এখন তিনি ‘ট্র্যাজিক হিরো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নায়ক তিনি ছিলেনই, হতে পারতেন মহানায়ক। কিন্তু ফুটবল-বিধাতা যে লিখে রেখেছিলেন অন্য রকম কিছু! ইতিহাস গড়া থেকে মাত্র এক পা দূরে ছিলেন যিনি, সেই আসামোয়া জিয়ানই কিনা শেষ পর্যন্ত হয়ে গেলেন ‘ট্র্যাজিক হিরো!’ তাঁর এক মুহূর্তের ভুলে ধূলিসাৎ হয়ে গেল একটি দেশের, একটি মহাদেশের স্বপ্ন! টাইব্রেকারে জিয়ান ঠিকই গোল করেছেন, মিস করেছেন তাঁর অধিনায়ক ও আরও এক সতীর্থ। কিন্তু এসব কেউ মনে রাখছে না। সবাইকে পোড়াচ্ছে জিয়ানের সেই পেনাল্টি মিস। অতিরিক্ত সময়ের ইনজুরি সময়ে পাওয়া যে পেনাল্টিটা জালে জড়াতে পারলে প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনালে উঠতে পারত ঘানা। নিজ মহাদেশের বিশ্বকাপে দারুণ কিছু পেত আফ্রিকাও।অথচ ঘানার কোয়ার্টার ফাইনালে আসায় সবচেয়ে বড় অবদান ছিল এই জিয়ানেরই। গ্রুপ পর্বে যে চার পয়েন্ট পেয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে ঘানা, সেই পয়েন্ট চারটি এনে দিয়েছিল জিয়ানের দুটি পেনাল্টি গোল। দ্বিতীয় রাউন্ডেও অতিরিক্ত সময়ে তাঁর করা দুর্দান্ত এক গোলে যুক্তরাষ্ট্রকে হারিয়ে শেষ আটে আসে ঘানা। পরশুর ম্যাচের আগে এই বিশ্বকাপে ঘানার চার গোলের তিনটিই ছিল জিয়ানের। গত বিশ্বকাপে করেছিলেন একটি গোল, উরুগুয়ের বিপক্ষে পেনাল্টিটা কাজে লাগাতে পারলে বিশ্বকাপে আফ্রিকার সবচেয়ে বেশি গোলের রেকর্ডটাও ছুঁতে পারতেন জিয়ান। পাঁচ গোল করে যে রেকর্ডটি ক্যামেরুনের রজার মিলার।খেলা শেষে অনেকক্ষণ মাটিতে শুয়ে থাকলেন জিয়ান, সতীর্থরা টেনে তোলার পর দেখা গেল চোখে অশ্রু। স্বপ্নভঙ্গের বেদনায় মর্মাহত, তবে একটু ধাতস্থ হয়েই জিয়ান জানিয়েছেন একেবারে ভেঙে পড়েননি তিনি, ‘আমি ঘুরে দাঁড়াব, মানসিকভাবে আমি ভীষণ শক্ত। ওই সময়ে পেনাল্টি নেওয়ার সাহস আমার ছিল। আর এটাই স্বাভাবিক, আমিই সব সময় পেনাল্টি নিই।’ জিয়ান পাশে পাচ্ছেন সতীর্থদেরও। পরশু ম্যাচে দুর্দান্ত খেলা গোলকিপার রিচার্ড কিংসন বলেছেন, ‘ড্রেসিংরুমে আমরা ওকে সান্ত্বনা দিয়েছি। সবকিছুর পরে এটা একটা খেলা, আমাদের এসব ভুলে যেতে হবে।’ কিংসনের কথার প্রতিধ্বনি ডিফেন্ডার জন পান্টসিলের কণ্ঠেও, ‘আমি ওর সঙ্গে কথা বলেই যাচ্ছি। স্বাভাবিকভাবেই ওর খুব খারাপ লাগছে, এটা ভোলা সহজ নয়। তবে এটা স্রেফ একটা পেনাল্টি, যে কেউ মিস করতে পারে। এটা ফুটবলেরই অংশ। এটা মোটেও কোনো ভুল নয়, মোটেও না। সে হূদয় দিয়েই কিক নিয়েছে।’এতসব সান্ত্বনা জিয়ানের হূদয়ের ক্ষতে কতটুকু প্রলেপ দিতে পারবে কে জানে! নিশ্চিতভাবে তাঁকে অনেক দিন তাড়িয়ে বেড়াবে এই মিস! ওয়েবসাইট।