এখন ড্রতেই জয় দেখছে বাংলাদেশ

প্রথম দুই দিন বৃষ্টিকেই মনে হচ্ছিল উপদ্রব। আর এখন মনে হচ্ছে, হয়তো বৃষ্টিই পারে টেস্টটা বাঁচাতে। ঝিরঝিরে বৃষ্টির কারণে সকালে মিনিট বিশেক দেরিতে খেলা শুরু হলেও ঢাকা টেস্টের তিন দিনের মধ্যে কালই সবচেয়ে বেশি সময় খেলা হলো। আর তাতে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ব্যবধানটাও হয়ে উঠছে স্পষ্ট। প্রথম ইনিংসে ৮ উইকেটে ৪১৯ রান করে তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ড এগিয়ে ১৩৭ রানে।
দলের প্রতিনিধি হিসেবে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এসে বিভিন্ন রকম আশার কথা শোনালেন নাসির হোসেন। যদি বল টার্ন করতে শুরু করে, যদি দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং হয়...। দুটো এক সঙ্গে হওয়া যদিও খুব কঠিন, তার পরও আশা তো করাই যায়। তবে চট্টগ্রাম টেস্টে দারুণ এক ড্রয়ের পর ঢাকা টেস্ট নিয়ে যে আশার সঞ্চার হয়েছিল, তার সবই আসলে এখন ঢুকে পড়েছে ওই ‘যদি’র শর্তে। বাংলাদেশের কাছে এখন টেস্ট বাঁচাতে পারাটাই জয়ের সমান। আর নিউজিল্যান্ডের জন্য জয়টাই হবে স্বাভাবিক ফল।
দুই দলের দুই রকম সম্ভাবনা তৈরি করে দিয়েছে দুই দলের দুই রকম ব্যাটিং। বাংলাদেশের প্রথম দিনের ব্যাটিং বড় কিছুর সম্ভাবনা জাগালেও দ্বিতীয় দিনে মাত্র ৫৪ রানে ৫ উইকেট হারানো মাটি করেছে সবই। নিউজিল্যান্ডের ব্যাটিং ঠিক তার উল্টো। বিশেষ করে কোরি জেমস অ্যান্ডারসন। ৯৫ রানে গিয়ে সেঞ্চুরির জন্য ছটফট করা তামিম ইকবাল চাইলে দলের প্রয়োজন মেটানোর কাজটা শিখতে পারেন তাঁর কাছ থেকে।
১১৬ রানের ইনিংস খেলে নিউজিল্যান্ডকে লিড এনে দিতে নেতৃত্ব দিয়েছেন মাত্রই দ্বিতীয় টেস্ট খেলতে নামা অ্যান্ডারসন। আগের দিন নিউজিল্যান্ডের তিন ব্যাটসম্যানকেই আউট করেছিলেন সাকিব আল হাসান। বল করেছিলেন টানা ১১ ওভার। সেটার সঙ্গে কাল শুরু থেকে একটানা আরও ১৩ ওভার বল করে সাকিবের প্রথম স্পেলটা দাঁড়াল ২৪-৫-৬৫-৪। দিনের চতুর্থ আর নিজের দ্বিতীয় ওভারে রস টেলরকে স্লিপে ক্যাচ বানিয়েছেন নাসিরের। আগের দিনের ৩ উইকেটে করা ১০৭ রানটাকে ওই এক উইকেট হারিয়ে লাঞ্চের আগেই ২৩১-এ নিয়ে যায় নিউজিল্যান্ড।
টেলরের পর ব্রেসওয়েলকেও ফিরিয়ে টেস্ট ক্রিকেটে নিজের দশম পাঁচ উইকেটের সাফল্য তুলে নেন সাকিব। তবে থামাতে পারেননি অ্যান্ডারসনকে। পঞ্চম উইকেটে বিজে ওয়াটলিংয়ের সঙ্গে অ্যান্ডারসনের ১৪০ রানের জুটিটাই নিউজিল্যান্ডকে নিয়ে গেছে লিডের দিকে। অভিষেক টেস্ট খেলতে নামা পেসার আল আমিন হোসেনের বলে ড্রাইভ করতে গিয়ে এক্সট্রা কাভারে সোহাগ গাজীর হাতে ক্যাচ দেওয়ার ভুলটা না করলে যে তিনি কোথায় গিয়ে থামতেন কে জানে!
