরোপের। দ্বিতীয় রাউন্ডেই চারটি দল মুখোমুখি হয়ে যাওয়ায় এবার সেমিফাইনালে দক্ষিণ আমেরিকার দল থাকবে বড়জোর দুটি। কমপক্ষে একটি তো বটেই।
ড্রয়ের অন্য অর্ধে পড়ে আর্জেন্টিনা বরং এদিক থেকে নিশ্চিন্ত। ফাইনালের আগে কোনো দক্ষিণ আমেরিকান দলের সামনে পড়তে হচ্ছে না। গ্রুপপর্বের মতো নকআউটের ড্র-ও মেসির দলের প্রতি খুব সদয়। বিশ্বকাপজয়ী যে ৫টি দল এখনো টিকে আছে, তার চারটিই পড়েছে একদিকে। আর্জেন্টিনার অর্ধে শুধুই আর্জেন্টিনা।
১৯৮৬ বিশ্বকাপের পর বিশ্বকাপের নকআউট ম্যাচে কোনো ইউরোপীয় দলের বিপক্ষে নির্ধারিত সময়ে জয় নেই আর্জেন্টিনার। তার পরও দ্বিতীয় রাউন্ডে সুইজারল্যান্ডকে পেয়ে তাদের কোনো অভিযোগ থাকার কথা নয়। এটি জিতলে কোয়ার্টার ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ বেলজিয়ামকে নিয়েও নয়। সেমিফাইনালে উঠতে পারলে সেখানেই প্রথম বড় পরীক্ষা—সম্ভাব্য প্রতিপক্ষ হল্যান্ড। অন্য অর্ধে যেখানে সেমিফাইনালে আসতে দক্ষিণ আমেরিকান দুটি দলকে হারিয়ে আসতে হবে ব্রাজিলকে। জার্মানি ও ফ্রান্স তো মুখোমুখি হয়ে যাচ্ছে কোয়ার্টার ফাইনালেই। 
বাহ্, কী সুন্দর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালের লাইনআপ বলে দিচ্ছি! পাগুলে এই বিশ্বকাপে এত নিশ্চিত করে কিছু বলা যায় নাকি! 
যে বিশ্বকাপে প্রতিপক্ষ খেলোয়াড়কে কামড়ে দেওয়ার কারণে নিষিদ্ধ হন বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার, সেই বিশ্বকাপ নিয়ে আগাম কিছু না বলাটাই বোধ হয় নিরাপদ।