এখন তিনি সংসদ সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শচীন টেন্ডুলকারের নামের আগে এখন থেকে ‘মাননীয়’ শব্দটাও বসিয়ে দিতে হবে। ভারতের ক্রিকেট-দেবতা এখন আনুষ্ঠানিকভাবে একজন সংসদ সদস্য। ঘোষণাটা এসেছিল গত ২৬ এপ্রিল, ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য হিসেবে কাল শপথ নিয়েছেন টেন্ডুলকার। শপথ অনুষ্ঠান হয়েছে ভারতের উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান হামিদ আনসারির কার্যালয়ে। ক্রিকেট মাঠের অগুনতি রেকর্ডের অধিকারী একটা জায়গায় ‘প্রথম’ হয়ে গেছেন রাজনীতির জগতেও। সংসদ সদস্য হওয়া প্রথম সক্রিয় ভারতীয় ক্রীড়াবিদ টেন্ডুলকার।টেন্ডুলকার সংসদ সদস্য হয়েছেন রাষ্ট্রপতির মনোনয়নে। রাজ্যসভার ১২টি পদ নির্দিষ্ট করা আছে রাষ্ট্রপতির মনোনয়নের জন্য। সাহিত্য, বিজ্ঞান, শিল্পকলা, সমাজসেবা প্রভৃতি ক্ষেত্রে বিশেষ জ্ঞান বা বাস্তব অভিজ্ঞতা আছে, এমন ব্যক্তিদের দেওয়া হয় মনোনয়ন। টেন্ডুলকারের সঙ্গে এবার মনোনীত হয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী রেখা ও ব্যবসায়ী অনু আগা। তাঁরা দুজন শপথ নিয়েছিলেন আগেই, আইপিএল ব্যস্ততার কারণে কিছুটা দেরিতে হলো টেন্ডুলকারের শপথ। রাজ্যসভার সদস্যপদের মেয়াদ ছয় বছর।কাগজপত্রে সই করার পর রাজনীতিতে আসার স্মারক হিসেবে টেন্ডুলকারকে পরিয়ে দেওয়া হয় সোনালি রঙের একটি শাল। শপথ অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী অঞ্জলি ও আইপিএল-প্রধান রাজীব শুক্লা। সংসদ অধিবেশন চলছে না বলে খুব বেশি সংসদ সদস্য উপস্থিত ছিলেন না শপথ অনুষ্ঠানে। তবে বাইরে বেরোলে যেমন লোকের ভিড়ে দাঙ্গা বেধে যাওয়ার মতো অবস্থা হয়, তেমনি সংসদের কর্মকর্তা-কর্মচারীদের বিশাল লাইন লেগে গিয়েছিল টেন্ডুলকারকে এক নজর দেখতে। শপথ নেওয়ার পর মুখোমুখি হন সংবাদমাধ্যমের। যথারীতি প্রশ্ন উঠল অবসর নিয়ে। টেন্ডুলকারের উত্তর সেই আগের মতোই, ‘আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে, কাউকে গিয়ে বলিনি আমি সংসদ সদস্য হতে চাই। ক্রিকেটের জন্যই আজ এখানে আমার জায়গা হয়েছে। ক্রিকেট থেকে তাই মন সরাতে পারি না! তবে ক্রিকেটের ফাঁকে যখন সময় পাব, তখন অন্য ইনিংসটার দিকে তাকাব। শুধু ক্রিকেট নয়, অন্যান্য খেলাধুলায়ও কীভাবে অবদান রাখা যায়, সেটা দেখব।’সংসদ সদস্য হয়ে এই সুযোগটাই সবচেয়ে বেশি নিতে চান টেন্ডুলকার। অবদান রাখতে চান সব খেলাতেই, ‘শুধু ক্রিকেট নয়, আমার মনে হয় অন্যান্য খেলাতেও অবদান রাখার জন্য আমি এখন আরও ভালো অবস্থায় আছি। অন্যান্য খেলাও অনেক গুরুত্বপূর্ণ। শুধু ক্রিকেটীয় পরিসংখ্যান নয়, এমন একজন হিসেবে স্মরণীয় হতে চাই যে অবদান রেখেছে সব খেলাতেই।’শপথ নেওয়ার পর অভিনন্দনের স্রোতে ভেসে যাচ্ছেন টেন্ডুলকার। ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও দাবার বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ অভিনন্দন জানিয়েছেন নতুন ইনিংসের শুরুতে। আর অভিনন্দনের পাশাপাশি কিছু দাবিও জানিয়েছেন সমাজকর্মী আন্না হাজারে, ‘আমরা ওকে স্বাগত জানাই। আশা করি, দুর্নীতির বিরুদ্ধে এবং লোকপাল ইস্যুর পক্ষে সংসদে শচীনের কণ্ঠ সোচ্চার হবে। বাইরে থেকে আমরা ওকে সব রকম সমর্থন দিয়ে যাব।’ ওয়েবসাইট।