এখন তো সোনা হচ্ছে ২৩-২৪টি!
দক্ষিণ এশীয় গেমসে এক-দুটি সোনা জিততেই অতীতে অনেকবারই হিমশিম খেয়েছে বাংলাদেশ। সোনা যেন ছিল সোনার হরিণ। কিন্তু এবার যেভাবে প্রতিশ্রুতির বন্যা বইছে, তাতে মনে হতে পারে দেশের মাটিতে আয়োজিত গেমসটা বাংলাদেশের সামনে সোনার দরজা উদার হাতে খুলে দিতে তৈরি!গেমসের গত ১০টি আসরে বাংলাদেশ সাকল্যে সোনা জিতেছে ৪১টি। এবার ১৫৪টি সোনার মধ্যে বাংলাদেশ নাকি সোনা জিততে পারে ১৭টি! এই জরিপ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ)। প্রত্যাশা এই জরিপকেও ছাড়িয়ে গেল। গেমসে এবার বাংলাদেশ শেষ পর্যন্ত ২৩-২৪টি সোনা জিতে যেতে পারে!ভুল লেখা হয়নি। ফেডারেশনগুলোর আশাবাদ ধরলে তাই বলতে হয়। গেমসের ২৩টি দলের ধারাবাহিক সংবাদ সম্মেলন কাল শেষ হওয়ার পর দাঁড়িয়েছে এমন উচ্চাকাঙ্ক্ষী হিসাবই। খেলোয়াড়-কোচ-কর্মকর্তার দেওয়া প্রতিশ্রুতির প্রতিফলন মাঠে ঘটলে এবার স্বাগতিক দেশের নামের পাশে সোনার ছড়াছড়ি থাকবে। আগের দুবারের আয়োজনে বাংলাদেশ জিতছে ৯ ও ১১টি সোনা। সেদিক থেকে এবার সোনার সংখ্যা বাড়াই স্বাভাবিক হবে। কিন্তু গত তিনটি গেমসে যেখানে বাংলাদেশের প্রাপ্ত সোনা ৮টি, অন্যরা অনেক এগিয়ে যাওয়ায় পাত্তাই মিলছে না বাংলাদেশের; তাই ২৩-২৪ সোনা জয়ের প্রত্যাশার কথা শুনে অনেকেই রসিকতা করে বলছেন, ‘এত সোনা বাংলাদেশ রাখবে কোথায়!’বিওএর হিসাব মতে, মার্শাল আর্টের খেলাগুলো (তায়কোয়ান্দো, কারাতে, উশু) থেকে চারটি, অ্যাথলেটিকস-সাঁতার-শ্যুটিং থেকে দুটি করে সোনা আসতে পারে। ভারোত্তোলন, বক্সিং, সাইক্লিং, গলফ, আর্চারিতে আসতে পারে একটি করে। বাকি দুটি সোনা হ্যান্ডবল আর মহিলা ফুটবলে। পুরুষ ফুটবল দলকে গোনায়ই ধরা হয়নি, তবে কর্মকর্তারা ‘সোনা জিতব’ বলছেন। সংবাদ সম্মেলনে ফুটবলে সোনার লড়াই দেওয়ার প্রতিশ্রুতি এসেছে জোরেশোরেই।বড় মুখ করে সোনা জয়ের কথা বলেনি ভারোত্তোলন, আর্চারি। তবে বিওএর ধারণা, এই দুটি খেলায় দুটি সোনা আসার সম্ভাবনা আছে। হ্যান্ডবল-মহিলা ফুটবলে সোনার আশা বাড়াবাড়ি হলেও দুটি দলই ভালো করছে, তাই বিওএর সোনার প্রত্যাশা। যদিও কাজটা খুবই কঠিন।বিওএর দেওয়া হিসাবের চেয়েও বেশি সোনা জয়ের সম্ভাবনার কথা বলেছে কারাতে, গলফ, তায়কোয়ান্দো। দুটি সোনার আশা এই খেলাগুলোয়। এমনকি দুটি সোনা জয়ের কথা বলেছে জুডো। যদিও বিওএ এটিকে গুরুত্ব দিচ্ছে না। কুস্তি সরাসরি সোনার উচ্চাকাঙ্ক্ষা জানায়নি, তবে ইনিয়ে-বিনিয়ে তারাও সোনার কথা বলেছে সংবাদ সম্মেলনে।একাধিক সোনার কথা বলতে পারল শুধু সাঁতার, অ্যাথলেটিকস, শ্যুটিং। বিশেষ করে সাঁতারের আকাঙ্ক্ষা আরও বেশি। তারা ৩-৪টি সোনা জিততে চায়। সেই সামর্থ্য আছে বলে দাবিও করা হয়েছে। শ্যুটিং সরাসরি দুটি সোনার কথা বলেনি। তবে ঘুরিয়ে-ফিরিয়ে বলেছে, এটা তাদের প্রত্যাশা। এবং সোনা না জেতা হবে তাদের জন্য চরম ব্যর্থতা। শ্যুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেলে ছেলে ও মেয়েদের বিভাগে সোনা আসতে পারে, আবার ভারত শক্তিশালী দল পাঠালে নাও আসতে পারে। তবে সংবাদ সম্মেলনে শ্যুটিং বলেছে, তারা ‘চমক দেখাতে’ প্রস্তুত।চমকের অপেক্ষায় অ্যাথলেটিকস দল। মেয়েদের ১০০ মিটার হার্ডলস সুমিতা দাস ও লং জাম্পে আল আমিন সোনা জিততে পারেন, এমন আশাবাদ ফেডারেশনের। সংবাদ সম্মেলন পর্বে উপস্থিত থেকে বাংলাদেশ দলের শেফ ডি মিশন মিজানুর রহমান মানু সোনার হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন রীতিমতো, ‘প্রেস কনফারেন্সে এ বলে সোনা জিতব, ও বলে আমিও জিতব। এখন তো সবাই সোনা জিততে চায়। জিতলে তো খুবই ভালো।’ একদিকে বিপুল প্রত্যাশা, অন্যদিকে বাস্তবতা। কোনটার জয় হবে শেষ পর্যন্ত?