শুধু অ্যান্ডারসনকে সব কৃতিত্ব দিলে অবশ্য ওয়াটলিং-সোধিদের প্রতি অন্যায়ই করা হবে। ৩৩৫ রানে অষ্টম উইকেট পড়ার পর তৃতীয় দিন শেষ হওয়া পর্যন্ত নবম উইকেট জুটিতে ৮৪ রান তুলে অবিচ্ছিন্ন দুজনে। ওয়াটলিং ৫৯ রান করে অপরাজিত, সোধি ৫৫ রানে। অ্যান্ডারসনের মতো সোধিরও এটা দ্বিতীয় টেস্টেই ক্যারিয়ারের প্রথম ফিফটি। আর ছেলের এই কৃতিত্ব মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারিতে বসেই দেখেছেন বাবা রাজ সোধি। ইশ সোধির চার বছর বয়সের সময় পাঞ্জাবের লুধিয়ানা থেকে সপরিবারে নিউজিল্যান্ডে আবাস গাড়েন তাঁর বাবা। এর পর থেকে একজন নিউজিল্যান্ডার হিসেবেই বড় হয়েছেন এই লেগ স্পিনার কাম ব্যাটসম্যান। হ্যাঁ, মাত্র দ্বিতীয় টেস্টেই যে অমন ব্যাটিং করে দেখাতে পারেন, ব্যাটিং অর্ডারের লেজের দিকে থাকলেও তাঁকে অনায়াসে ব্যাটসম্যান বলেও চালিয়ে দেওয়া যেতে পারে।
তবে সোধিকে হুমকি হয়ে ওঠার সুযোগটা তৈরি করে দিয়েছে বাংলাদেশের ফিল্ডাররাই। ব্যক্তিগত ৩৪ রানে জীবন পেয়েছেন দুবার। প্রথমে সোহাগ গাজী নিজের বলে নিজেই ছেড়েছেন ক্যাচ। দুই ওভার পর রাজ্জাকের বলে মিড অফে পেছন দিকে ঝাঁপিয়ে পড়েও বলে কেবল হাতটাই লাগাতে পেরেছেন তামিম। বাংলাদেশের ফিল্ডারদের ওই সময় বেশ ক্লান্তও মনে হচ্ছিল। শরীরী ভাষাতেই ফুটে উঠছিল মনের অবস্থা। চট্টগ্রাম টেস্ট থেকে নিয়ে আসা আত্মবিশ্বাসটা যেন হারিয়ে যাচ্ছিল হতাশার আড়ালে।
স্কোরকার্ড
বাংলাদেশ ১ম ইনিংস: ২৮২
নিউজিল্যান্ড ১ম ইনিংস
(২য় দিন শেষে, ১০৭/৩; উইলিয়ামসন ২৮*, টেলর ৩৭*)
রান বল ৪ ৬
উইলিয়ামসন ক তামিম ব রাজ্জাক ৬২ ১৫১ ৬ ০
টেলর ক নাসির ব সাকিব ৫৩ ৭৯ ৫ ০
অ্যান্ডারসন ক সোহাগ ব আল আমিন ১১৬ ১৭৩ ১৩ ২
ওয়াটলিং ব্যাটিং ৫৯ ১৫৬ ৪ ০
ব্রেসওয়েল ক মুশফিক ব সাকিব ১৭ ৪৫ ২ ০
ওয়াগনার ক মার্শাল ব নাসির ৮ ২৬ ১ ০
সোধি ব্যাটিং ৫৫ ৬৭ ৭ ০
অতিরিক্ত (বা ৪, লেবা ৪, ও ২, নো ১) ১১
মোট (১৩৩ ওভারে, ৮ উইকেটে) ৪১৯
উইকেট পতন: ৩-১০১ (ম্যাককালাম, ৩০.১ ওভার), ৪-১২৭ (টেলর, ৩৬.৬), ৫-২৬৭ (উইলিয়ামসন, ৭৯.৪), ৬-২৮৭ (অ্যান্ডারসন, ৮৭.৩), ৭-৩১৮ (ব্রেসওয়েল, ১০০.৪), ৮-৩৩৫ (ওয়াগনার, ১০৯.৪)।
বোলিং: আল আমিন ১৬-৩-৫৮-১, সোহাগ ৩৪-৮-৭৭-০, সাকিব ৪০-১৩-৯৭-৫, রাজ্জাক ১৯-১-৮৪-১, রুবেল ১৮-১-৮১-০ (নো ১, ও ১), নাসির ৩-১-৭-১, মমিনুল ৩-০-৭-০।